দল নিয়ে গেইল-স্যামিদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের ঝামেলা চলে আসছে অনেক আগে থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটি একপাশে সরিয়ে রেখেই খেলেছিলেন স্যামিরা। বাকিটা ইতিহাস। কিন্তু শিরোপাজয়ী দলের ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল আগামী জুনে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম চার ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ দলে নেই। কিন্তু যে যুক্তিতে এই চারজন বাদ পড়েছেন, কাইরন পোলার্ড ও সুনীল নারাইনের ক্ষেত্রে সেটি কাজ করেনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে পরিষ্কার একটা বিভক্তি সৃষ্টি হয়েছে। গেইল-ব্রাভোরা বোর্ডের দল নির্বাচনী নীতির সমালোচনায় মুখর।
জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া নাগিকো সুপার ফিফটিতে খেলেননি গেইল, ব্রাভো, স্যামি। ওই সময় তিনজন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে ব্যস্ত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড শর্ত দিয়েছিল, সুপার ফিফটিতে না খেললে দলে নেওয়া হবে না। কিন্তু পোলার্ড-নারাইন ওই টুর্নামেন্টে না খেলেও দলে ডাক পেলেন। পোলার্ড অবশ্য ওই সময় চোট থেকে সেরে উঠছিলেন। আর নারাইন বোলিং অ্যাকশন ঠিক করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
গেইলদের কথা, তাঁরা বাদ পড়লে নারাইন-পোলার্ডেরও দলে থাকার কথা নয়। ব্রাভো সমালোচনার তির ছুড়েছেন নির্বাচকদের দিকে, ‘ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকেরা হচ্ছে সবচেয়ে বড় কৌতুক। যারা একটু আগেই দলের জন্য যথেষ্ট ভালো ছিল না, এখন তারা ত্রিদেশীয় সিরিজে জায়গা পাচ্ছে। আর আমাদের একবার বলা হলো আমরা ঘরোয়া সুপার ফিফটিতে খেলিনি বলে বাদ পড়েছি। পরে জানা গেল কারণ সেটা নয়। হাস্যকর!’
স্যামি প্রশ্ন করেছেন পোলার্ডকে, ‘পোলার্ড, দলে জায়গা পাওয়ায় তোমাকে অভিনন্দন। কিন্তু আমাকে বুঝিয়ে বলো ২০১৪ সালের পর কোনো ওয়ানডে না খেলে বা সুপার ফিফটিতে না খেলে তুমি কীভাবে সুযোগ পেয়ে গেলে?’
গেইলও বোর্ডকে একটা খোঁচা দিয়েছেন, ‘আগে পোলার্ডকে বাদ দেওয়া হলো, সুযোগই দেওয়া হলো না। এখন নিশ্চয়ই বোর্ড বলবে তার আসলে চোট ছিল ইত্যাদি। নারাইনকে বোর্ডই সুপার ফিফটিতে খেলতে দিল না, এখন আবার তাকে দলে নিল!’ পোলার্ড টুইটারের উত্তরে গেইলদের সঙ্গে রসিকতাই করেছেন।
কিন্তু এই রসিকতা কি থামাতে পারবে গেইল-স্যামিদের ক্ষোভের আগুন? ক্রিকইনফো।