দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওয়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশ্, শেষ ম্যাচে যদি বিরাট কোহলি অমন অতিমানব না হয়ে দাঁড়াতেন! অস্ট্রেলিয়ার এই আফসোসটা কখনো যাবে না। তবে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন বলছেন, আসলে কোহলির কাছে নয়, দল নির্বাচনে ভুল করেই হেরে গেছে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ওয়ার্ন এ জন্য নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকেই কাঠগড়ায় তুলছেন, ‘আমাদের নির্বাচনেই গলদ ছিল। পরীক্ষিত একটা দলের ওপর ভরসা না রেখে আমরা সব গুবলেট করে ফেলেছি। এ জন্যই আমরা ভালো করতে পারিনি, এটাই নির্মম সত্যি।’ কিন্তু ঠিক কোন জায়গায় ভুলটা হয়েছে? ওয়ার্ন বলছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ জুটি ফিঞ্চ-ওয়ার্নারকে বিচ্ছিন্ন করে ফেলাটা দলকে ভুগিয়েছে, ‘আমার মনে হয় না ফিঞ্চ ও ওয়ার্নারকে আলাদা করে ফেলাটা ঠিক হয়েছে। আমার মনে হয় এটা দলের ভারসাম্য নষ্ট করছে। ওরা দুজনই অনেক দিন ধরে একসঙ্গে ব্যাট করছে। টি-টোয়েন্টিতে তারা ভালো করেছে, ওয়ানডেতেও। এর পর হঠাৎ করে তাদের আলাদা করে ফেলা হলো।’
টি-টোয়েন্টিতে ওয়ার্নার-ফিঞ্চ অনেক দিন ধরে একসঙ্গে ওপেন করলেও এই বিশ্বকাপে দুটি ম্যাচে ওপেন করেছেন খাজা ও ওয়াটসন। প্রথম দুই ম্যাচে বসিয়ে রেখে ফিঞ্চকে দিয়ে ওপেন করানো হয়েছে শেষ দুই ম্যাচে। ওয়ার্নারকে ব্যাট করতে হয়েছে তিন নম্বরে। ফিঞ্চকে বসিয়ে রাখাটা একদম পছন্দ হয়নি ওয়ার্নের, ‘আমি কখনোই ফিঞ্চকে বাইরে বসিয়ে রাখব না। আমি জানি খাজা অবিশ্বাস্য ফর্মে ছিল, ওকে খেলাতেই হতো। কিন্তু আমি ওকে তিনেই ব্যাট করতে পাঠাতাম।’
জন হ্যাস্টিংসকে বসিয়ে রাখাটাও মানতে পারেননি ওয়ার্ন। বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচের পর প্রথম একাদশে সুযোগ পাননি এই পেসার। জশ হ্যাজলউডের জায়গায় ওয়ার্ন তাঁকেই চেয়েছিলেন, ‘টি-টোয়েন্টিতে আমি হ্যাস্টিংসেই এগিয়ে রাখব। ইয়র্কারটা ও-ই বেশি ভালো দেয়।’
অ্যাশেজ হারের পর অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানের কৌশলের দিকে আঙুল তুলেছিলেন ওয়ার্ন। ওই সময় লেম্যান ওয়ার্নকে পাল্টা জবাবও দিয়েছিলেন। এবার কি দেবেন? ক্রিকেট অস্ট্রেলিয়া।