দক্ষিণ আফ্রিকায় ছোটদের জয়
মিরপুরে বড়রা যেটা করতে পারলেন না, ডারবানে সেটাই করে দেখালেন ছোটরা। হারিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফিদের হারের দিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৪ রান তোলে প্রোটিয়া যুব দল। জবাবে ৩২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। গত এপ্রিলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ৬-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানো বাংলাদেশ তাদের মাটিতেও ফিরতি সিরিজটা শুরু করল দারুণভাবে।
দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি। সবচেয়ে বড় জুটিটা সপ্তম উইকেটে, ৪৮ রানের। জবাবে দুই ওপেনার জয়রাজ শেখ ও পিনাক ঘোষ মিলেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন বাংলাদেশের। উদ্বোধনী জুটিতেই ওঠে ১৩৫ রান। এই দুজনের বিদায়ের পর আর কোনো বিপদ হতে দেননি নাজমুল হোসেন ও অধিনায়ক মেহেদী হাসান।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৮৪/৯ (মুল্ডার ৬২, মুনস্যামি ২৭; হালিম ৩/২২, মেহেদী ২/২৭, মোসাব্বেক ১/২৭, সালেহ ১/৩৪, মেহেদী রানা ১/৩৪)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৪.৪ ওভারে ১৮৫/২ (জয়রাজ ৫০, পিনাক ৬০, নাজমুল ২৩, মেহেদী ১৫; ফক্সক্রফট ১/৩১, গ্যালিয়েম ১/৪৩)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: পিনাক ঘোষ।