দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে সাব্বির না মোসাদ্দেক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। প্রথম আলো ফাইল ছবি
সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। প্রথম আলো ফাইল ছবি
>

ওভালে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের ওপেন করার সম্ভাবনা বেশি। সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের মধ্যে বাদ পড়তে পারেন যেকোনো একজন।

বাংলাদেশ দল মাঠে নামার আগে এটাই সবচেয়ে আলোচিত প্রশ্ন—একাদশে থাকছেন কে কে? বিশ্বকাপে আজ প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রশ্নটির জবাব খোঁজার কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। কঠিন—কথাটা বলতেই হচ্ছে, কারণ চোটের আঘাতে কিছুটা বিপর্যস্ত দল। অর্থাৎ মাঠের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখিতে ভালো করতে সঠিক একাদশ গঠনের একটা পরীক্ষাই দিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

ওভালে পরশু অনুশীলনের সময় বাঁ হাতে চোট পাওয়ায় ভয় ধরিয়ে দিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। বিকেলে এক্স-রে করে জানা গেছে, কোনো চিড় ধরা পড়েনি। কাল সকালে ব্যাটিং অনুশীলন করলেও খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। তবে যতটুকু খবর মিলেছে, পুরো স্বচ্ছন্দ হতে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তামিম। সে ক্ষেত্রে ওপেনিংয়ে তামিমের সঙ্গী কে? টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত অনুযায়ী, সৌম্য সরকারের ওপেন করার সম্ভাবনা অনেক বেশি। সাকিব আল হাসান যেহেতু তিনে খেলবেন, তাই কপাল পুড়তে পারে লিটন দাসের। যদিও বাংলাদেশের জার্সি গায়ে তাঁর সর্বশেষ দুটি ইনিংস ৭৩ ও ৭৬ রানের।

চোট নিয়ে দলকে দুশ্চিন্তায় ফেলেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ভারতের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন এ পেস বোলিং অলরাউন্ডার। ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পাশাপাশি ছিলেন পূর্ণ বিশ্রামে। কাল ছিল তাঁর ফিটনেস পরীক্ষা—সেখানে পুরোপুরি উত্তীর্ণ হতে পারেননি সাইফউদ্দিন। আজ সকালে মাঠে তাঁকে আরেকবার পর্যবেক্ষণ করা হবে। খেলার মতো অবস্থায় না থাকলে সাইফউদ্দিনের জায়গায় মাঠে নামবেন রুবেল হোসেন।

অনভিপ্রেত কিছু না ঘটলে একাদশে বাকি জায়গাগুলো মোটামুটি একই থাকার কথা। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হলো সাব্বির রহমান না মোসাদ্দেক হোসেন—এ দুজনের মধ্যে খেলবেন কে? ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্ত খেলা মোসাদ্দেকের ওপর টিম ম্যানেজমেন্টের ভরসা রাখার সম্ভাবনাই বেশি। টিম ম্যানেজমেন্টের এক সদস্য অবশ্য কিছুটা রসিকতার সুরেই বলেছেন, আরে একটু সাসপেন্স থাক না! পরীক্ষার আগে সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে মজা আছে নাকি! সাব্বির দলে সুযোগ না পেলে তাঁর একটু মন খারাপ হওয়াই স্বাভাবিক। ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং করার তেমন একটা সুযোগ পাননি। আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেননি।

অর্থাৎ, তামিম-সৌম্য ওপেনিং জুটি হিসেবে ধরে তিনে সাকিব, চারে মুশফিক, পাঁচে মোহাম্মদ মিঠুন, ছয়ে মাহমুদউল্লাহ, সাতে সাব্বির/মোসাদ্দেক, আটে মেহেদী হাসান মিরাজ, নয়ে মাশরাফি, দশে মোস্তাফিজ আর এগারো নম্বর স্থানটি সাইফউদ্দিন অথবা রুবেল। একাদশে এর বাইরে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। অনেকে অবশ্য মিঠুনকে বসিয়ে সাব্বিরকেও খেলানোর পক্ষে, যদি সাত নম্বরে মোসাদ্দেক সুযোগ পান। তবে যত দূর জানা গেছে, হুট করে বড় কোনো পরিবর্তন এনে দলের সাম্প্রতিক কম্বিনেশন ভাঙার কোনো ইচ্ছা নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘বেস্ট ইলেভেন নিয়ে আমার মনে হয়েছে যারাই সুযোগ পেয়েছে তারাই ভালো করেছে। তবে এর মানে এই না যে আমাদের পুরো পরিকল্পনা থেকে বের হয়ে যেতে হবে। টিম আনসেটেল করার কোনো মানে নেই। আমাদের সমস্যা হচ্ছে যেই ভালো খেলে তাকে দলে নাও। পজিশনের কথা নাই। পজিশন যদি ঠিক না থাকে ফর্মের প্লেয়ার এনে তো লাভ নেই। কে কোন পজিশনে খেলছে সেটা বিচার করতে হবে, ওই পজিশনে সফলতার হার কেমন হবে এগুলো দেখতে হবে।’

মাশরাফি আরও মনে করিয়ে দেন, ‘চিন্তা করতে হবে আমরা কোন মানসিকতা নিয়ে এসেছিলাম বিশ্বকাপে, কোন দলের সঙ্গে খেলা হবে। আর তারা পারফর্ম করেছে কি না, তারা পারফর্ম করলে আমার মনে হয় না এত কিছু চিন্তা করার আছে। টুর্নামেন্ট অনেক বড়, আশা করি সবাই সুযোগ পাবে, নিজেকে প্রমাণের সুযোগ পাবে।’