দক্ষিণ আফ্রিকার হার

জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজছিলেন কিউই ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের বোলিংয়ের সামনে সেদিন দাঁড়াতেই পারেননি তাঁরা। বৃষ্টির দরুন খেলার কোনো ফলাফল না এলেও নিজেদের বাজে পারফরম্যান্সে অস্বস্তিতে ছিল স্বাগতিকেরা। কিন্তু নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আবার ছন্দে ফিরেছে এবারের আসরের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ড। আজ প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ৩৩১ রানের বড় সংগ্রহ করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪ দশমিক ২ ওভারে মাত্র ১৯৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।
টসে জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে ৫৯ রান। পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ছিল আরও একটি, ফিল্যান্ডারের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে উইলিয়ামসন যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে তাঁর নামে স্কোরকার্ডে যোগ হয়েছে ৬৬ রান। মিডল অর্ডারে সবাই মোটামুটি রান পেয়েছেন। প্রোটিয়ারা আজ বল করিয়েছে স্কোয়াডে থাকা প্রায় সব বোলারকে, তবে বিশ্রামে ছিলেন ডেল স্টেইন। ফিল্যান্ডার, অ্যাবট ও পারলেন প্রত্যেকে পেয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফাঙ্গিসো ও ডুমিনি। সাত ওভার বল করেও কোনো উইকেট পাননি মরনে মরকেল ও ইমরান তাহির। ফাফ ডু প্লেসিস বল করেছেন তিন ওভার, তবে তিনিও উইকেটশূন্য ছিলেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। কিউই বোলিংয়ে প্রায় উড়ে যান দক্ষিণ আফ্রিকার টপ অর্ডাররা। অধিনায়ক ডি ভিলিয়ার্স ছাড়া কেউই ২০-এর ঘর পার করতে পারেননি। শতরানের আগেই দক্ষিণ আফ্রিকা হারায় ৬টি উইকেট। তবে প্রোটিয়াদের দ্রুত পতন আটকে দেন ডুমিনি ও ফিল্যান্ডার। ৭ম উইকেট জুটিতে আসে ১২১ রান। ডুমিনির ব্যাক্তিগত খাতায় যোগ হয় ৮০ রান। ফিল্যান্ডারার ফিরে যান ৫৭ রান করে। বাকীদের ব্যর্থতায় ১৯৭ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংন। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। ভেট্টোরি ও ম্যাকলেনাহান নিয়েছেন ২টি করে উইকেট। সাউদির ঝুলিতে যোগ হয়েছে একটি।