দর্শকেরাই আউট করলেন মার্শকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিভিউয়ের অপেক্ষায় মার্শ-ম্যাককালামরা
রিভিউয়ের অপেক্ষায় মার্শ-ম্যাককালামরা

বোলার সেভাবে আবেদন করেননি, ফিল্ডাররাও খুব একটা উৎসাহ দেখাননি। আম্পায়ার তো ব্যাপারটা এড়িয়েই গিয়েছিলেন। কিন্তু বাদ সাধলেন দর্শকেরা। বড় পর্দায় যখন দেখা গেল ওটা আসলে আউট ছিল, দর্শকেরা শুরু করলেন তুমুল শোরগোল। শেষ পর্যন্ত একরকম ‘গণদাবির’ মুখেই রিভিউ নিতে বাধ্য হন আম্পায়ার। আর তাতেই সাজঘরে ফিরতে বাধ্য হলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান মিচেল মার্শ!

ব্যতিক্রমী এই ঘটনা চ্যাপেল-হ্যাডলি সিরিজের তৃতীয় ম্যাচের ঘটনা এটি। নিউজিল্যান্ডের ২৪৬ রান তাড়া করে অস্ট্রেলিয়া তুলে ফেলেছিল ৫ উইকেটে ১৬৪। জয়ের জন্য দরকার ছিল ৯৮ বলে ৮৩। মিচেল মার্শকে বল করছিলেন ম্যাট হেনরি। ৩৪ ওভারের চার নম্বর বলে মার্শের ব্যাট থেকে আসা বলটি ধরেন হেনরি। প্রথমে মনে হয়েছিল, বলটা মাটিতে পড়েই হেনরির কাছে গিয়েছে। হেনরিও মৃদুস্বরে ‘হাউজ দ্যাট’ বলেই ক্ষান্ত দিয়েছিলেন। কিন্তু কে জানত, নাটকের তখন মাত্র শুরু!

বড় পর্দায় রিপ্লে দেখানোর পর সকলে আবিষ্কার করেন, বলটা আসলে মাটিতে লাগেনি, মার্শের বুটে পড়ে তা গিয়েছিল হেনরির কাছে। তার মানে, মার্শ আউট! কিন্তু আম্পায়ার তো আউট দেনইনি; নিউজিল্যান্ডও রিভিউ চায়নি।

ওদিকে রিপ্লেটা বড় পর্দায় দেখানোর পর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয়ে গেছে তুমুল হইচই। দর্শকদের চিৎকার আরও উচ্চগ্রামে পৌঁছুলে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বিষয়টি নিয়ে কথা বলেন আম্পায়ার ইয়ান গোল্ডের সঙ্গে। গোল্ড টেলিভিশন আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্তটা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেন। তাতে মার্শকে আউট ঘোষণা না করে উপায় ছিল না টেলিভিশন আম্পায়ারের। কিন্তু এমনভাবে আউট হওয়া মানবেন কেন মার্শ? বেশ হতাশার সঙ্গেই মাথা নাড়তে নাড়তে তিনি হাঁটা ধরেন প্যাভিলিয়নের পথে। টেলিভিশন ক্যামেরায় ধরা অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের অভিব্যক্তিও বলে দিচ্ছিল, সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি।

পরে ম্যাচ শেষে ‘জনতার আউটের’ বিপক্ষে স্মিথ নিজের অবস্থানটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় না, সিদ্ধান্তটা এভাবে নেওয়া উচিত ছিল। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ওটা আউট ছিল বলে বিশ্বাস করেছে বলেও আমার মনে হয় না। আমি মনে করি, পরের বলটা হওয়ার আগে রিপ্লে দেখানোর দরকার ছিল না। এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়াও উচিত নয় বলে আমি মনে করি।’ মার্শের ওই আউট নিয়ে স্মিথের হতাশা থাকতেই পারে। ওই সময় মার্শ আউট না হলে হয়তো ম্যাচটা হারতে হয় না। শেষ পর্যন্ত ৫৫ রানে ম্যাচটা হেরে সিরিজই খুইয়েছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম অবশ্য দাবি করেছেন, হেনরি বলটি ধরার সঙ্গে সঙ্গেই আবেদন করেছিলেন। আম্পায়াররাও নাকি ব্যাপারটা নিশ্চিত হয়েই রিভিউয়ের দ্বারস্থ হয়েছিলেন। তবে বিদায়ী কিউই অধিনায়কের হতাশাটা অন্য জায়গায়, চ্যাপেল-হ্যাডলি সিরিজে এ রকম দুর্দান্ত একটা জয়ে উটকো এক বিতর্ক এসে বাগড়া দিল। নিজের শেষ ম্যাচে ম্যাককালাম নিশ্চয়ই এ রকম কিছু চাননি!