দক্ষিণ আফ্রিকার শক্তি আইপিএল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে খেলে উপমহাদেশের কন্ডিশন এখন ‘খুব চেনা’ প্রোটিয়াদের। ছবি: এএফপি
আইপিএলে খেলে উপমহাদেশের কন্ডিশন এখন ‘খুব চেনা’ প্রোটিয়াদের। ছবি: এএফপি

ডেভিড আর গোলিয়াথের গল্পের কথা খেয়াল আছে? বাইবেলের এই গল্পে বালক ডেভিডের দৈত্য বধ আর কারও জানা থাকুক আর নাই থাকুক বাংলাদেশের ক্রিকেটানুরাগীদের সবার জানা। নর্দাম্পটনের সেই পাকিস্তান বধ থেকেই শুরু, এরপর থেকেই যেকোনো সিরিজে, যেকোনো খেলার আগেই এদেশের দর্শক, ক্রিকেট বিশেষজ্ঞরা একবার হলেও এই কাহিনি মনে করে সাহস নিত। ক্রিকেট মাঠে এরপর থেকে বাংলাদেশের যত সাফল্য, তার প্রতিটির সঙ্গেই তুলনীয় হয়েছে ডেভিডের গোলিয়াথ-বধের।
‘হঠাৎ পাওয়া জয়ে’র সেই দিনগুলো অবশ্য বাংলাদেশ বেশ পার করে এসেছে। ক্রিকেটের মাঠের ‘বড় ভাই’ভাইয়েরা এখন নিয়মিতই হারে বাংলাদেশের কাছে। অনেকেই বাংলাদেশের কাছে পেয়েছে ধবলধোলাইয়ের লজ্জা। বাংলাদেশের সঙ্গে খেলতে নামার আগে প্রতিপক্ষের কাপ্তানের কণ্ঠেও এখন থাকে আগের চেয়ে অনেক বেশি সমীহ। ‘বাংলাদেশকে আমরা হালকাভাবে নিচ্ছি না’-এ ধরনের গৎবাঁধা বাক্য অধিনায়কেরা আওরান আন্তরিক বিশ্বাস নিয়ে।
বিশ্ব ক্রিকেটের সব প্রতিপক্ষই এখন আমাদের খুব চেনা। কিন্তু ক্রিকেটে বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকা চিররহস্যেরই এক নাম। এই দলটির সঙ্গে যে খুব একটা পেরে উঠি না আমরা। ২০০৭ বিশ্বকাপের গায়ানার সেই গৌরবকে এ পাশে সরিয়ে রাখুন। ওটাকে ডেভিডের গোলিয়াথ-বধের পর্যায়েই রাখুন। কিন্তু এর বাইরে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের জন্য বেশ কঠিনই।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক ময়দানে ২৪ বার মুখোমুখি হয়ে জয় মাত্র ১টি। পরিসংখ্যানের দিক থেকে আমাদের অবস্থা অস্ট্রেলিয়ার সঙ্গে অবশ্য আরও খারাপ। কিন্তু অস্ট্রেলিয়া মাঝে মাঝেই বাঘের হুংকার শুনেছে। বেশ কয়েকবারই তাদের ঘাম ছুটিয়েছে আমাদের বাঘেরা। কেবল দুর্ভাগ্য আর অনভিজ্ঞতা পিছু টান না দিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আসতে পারত বেশ কয়েকটিই।
কিন্তু প্রোটিয়ারা যেন সব সময় আমাদের ধরাছোঁয়ার বাইরে। এই একটা দলের বিপক্ষেই আমাদের খেলার ধরন কিংবা পরিসংখ্যান সবকিছুই হতাশাজনক। আর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ খেলেছে সেই ২০১১ -তে। সেই খেলার স্মৃতি নিশ্চয় এখনো পোড়ায় আমাদের খেলোয়াড়দের। দক্ষিণ আফ্রিকা চার বছর পর আবার বাংলাদেশে, তিন ফরম্যাটেই সিরিজ খেলবে তারা। ইতিমধ্যে একটা প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নাকানিচুবানি খাইয়ে তারা তাদের মনোভাবও জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন মূল সিরিজে কী ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা!
দক্ষিণ আফ্রিকা আর উপমহাদেশের উইকেট আর মাঠে আকাশ-পাতাল তফাৎ। এই কিছু দিন আগেও দক্ষিণ আফ্রিকা উপমহাদেশে খেলতে আসলে তাদের পেছনে একগাদা স্পিনার লেলিয়ে দিয়ে ফায়দা লোটার চেষ্টা হতো। কিন্তু সময় পাল্টে গেছে। উপমহাদেশের স্পিনিং উইকেটকে এখন আর ভয় পায় না দক্ষিণ আফ্রিকা। এই উপমহাদেশের কন্ডিশন যে হাতের তালুর মতোই চেনা প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা উপমহাদেশ-ভীতি জয় করেছে আইপিএলের কল্যাণেই। অর্থকরী এই টি-টোয়েন্টি লিগের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই এখন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের আধিপত্য। কী বোলিং, কী ব্যাটিং! ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়কদের আশা-ভরসার কেন্দ্রস্থলই তাঁরা। ডেইল স্টেইন, মরকেল ভ্রাতৃদ্বয়, তাহির, ম্যাকলারেনদের উইকেট নেয়ার ক্ষমতাই তাদের আইপিএলের সবচেয়ে আকাঙ্ক্ষিত বোলারদের কাতারে শামিল করেছে। এই আইপিএলে খেলার কারণেই দক্ষিণ আফ্রিকান বোলাররা এখন উপমহাদেশের পিচে অনেক বেশি অভ্যস্ত। আইপিএল পূর্ব আর আইপিএল পরবর্তী সময়ে উপমহাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকানদের পরিসংখ্যানে এর প্রভাবটা দেখা যায় খুব স্পষ্ট ভাবে। আইপিএলের ২০১৫ মৌসুমেই দখিন আফ্রিকার ১৬ জন খেলোয়াড় ছিল আইপিএলের বিভিন্ন দলে। তার ১১ জনই বাংলাদেশ সফরের বিভিন্ন দলে আছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, আইপিএলে খেলা ১৬ জনের মধ্যে ১২ জনই তাদের বোলিং এর জন্য নিজ নিজ দলে ডাক পেয়েছেন। তাই উপমহাদেশের মাটি এখন প্রোটিয়া খেলোয়াড়দের খুব আপন।
মজার কথা হচ্ছে, এই উপমহাদেশের মাটিতেও কিন্তু রাজত্ব করছে দক্ষিণ আফ্রিকান পেসাররাই। টি-টোয়েন্টি দলে যারা খেলছেন তাদের মধ্যে পারনেলেরই কেবল আছে উপমহাদেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। ওয়ানডেতে অবশ্য গল্পটা ভিন্ন, মরকেল আর ম্যাকলারেনের মতো পেসারদের সঙ্গে ‘উপমহাদেশীয়’ বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়মিতই ঘোল খাইয়েছেন এই উপমহাদেশের মাটিতে। ডেল স্টেইনের কথা ভুলে গেলে চলবে কেন! এই ফাস্ট বোলার যখন বল করেন, তখন তো খেলা কোথায় হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলে দেয় সবার মনে। মরকেলের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। কিন্তু চমকে উঠতে হয় জেপি ডুমিনির রেকর্ড দেখে। ক্রিকেটের তিন ফরম্যাটেই উইকেট-শিকারিদের তালিকায় আছেন এই অফ স্পিনার। আপাতদৃষ্টিতে তাঁর স্পিনটা ‘নির্বিষ’ মনে হলেও তাঁর বোলিং কিন্তু প্রায়ই সর্বনাশের কারণ হয়েছে অনেকের জন্যই।
তবে একটি পরিসংখ্যান আশা দেখাতে পারে বাংলাদেশকে। গত চার বছর উপমহাদেশে দক্ষিণ আফ্রিকার খেলা টেস্টের সংখ্যা মাত্র চারটি। এই দলের বিপক্ষে উপমহাদেশীয় কন্ডিশনের পূর্ণ সদ্ব্যবহারের আশা বাংলাদেশ করতেই পারে! কিন্তু আইপিএল বোধ হয় মাশরাফি-হাথুরু থিংকট্যাংককে একটু অন্য ভাবনা ভাবতে বাধ্য করতে পারে!