দল পেলেন না সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে পেসারদের দল পেতে সমস্যা হয় দেখে এবার পুলের পেসারদের জন্য আলাদা একটা শ্রেণি করা হয়েছিল। এতে জাতীয় দলের পেসাররা দল পেলেও সংকটে পড়ে গেছেন স্পিনাররা। কাল প্রিমিয়ার ক্রিকেট লিগের পুলের খেলোয়াড়দের দলবদলের শেষ দিনেও দল নিশ্চিত করতে পারলেন না সোহাগ গাজী আর আরাফাত সানি।
সানির সামনে অবশ্য দুটি দরজা খোলা আছে। শেখ জামাল ও ব্রাদার্স দুই দলের সঙ্গেই তাঁর কথাবার্তা চলছে বলে জানা গেছে। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে যেহেতু নেই, ২৭-২৮ আগস্ট অন্য খেলোয়াড়দের দল বদল করতে পারবেন তিনি। জাতীয় দলের আরেক স্পিনার বাঁহাতি আবদুর রাজ্জাকের কপালও ভালোই বলতে হবে। দল ‘পাই না, পাই না’ করেও গতবার শেখ জামালে খেলা রাজ্জাক নাম লিখিয়েছেন কলাবাগান ক্রীড়াচক্রে।
অফ স্পিনার সোহাগ কাল টোকেন তুললেও কোনো ক্লাবের হয়ে সেটা জমা না দিয়েই ফিরে গেছেন। টেলিফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমি কোনো দল পাইনি। কী করব জানি না।’ আগামীকাল জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ চলে যাচ্ছেন বলে ২৭-২৮ আগস্টে দলবদল করা হবে না তাঁর। সে ক্ষেত্রে কী হবে সোহাগের ভবিষ্যৎ?
সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দার অবশ্য একটা পথ দেখালেন, ‘সোহাগের আগের দল প্রাইম দোলেশ্বরের পুলের কোটা পূর্ণ হয়ে গেছে। ও এখন চাইলে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে সিসিডিএমের কাছে বিশেষ বিবেচনায় দল বদল করার আবেদন করতে পারে। সিসিডিএম তা অনুমোদন করলে পুলের কোটা পূর্ণ হয়নি, এমন কোনো দলে খেলতে পারে সোহাগ।’ এটা একটা পথ বটে, তবে সে ক্ষেত্রে সোহাগ যে প্রত্যাশা অনুযায়ী পারিশ্রমিক পাবেন না, সেটা না বললেও চলছে।
সোহাগ, আরাফাত ছাড়া কাল টোকেন তুলেও জমা দেননি সাব্বির রহমান। গুঞ্জন আছে, সাকিব আল হাসান শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি না পেলে গাজী ট্যাংকে নাম লেখাবেন তিনি। নইলে যাবেন কলাবাগান একাডেমিতে। এ ছাড়া অসুস্থ থাকায় দলবদল করতে পারেননি জিয়াউর রহমানও। গতবার প্রাইম ব্যাংকে খেলা এই পেসারের অবশ্য আবাহনীতে খেলা একরকম নিশ্চিত।
পেসারদের দল পাওয়া নিশ্চিত করতে এবার ২৩ জনের পুলে থাকা ছয় পেসারকে রাখা হয় আলাদা শ্রেণিতে। যেসব ক্লাব পুলের তিন ক্রিকেটারের কোটাই পূরণ করেছে, তাদের বাধ্য হয়েই ওই শ্রেণি থেকে নিতে হয়েছে একজনকে। বিদেশি ক্রিকেটারের নিয়মেও আসছে পরিবর্তন। দুজনের পরিবর্তে এবার বিদেশি খেলানো যাবে একজন, নিবন্ধন করানো যাবে সর্বোচ্চ সাতজন। অবশ্য এসবই খসড়া বাইলজের কথা। দলবদলের আগে বাইলজ চূড়ান্ত করার নিয়ম থাকলেও সেটি না করে বিতর্ককে আমন্ত্রণ জানিয়ে রেখেছে সিসিডিএম।
কে কোন দলে
গাজী ট্যাংক: তামিম ইকবাল, রুবেল হোসেন।
প্রাইম দোলেশ্বর: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, মুমিনুল হক।
মোহামেডান: মাশরাফি বিন মুর্তজা, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন।
প্রাইম ব্যাংক: মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।
ভিক্টোরিয়া: ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব।
আবাহনী: নাসির হোসেন, আল আমিন।
কলাবাগান: আবদুর রাজ্জাক, শামসুর রহমান ও রবিউল ইসলাম।
কলাবাগান একাডেমি: এনামুল হক (বিজয়)।