দল পেলেন না মুশফিক-সৌম্য

এবারের বিপিএল ভালো যায়নি তাঁদের। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেললেও সৌম্য সরকারকে কেনার আগ্রহ দেখাল না পাকিস্তান সুপার লিগের পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউ। মুশফিকুর রহিমও দল পাননি কোনো। গোল্ডেন ক্যাটাগরিতে থাকা শাহরিয়ার নাফীসকেও খেলোয়াড় ড্রাফটে বেছে নেয়নি কেউ।
পিএসএলের প্রথম দিনের ড্রাফটে ৫টি ফ্র্যাঞ্চাইজি নয়জন করে মোট ৪৫ জন খেলোয়াড়কে বেছে নিয়েছেন। প্রথম তিনটি প্ল্যাটিনাম থেকে তিনজন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল। সেটাই নিয়েছে প্রত্যেকটি দল। প্লাটিনাম ক্যাটাগরি থেকে ১ লাখ ৪০ হাজার ডলার দামে করাচি কিংসে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ ছিলেন না। তবে ৫০ হাজার ডলার দামের গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। মুস্তাফিজ গেছেন গেইলের দল লাহোর কালান্দার্সে। তামিম শহীদ আফ্রিদির দল পেশোয়ার জালমিতে।
পিএসএলে বাংলাদেশের এই তিনজনই জায়গা পেয়েছেন আপাতত। তবে আগামীকাল সিলভার ক্যাটাগরি ড্রাফট অনুষ্ঠিত হবে। এই ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক। এই ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ২৫ হাজার ডলার।
পাঁচটি দলের প্রতিটি স্কোয়াড হবে ১৬ খেলোয়াড়ের। আরও সাতজন করে খেলোয়াড় নিতে পারবে দলগুলো। এর মধ্যে সিলভার ক্যাটাগরি থেকে পাঁচজন এবং উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরি থেকে দুজন করে নিতে হবে। ফলে সিলভার ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহদের দল পাওয়ার সম্ভাবনা আছেই। তবে গোল্ডেন ক্যাটাগরির যে তিনজন দল পাননি, সেই মুশফিক, সৌম্য ও নাফীসের দল পাওয়ার সম্ভাবনাও পুরোপুরি বাতিল হয়ে যায়নি।
প্রতিটি স্কোয়াড শক্তিবৃদ্ধির জন্য ১৬ জনের বাইরে অতিরিক্ত চারজন করে খেলোয়াড় রাখতে পারবে। দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এই খেলোয়াড়দের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এখানেও কিছু বিষয় আছে। ১৬ জনের স্কোয়াড গড়ে তুলতে মোট ৯ লাখ ৮৫ হাজার ডলার ব্যয় করতে পারবে দলগুলো। আরও চারজনকে অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায় নেওয়ার সময়ও কিছুতেই খেলোয়াড় কেনা বাবদ মোট বাজেট ১১ লাখের ওপরে যেতে পারবে না।
সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।
কে কোন দলে:
করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি, জেমস ভিনস
পেশোয়ার জালমি: তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, জুনায়েদ খান, জিম অ্যালেনবাই
লাহোর কালান্দার্স: মুস্তাফিজুর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন, সার্জিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক, জুলফিকার বাবর, উমর গুল, এলটন চিগুম্বুরা
আরও পড়ুন: