দক্ষিণ আফ্রিকার বাড়তি প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড্ড বেশি বাজে বল। মারলন স্যামুয়েলস শাস্তিও পেলেন। কাট করে বাউন্ডারি পেয়ে গেলেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকা জিতে নিল কেপটাউনের শেষ টেস্টটা। লক্ষ্য ছিল ১২৪, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়ারা জিতল ৮ উইকেট ও দুই সেশন হাতে রেখেই। আর এতেই নিশ্চিত হলো আমলার হাতে স্যার ভিভিয়ান রিচার্ডস ট্রফিটা ওঠা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কাল শুধু এই সিরিজ জয়ের স্মারকই হাতে নিলেন না, পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও। হাতে নিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ গদা, পকেটে পুরেছেন ৫ লাখ মার্কিন ডলারের চেক।
টেস্ট শ্রেষ্ঠত্বের স্মারক গদা ধরে রাখার জন্য প্রয়োজন ছিল ১ এপ্রিল টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর থাকা। ২-০তে সিরিজ জিতে সেটা নিশ্চিত করেছে ২০১২ সালের আগস্ট থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা দল। নিশ্চিত হয়েছে ওই সময়টায় অস্ট্রেলিয়ার দুই নম্বরে থাকা ও ৩ লাখ ৯০ হাজার ডলার অর্থ পুরস্কার জেতাটাও।
কাল ম্যাচ শেষ হওয়ার পরপরই আমলার হাতে তুলে দেওয়া হয় গদা ও চেক। সাফল্যের স্বীকৃতি পেয়ে আপ্লুত আমলা জয়গান গেয়েছেন টেস্ট ক্রিকেটেরই, ‘২০১৪-১৫ মৌসুমটা টেস্ট ক্রিকেটের দারুণ এক বিজ্ঞাপন ছিল। আমরা টেস্টখেলুড়ে দলগুলোর রোমাঞ্চকর সব লড়াই দেখেছি। এটা তিন ধরনের ক্রিকেটের মধ্যে টেস্টের মর্যাদাটাকেই উঁচু করে তুলে ধরেছে। ব্রিজটাউন, বুলাওয়ে, ঢাকা, গল, লর্ডস, শারজা, মেলবোর্ন; টেস্ট ক্রিকেটের জয়জয়কার ছিল বিশ্বজুড়েই।’ আইসিসি, টেন ক্রিকেট।