দরজায় বাবার কড়া নাড়ার শব্দ পাচ্ছেন ওয়ার্নের ছেলে

ছেলে জ্যাকসনের সঙ্গে ওয়ার্নছবি : ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালান বোর্ডার গুমরে কাঁদছেন যে শেন ওয়ার্নের সঙ্গে আর কোনো দিন তাঁর দেখা হবে না। সাবেক সতীর্থকে বিদায়ের অঞ্জলি দিতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি রিকি পন্টিং। ওয়ার্নের অকালবিদায়ে আসলে কাঁদছে পুরো ক্রিকেট-বিশ্বই। একজন মহাতারকার বিদায়ে শোকস্তব্ধ সবাই। প্রিয় তারকা আর প্রিয় সতীর্থকে হারানোর বেদনা তো এমনই হয়।


তাহলে প্রিয় বাবা বা স্নেহের সন্তান হারানোর কষ্টটা কেমন! সেটি আসলে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো অনুভবও করা যায় না।

প্রিয়জনকে হারানোর বেদনা প্রিয়জনদের কাছে একান্তই তাদের নিজেদের। ওয়ার্নের তিন সন্তান, তাঁর সাবেক স্ত্রী, তাঁর মা-বাবা; সবাই শোকের সাগরে ভাসছেন। ওয়ার্নের পরিবারের সদস্যদের শোকের কথা আজ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর দীর্ঘ সময়ের ম্যানেজার জেমস এরসকাইন।


সিমোনে কালাহানের সঙ্গে ওয়ার্ন গাঁটছড়া বেঁধেছিলেন ১৯৯৫ সালে। ১০ বছরের সংসার ছিল দুজনের। ১৭ বছর আগে, ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আগে তাঁদের ঘর আলো করে আসে তিন সন্তান—সামার ওয়ার্ন, ব্রুক ওয়ার্ন ও জ্যাকসন ওয়ার্ন। কালাহানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও তিন সন্তানের সঙ্গে কিংবদন্তি স্পিনারের যোগাযোগ ছিল সব সময়। বাবা হিসেবে কখনো নিজের দায়িত্বে অবহেলা করেননি ওয়ার্ন।

সাবেক স্ত্রী সিমোন কালাহানের সঙ্গে
ছবি : টুইটার

একজন দায়িত্ববান বাবাকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন ওয়ার্নের তিন সন্তান। বাবার এভাবে হঠাৎ চলে যাওয়া মানতেই পারছেন না জ্যাকসন। তাঁর বিশ্বাসই হচ্ছে না, বাবা আর নেই! এরসকাইন বলেছেন, ‘তিন সন্তানই শোকে হতবিহ্বল। আমি গতকালের পর আজও ওদের সঙ্গে কথা বলেছি। জ্যাকসন আমাকে বলেছে, “আমাদের তো মনে হচ্ছে এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন। ঘটনাকে আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো।”’


স্বামীর সংসার ছেড়েছেন প্রায় দেড় যুগ। তারপরও সাবেক স্বামীর মৃত্যু ক্ষতবিক্ষত করছে কালাহানের হৃদয়ও। ঝড় বয়ে যাচ্ছে তাঁর ওপর দিয়েও।

বাবার সঙ্গে আর কখনো দেখা হবে না জ্যাকসনের
ছবি : ইনস্টাগ্রাম

ওয়ার্নের মৃত্যুতে কালাহানের প্রতিক্রিয়া কী, এটা জানাতে গিয়ে এরসকাইন বলেছেন, ‘আমি সিমোনের সঙ্গে কথা বলেছি। সে একদম ভেঙে পড়েছে।’ ওয়ার্নের বাবা কিথের অবস্থাও একই, ‘এমনিতে শেনের বাবা কিথ মানসিক দিক থেকে শক্ত একজন মানুষ। কিন্তু অন্য সবার মতো তিনিও ভেঙে পড়েছেন।’ শোকস্তব্ধ হয়ে পড়েছেন ওয়ার্নের মাও।


অপ্রত্যাশিত মৃত্যু মানুষকে তো ভেতর থেকে ভেঙে দিয়ে যাবেই। এরসকাইনও বললেন, ‘একটি হঠাৎ ও অপ্রত্যাশিত মৃত্যুতে স্বজনদের মনের অবস্থা এমনই হয়। সন্তানেরা প্রতিদিনই তাদের বাবার সঙ্গে কথা বলত। এক দিন কথা না হলেও ওরা বাবাকে নিয়ে দুশ্চিন্তা করত।’ সেই বাবার সঙ্গেই আর কখনো দেখা হবে না জ্যাকসন, সামার ও ব্রুকের। কখনো আর কথাও হবে না। কে জানে, এখন থেকে হয়তো প্রতিটি দিনই দরজায় বাবার কড়া নাড়ার শব্দ কানে আসবে জ্যাকসনের!