দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩৬৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেছেন কুমার সাঙ্গাকারা। ছবি: রয়টার্স
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেছেন কুমার সাঙ্গাকারা। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার সামনে আছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়ার হাতছানি। জিততে হবে শ্রীলঙ্কা সফরের এই শেষ টেস্টটি। লক্ষ্যটা অবশ্য বেশ কঠিন। ৩৬৯ রান। আজ কলম্বো টেস্টের চতুর্থ দিনে ১৭ ওভার ব্যাট করে একটি উইকেটও হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। স্কোরবোর্ডে জমা হয়েছে ৩৮ রান। শেষ দিনে ৩৩১ রান চাই তাদের। অন্যদিকে এই ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য শ্রীলঙ্কার চাই ৯ উইকেট।
ড্র করার সহজ পথে হাঁটলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিতে পারবে সফরকারী দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ দিনের শেষ পর্যায়ে ডিন এলগার ও কুইনটন ডি কক ইতিবাচক ব্যাটিংই করেছেন। ৩১ বলে ২১ রান করে অপরাজিত আছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। এলগার অবশ্য ধীরস্থির ব্যাটিংই করছেন। অপরাজিত আছেন ১৩ রান নিয়ে। নবম ওভারে মাত্র ৪ রানের মাথায় আলভিরো পিটারসেনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আজ বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে খেলা হয়নি ২২ ওভার। কাল ওভারগুলো পুষিয়ে নিতে ম্যাচ শুরু হবে আগেভাগে।
এর আগে দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। গত ইনিংসে শতক হাঁকানো জয়াবর্ধনে আউট হয়েছেন শূন্য রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ২২৯ রানে আট উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৬৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক।
প্রোটিয়া বোলারদের মধ্যে মরনে মরকেল ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট।