দক্ষিণ আফ্রিকার মানুষদেরও মন জিতেছে বাংলাদেশ

বড় দল হতে গেলে যে বড় মনের সমর্থকও দরকার, সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিল দক্ষিণ আফ্রিকানরা। বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচে বিশাল ব্যবধানে হেরে সিরিজ হারের পরেও নিজ দেশের ক্রিকেট দলের পাশেই থাকছে তারা। দেশের হারে দুঃখবোধ থাকলেও বিজয়ী বাংলাদেশকেও আন্তরিক অভিনন্দন জানাতে ভুলছে না। দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষদের চোখে ওয়ানডে সিরিজ গেছে যোগ্যতর দলের ঘরেই। সৌম্য, তামিম, মুস্তাফিজ, সাকিবদের ক্রিকেট সত্যিকার অর্থেই হৃদয় জয় করেছে তাদের।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে শেয়ার করা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সিরিজ হারের খবরটির নিচে মন্তব্য এসেছে ঝাঁকে ঝাঁকে। সেখানে ঢুঁ মেরে দেখা গেল, দেশ হেরে গেলেও দেশের খেলোয়াড়দের গালিগালাজ করে একটিও মন্তব্য নেই। বরং সবাই অভিনন্দনে ভাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। অনেকে আবেগভরে লিখেছেন, ‘হার-জিত যা-ই আসুক, প্রিয় প্রোটিয়া ক্রিকেট দলের সঙ্গেই থাকছি আমরা।’
মরনে বার্গস্টেট নামের এক দর্শক পরাজয়ের বেদনা নিয়েই শুভ কামনা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলকে। লিখেছেন, ‘সত্যি কথা বলতে কি, এই সিরিজে সেরা দলটিই জয় পেয়েছে। বাংলাদেশকে এমন পারফরম করতে দেখাটা সত্যিই দারুণ।’
মার্ক নিনো মুগ্ধ বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে, ‘দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। আমি সত্যিই বাংলাদেশি ক্রিকেটের উন্নতিতে মুগ্ধ। বাংলাদেশের উন্নতিটা বিশ্ব ক্রিকেটের জন্য দারুণ এক ব্যাপার।’ বেনি সোলস লিখেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকানরা এখনো প্রোটিয়াদের নিয়ে গর্ব করি। তবে বাংলাদেশের জন্য একটা বড় বাহবা—শাবাশ বাংলাদেশ।’ মাইকেল গেমেল লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকার খুবই উঁচুমানের একটি দলের বিপক্ষে জেতার জন্য বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন। আমরা দাঁড়িয়ে আপনাদের অভিবাদন জানাচ্ছি—স্যালুট। আপনাদের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের জন্যও শুভকামনা রইল। কোনো অজুহাত নেই, সেরা দলটাই জিতেছে। তবে যা-ই হোক না কেন, এখনো প্রোটিয়াদের নিয়ে গর্ব করি।’
সেখানে বাংলাদেশের অনেকেও মন্তব্য করেছেন। বাংলাদেশকে নিয়ে প্রশংসা করা প্রতিটি মন্তব্যে লাইক ও প্রত্যুত্তর দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, দক্ষিণ আফ্রিকা দলকে এমনিতেই ভদ্র ব্যবহারের জন্য বাংলাদেশিরা ভীষণ শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধা বেড়ে গেল আরও। ভারত-পাকিস্তানের সমর্থকদের একটা বড় অংশ যে এভাবে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়াকে গ্রহণ করতে পারেনি, বরং তির্যক মন্তব্য করেছিল, নানা অজুহাত, এমনকি ষড়যন্ত্র পর্যন্ত খোঁজা হচ্ছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ।
বাংলাদেশের কেউ কেউ আত্মসমালোচনাও করে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার জায়গা যদি বাংলাদেশ থাকত, আর এভাবে সিরিজ হারত, তাহলে কি আমরা এই সমর্থকদের মতো আচরণ করতে পারতাম? আমাদের মনে হয় এখান থেকেও শেখার আছে।’ সামিয়া সুলতানা লিখেছেন, ‘প্রোটিয়ারা আমাদের মনে করিয়ে দিল, ক্রিকেট এখনো ভদ্রলোকের খেলা। দক্ষিণ আফ্রিকার জন্যও অভিবাদন ও শ্রদ্ধা।’
দক্ষিণ আফ্রিকার সমর্থকেরাও বলেছেন, যে তীব্র আবেগ দিয়ে বাংলাদেশের মানুষ তাদের দলকে ভালোবাসে, শেখার আছে সেখান থেকেও।