দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৪৮১

বিরাট কোহলিকে চাইলে ‘রক্ষণাত্মক’ অধিনায়ক ভাবতে পারেন। ‘বেরসিক’ও ভাবতে পারেন। কী দরকার ছিল অত কষ্ট করার? ব্যাটসম্যানদের দিয়ে ১৭ ওভার ব্যাটিং করানোর? পুরো সিরিজেই যেখানে দক্ষিণ আফ্রিকা একবারও আড়াই শ পেরোতে পারেনি, তাদের ৪৮১ রানের লক্ষ্য বেঁধে দেওয়ার কী দরকার ছিল? এর চেয়ে একটু ঝুঁকি নিয়ে আরও আগে ইনিংস ঘোষণা করে দিলে ম্যাচটাও হয়তো আরও আগে শেষ হতো। পরিবার, বন্ধু-বান্ধবী নিয়ে শপিং-টপিংয়ে বের হতে পারতেন কোহলিরা।
নাহ, কোহলি রক্ষণাত্মক তো ননই, বেরসিকও নন। বরং যোগ্য অধিনায়কের মতো অপেক্ষা করছিলেন সতীর্থ অজিঙ্কা রাহানের আরও একটি সেঞ্চুরির জন্য। আজ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে রাহানে সেঞ্চুরি পেয়ে যেতে না -যেতেই ইনিংস ঘোষণা করে দিয়েছেন ভারত অধিনায়ক। তাতেই দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়িয়ে গেছে মাউন্ট কিলিমানজারো পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ। জিততে হলে করতে হবে ৪৮১! স্পিন-জুজু, ভারতের পিচ, ইতিহাস— যত ভয় আছে সবকিছুকেই জয় করতে হবে।
কাল দিন শেষেই বোঝা যাচ্ছিল, নিজের ও রাহানের সেঞ্চুরির জন্য অপেক্ষা করবেন ভারত অধিনায়ক কোহলি। কাল দিন শেষে যে সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে ছিলেন কোহলি, রাহানে অপরাজিত ছিলেন ৫২ রানে। কোহলি নিজে অবশ্য পারলেন না। আজ আর মাত্র ৫ রান যোগ করেই অ্যাবটের বলে এলবিডব্লু হয়ে গেছেন।
তবে রাহানে পেরেছেন। এই টেস্টের প্রথম ইনিংসেই পেয়েছিলেন ভারতের মাটিতে প্রথম সেঞ্চুরি। সংখ্যাটাকে ২ করে নিলেন আজ। এর আগে মাত্র চারজন ব্যাটসম্যান ভারতের হয়ে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন - বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি। ঘরের মাটিতে এই ছোট্ট ব্র্যাকেটে নিজের নামটি জড়িয়ে নিলেন রাহানেও। ‘হোম অ্যাডভান্টেজ’ কীভাবে তুলে নিতে হয়, তা রাহানের কাছ থেকেই শিখে নিতে হবে!
কোহলি আউট হয়ে যাওয়ার পর ঋদ্ধিমান সাহাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন রাহানে, যাতে সাহার অবদান ২৩। এই জুটির কল্যাণেই ইনিংস ঘোষণা দেওয়ার সময় ভারতের রান দাঁড়াল ২৬৭। তাহিরের বলে ১ রান নিয়ে রাহানে সেঞ্চুরি পূরণ করতেই ইনিংস ঘোষণা করে দিয়েছেন কোহলি। অবশ্য দক্ষিণ আফ্রিকার সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে ততক্ষণে। প্রোটিয়াদের বিপক্ষে বেঁধে দেওয়া লক্ষ্যের মধ্যে এই ৪৮১-ই ভারতের সর্বোচ্চ।
'পাহাড়' ডিঙানোর চ্যালেঞ্জে প্রথমেই হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখার সময়েই তারা হারিয়েছে ওপেনার ডিন এলগারের উইকেট। ৪ রান করে অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এলগার।