দমে যাননি আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দমে যাওয়ার মানুষ তিনি নন। ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকবারই ঘুরে দাঁড়িয়েছেন। পরশু করাচিতে হামলার শিকার হলেও হাল ছাড়ছেন না পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম। ঘোষণা দিয়েছেন, চালিয়ে যাবেন বোলিং শিবির।
ওয়াসিম আকরামের গাড়িতে গুলিবর্ষণের ঘটনা কোনো সন্ত্রাসী হামলা নয়, আগেই এটি নিশ্চিত করে করাচির পুলিশ জানিয়েছিল ‘রাস্তার রেষারেষি’ থেকেই ঘটনার সূত্রপাত। সর্বশেষ খবর, এখনো হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও জানিয়েছে, হামলায় ব্যবহৃত জব্দ করা গাড়িটি উজায়ের আহমেদ নামক এক ব্যক্তির নামে নিবন্ধিত। হামলার পরও আকরাম করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পেস বোলিং শিবির চালিয়ে গেছেন। ১ আগস্ট শুরু হওয়া পেস বোলিং শিবিরটি চলবে ১৩ আগস্ট পর্যন্ত। পিসিবির এক মুখপাত্রের ভাষ্য, ‘ওয়াসিম আকরাম একটা ধাক্কা খেলেও ঠিক আছেন। তিনি করাচিতেই থাকছেন এবং ন্যাশনাল স্টেডিয়ামে বোলারদের শিবির পরিচালনা করবেন।’ আকরামের ওপর হামলার ঘটনায় উদ্বেগও ঝরেছে তাঁর কণ্ঠে, ‘গতকাল (পরশু) তাঁর সঙ্গে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না। কিন্তু ওয়াসিম শিবিরটি চালিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
পাকিস্তানের হয়ে রেকর্ড ৪১৪টি টেস্ট ও ৫০২টি ওয়ানডে উইকেটশিকারি ওয়াসিম ও তাঁর স্ত্রী শানেইরা আকরাম উদ্বিগ্ন সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন। ডন, এআরওয়াই নিউজ।