দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে গৌরব আছে লজ্জাও

>বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিনবার দেখা হয়েছে বাংলাদেশের। যার একটিতে জিতেছে বাংলাদেশ, দুটিতে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ বিশ্বকাপে পাওয়া বাংলাদেশের একমাত্র জয়টি পুরোপুরি আশরাফুলময়। অন্য দুটি ম্যাচের গল্প ভুলেই যেতে চাইবে বাংলাদেশ।
২০০৩ বিশ্বকাপ; ব্লুমফন্টেইন
অসহায় আত্মসমর্পণ
২৪ বছর পর বিশ্বকাপে ফেরা কানাডার কাছে হেরে শুরু। পরের ম্যাচে শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ম্যাচের প্রথম তিন বলেই তুলে নিলেন হ্যাটট্রিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচটা বৃষ্টি ভেসে যাওয়ার আগে খুব একটা স্বস্তিতে ছিল না বাংলাদেশ। দুর্দশার সেই ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারদের সামনে হাঁসফাঁস করতে করতে অলআউট মাত্র ১০৮ রানে। অধিনায়ক খালেদ মাসুদ (২৯) ও খালেদ মাহমুদ (২৩) কিছুটা প্রতিরোধ না করলে কী হতো কে জানে! বাংলাদেশ ৩৩ রানেই হারিয়েছিল প্রথম ৫ উইকেট। প্রোটিয়ারা ১২ ওভারেই কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩৫.১ ওভারে ১০৮ (মাসুদ ২৯, মাহমুদ ২৩; এনটিনি ৪ / ২৪)। দক্ষিণ আফ্রিকা: ১২ ওভারে ১০৯ / ০ (কারস্টেন ৫২ *, গিবস ৪৯ *)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাখায়া এনটিনি।
২০০৭ বিশ্বকাপ; প্রভিডেন্স, গায়ানা
রাজকীয় আশরাফুল
পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে জয়, সুপার এইটে জায়গা করে নেওয়া, দক্ষিণ আফ্রিকাকে হারানো-২০০৭ বিশ্বকাপে কত সুখের স্মৃতি বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে সুপারম্যান হয়ে উঠেছিলেন মোহাম্মদ আশরাফুল। ৮৪ রানে প্রথম ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকেই আশরাফুলের চোখধাঁধানো ৮৭ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় ২৫১ রান। রান তাড়ায় বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের ঘূর্ণিজালে আটকা পড়ে ১৮৪ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। আবদুর রাজ্জাক (৩), সাকিব আল হাসান (২) ও মোহাম্মদ রফিক (১) মিলে নেন ৬ উইকেট। গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসকে আউট করে প্রোটিয়া ইনিংসের ধসের সূচনা করেছিলেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫১ / ৮ (আশরাফুল ৮৭, তামিম ৩৮, আফতাব ৩৫; নেল ৫ / ৪৫)। দক্ষিণ আফ্রিকা: ৪৮.৪ ওভারে ১৮৪ (গিবস ৫৬ *, ক্যালিস ৩২; রাজ্জাক ৩ / ২৫, রাসেল ২ / ৪১, সাকিব ২ / ৪৯)।
ফল: বাংলাদেশ ৬৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আশরাফুল।
২০১১ বিশ্বকাপ, মিরপুর
৭৮ রানের লজ্জা
কোয়ার্টার ফাইনালে উঠতে জিততেই হতো। কিন্তু বাঁচামরার সেই ম্যাচে বাংলাদেশ কোনো লড়াই-ই করতে পারল না। মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৮৫ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ৭৮ রানেই অলআউট সাকিব আল হাসানের দল। ২৮ ওভার টিকতে পারা বাংলাদেশের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছিলেন মাত্র একজন-সাকিব আল হাসান। ২১ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে এসে ৩০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান নাঈম ইসলাম, রুবেল হোসেন ও মিস্টার এক্সট্রার। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসন ১২ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ১৫ দিন আগে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৮৪ / ৮ (ক্যালিস ৬৯, ডু প্লেসি ৫২, আমলা ৫১; রুবেল ৩ / ৫৬, সাকিব ২ / ৪৬)। বাংলাদেশ: ২৮ ওভারে ৭৮ (সাকিব ৩০; পিটারসন ৪ / ১২, সতসোবে ৩ / ১৪)।
ফল: দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লনওয়াবো সতসোবে।