দল নির্বাচন করেন কে?
বিসিবির নিজস্ব ফর্মুলায় তৈরি বর্তমান জাতীয় দল নির্বাচনপ্রক্রিয়ায় বহু মানুষের উপস্থিতি। তিন নির্বাচক আছেন। কোচ, ম্যানেজার আছেন। কিন্তু তাঁদের মধ্যে মতভেদ এতটাই যে, সবার কাজের সমন্বয় করতে প্রয়োজন পড়ছে আরও একজনের—ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তবু ছয় মাথা একসঙ্গে হয়েও পারছে না ঠিকঠাকভাবে দল গঠন করতে। সে জন্য স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসানও এখন ‘নির্বাচক’।
সভাপতির সম্পৃক্ততা এড়াতে দ্বিস্তরবিশিষ্ট নির্বাচক কমিটি করার পরও এটাই আসলে সত্যি। কলম্বোয় কাল সাংবাদিকদের নাজমুল হাসান নিজেই আবারও এ রকম ধারণা দিয়েছেন। মাহমুদউল্লাহকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নাকি কোচ চন্ডিকা হাথুরুসিংহের নয়, তাঁর। বিসিবি সভাপতি যোগ করেছেন, দলে আরও পরিবর্তন আসতে পারত। তিনিও সে কারণেই কলম্বোয় ছুটে গেছেন। লিটন দাস চোটে পড়ায় সেই পরিবর্তনটা করা যায়নি।
দল নির্বাচনে বিসিবি সভাপতির হস্তক্ষেপ নতুন কিছু নয় এবং সেটা এখন আর গোপন কিছুও নয়। কাল যে রকম বললেন, সে রকম আগেও অনেক উপলক্ষে তিনি তা বলেছেন। এ ধরনের কথাবার্তা বাংলাদেশের ক্রিকেটে গা-সওয়া হয়ে গেছে।
কিন্তু সভাপতির জন্য না হোক, নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কিছু মানুষের জন্য এটা বিব্রতকর। সভাপতি যখন বলে দেন, ‘অমুককে তো আমি বাদ দিয়েছি’, তখন প্রধান নির্বাচক এবং তাঁর নির্বাচক কমিটির বাস্তবিক কোনো অস্তিত্বই থাকে না। তাঁরা যে আসলে পুতুল, সেটা প্রমাণ হয়ে যায়। বিসিবির নির্বাচক কমিটিতে এখন দুজন সাবেক অধিনায়ক আছেন। সারা জীবন ধরে অর্জিত মান-মর্যাদার কথা চিন্তা করে তাঁরা নিশ্চিত এই ‘পুতুল’ পরিচয়টি গ্রহণ করতে চাইবেন না। কিন্তু না চাইলেই বা কী!
দল নির্বাচন নিয়ে সর্বশেষ গুঞ্জন, মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতামত না নিয়ে। তবে বিসিবি সভাপতির হস্তক্ষেপে সেই দলও টেকেনি। মাহমুদউল্লাহকে বাদ দিয়ে দল নির্বাচন করে তারপর সেটি নির্বাচকেরা অধিনায়ককে জানান। পরের ঘটনা সবার জানা। নির্বাচকদের ১৫ সদস্যের দল রাতারাতি হয়ে গেল ১৬ সদস্যের। সেটাও বোর্ড সভাপতির হস্তক্ষেপে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, মাশরাফির সঙ্গে কথা বলেই ওয়ানডের দল করা হয়েছে। তবে দ্বিতীয় টেস্টের দল থেকে মাহমুদউল্লাহকে বাদ দেওয়া নিয়ে সভাপতির বক্তব্যের ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এ মুহূর্তে আসলে কার ইশারায় চলছে, সেটি ধোঁয়াশায় ঢাকা। একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত, ক্রিকেট পরিচালনার হৃৎপিণ্ড হওয়ার কথা যাঁদের, বিসিবির সেই ক্রিকেট পরিচালনা বিভাগের ভূমিকা এখানে অনেকটাই আজ্ঞাবহের মতো। ‘কর্তা’ যা বলবেন, তাঁদের কাজ শুধু তাতে মাথা ঝাঁকানো।
প্রশ্ন হলো, এই ‘কর্তা’ আসলে কে? নাজমুল হাসান যেহেতু বিসিবির সভাপতি, তিনিই দণ্ডমুণ্ডের কর্তা। তবে বিসিবির সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য থেকে শুধু জাতীয় দল পরিচালনার অংশটুকু সেচে আনলে বোধ হয় রাজমুকুটটা কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাথায়ই শোভা পাবে।
জাতীয় দলের ভালোর জন্যই কিছু কিছু ক্ষেত্রে কোচের স্বাধীনতার দরকার আছে। কিন্তু সেই স্বাধীনতা ক্ষমতার দম্ভ হয়ে প্রকাশ পেলেই সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেট এখন সেই সমস্যায় আক্রান্ত। যার পার্শ্বপ্রতিক্রিয়া, কলম্বোর শততম টেস্টে নেই মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। এমনও শোনা যাচ্ছে, না-ও থাকতে পারতেন অধিনায়ক মুশফিকুর রহিম!
হ্যাঁ, বিস্ময়কর হলেও এটাই সত্যি। টেস্টে সর্বশেষ ছয় ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি ৮৫ রানের ইনিংসসহ ৪৪১ রান করা মুশফিককেও নাকি বাদ দেওয়ার পরিকল্পনা ছিল কলম্বো টেস্টের দল থেকে। বিসিবি সূত্রের খবর, সভাপতি কাল আরও বড় পরিবর্তন বলতে এটাই বুঝিয়েছেন।
দলের অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেওয়ার যে মহাপরিকল্পনা নিয়ে কোচ এগোচ্ছেন, তাতে বাংলাদেশ দল আবার ‘কচিকাঁচার আসর’ হয়ে যেতে পারে। বিসিবি সূত্রের তথ্য, হাথুরুসিংহের পরবর্তী লক্ষ্য মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টির দলে মাশরাফিকে প্রয়োজন নেই জানিয়ে বোর্ডের উচ্চপর্যায়ে অলিখিত ‘নোট’ও নাকি পাঠিয়েছেন কোচ। টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক খোঁজার পরামর্শ দিয়েছেন। এটি কোচের সর্বশেষ পরিকল্পনার শেষ অংশ, যার শুরুটা ছিল আরও ভয়াবহ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মাশরাফির সঙ্গে সাকিব-মুশফিকদেরও বাদ দিয়ে খেলা যায় কি না, সে রকম চিন্তাও ছড়িয়ে দিতে চেয়েছেন হাথুরুসিংহে।