দল হিসেবে না খেললে কিন্তু বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতির পাতায় চড়ে সতেরো বছর আগে ঘুরে আসা যাক। ১৯৯৯, চেন্নাই, চিদাম্বরম স্টেডিয়াম, ভারত-পাকিস্তান টেস্ট। চতুর্থ দিন বিকেল। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৬ উইকেটে ২৫৪। জিততে দরকার আর মাত্র ১৭ রান। ক্রিজে সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার, পিঠে ব্যথা নিয়ে খেলেও ১৩৬ রানে অপরাজিত। ভারতের জয় সময়ের ব্যাপার। 

মুহূর্তের মধ্যেই সব হিসেব উলটে গেল। ভুল শট খেলে আউট টেন্ডুলকার। চার রানে শেষ ৪ উইকেট হারিয়ে ভারতও ২৫৮ রানে অলআউট। অবিশ্বাস্যভাবে ১২ রানে জিতে গেল পাকিস্তান। এক খেলোয়াড়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হলে কী হতে পারে, ক্রিকেটে এটা সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি।
শুধু সতেরো বছর আগের চেন্নাই টেস্টই নয়, এমন পারফর্ম করে হেরে যাওয়ার গল্প টেন্ডুলকারের ক্যারিয়ারে অনেক পাওয়া যাবে। একটির সাক্ষী তো বাংলাদেশের মানুষও। টেন্ডুলকার সেদিন ক্যারিয়ারে শততম সেঞ্চুরিটি করেছিলেন, মিরপুরের দর্শকও উঠে দাঁড়িয়ে এই বিরল অর্জনকে সসম্মান অভিবাদন জানিয়েছিল।
কিন্তু দিনটি আরও মহিমান্বিত হয়ে গিয়েছিল ম্যাচ শেষে বাংলাদেশের জয়ে। আরও সুনির্দিষ্ট করে বললে, ‘দল বাংলাদেশে’র জয়ে। তামিম-জহুরুল-নাসিরের ফিফটি ও মুশফিক-সাকিবের দুটি ঝোড়ো ফিফটি ছোঁয়া ইনিংসে চার বল হাতে রেখে ভারতের ২৮৯ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ।
ভাবছেন, এত পুরোনো দিনের পাঠ কেন? বেছে নেওয়া দুটি ঘটনাতেই কী একটা বিষয় স্পষ্ট নয়? দুটিতেই যে ব্যক্তিগত ঝলক হার মেনেছে দলীয় প্রচেষ্টার কাছে? ক্রিকেট অনেক বেশি ব্যক্তি ঝলকের এক খেলা। ‘টিম গেম’ হলেও এখানে এক-দুজনের পারফরম্যান্সই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ম্যাচের দৈর্ঘ্য যত কমে, সেটি আরও বেশি সত্যি হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো, সাম্প্রতিক ম্যাচগুলো বলছে, টি-টোয়েন্টি অনেক বেশি দলীয় খেলা। এখানে পুরো দল হিসেবে খেলতে না পারলেই বিপদ!
ব্যক্তি-প্রভাব যে অনেকটাই কমে আসছে টি-টোয়েন্টির আগমনে। এখানে একটা ক্যাচ যেভাবে ম্যাচ বদলে দিতে পারে, সেটি হয়তো কারও ঝোড়ো ইনিংসের চেয়েও বেশি চমক জাগানো। একটা ডট বল এখানে হয়ে উঠতে পারে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের চেয়েও বেশি দামি। টানা পাঁচ বলে ছয় মারার কৃতিত্বও ধূলিসাৎ হয়ে যেতে পারে ষষ্ঠ বলে বোল্ড আউট হয়ে গেলে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ম্যাচটাই দেখুন। ‘ব্যক্তি’ আর ‘দল’—পার্থক্যটা খুব ভালোভাবেই চোখে পড়বে। হাশিম আমলার ৯৭ রানের ইনিংসটিও ম্লান হয়ে গেছে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যানের ত্রিশ পেরোনো ইনিংসে।
বলতে পারেন, এমন তো ওয়ানডে-টেস্টেও হতে পারে। টেন্ডুলকারের শততম সেঞ্চুরির ম্যাচটিতে যেমন, বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান মাটি করে দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তির অর্জনের আনন্দ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টি-টোয়েন্টিতে ব্যবধানটা অনেক সূক্ষ্মতম বিষয়ের ওপর নির্ভর করে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই ফিরে যাওয়া যাক। অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান মিলে দলকে এগিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ১০ বলে ১৯ রানের ইনিংসটির গুরুত্ব কী কোনো অংশে কম? চার বল হাতে রেখে অস্ট্রেলিয়া জিতল তো তাঁর শেষ দিকের ঝড়ে ভর করেই।
শুরুর দিকে ‘মজার ক্রিকেট’, ‘ফান ক্রিকেট’ হিসেবে পরিচিতি পাওয়া টি-টোয়েন্টিই কিন্তু ক্রিকেটের রূপ বদলে দিচ্ছে। আসল ‘টিম-গেম’ হিসেবে গড়ে তুলছে খেলাটাকে। যেখানে সবার ছোট-বড় সব অবদানই সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাফল্যের মূলশক্তিও হয়ে উঠেছে এই দলীয় হিসেবে খেলা। এক তামিমের ওপর​ নির্ভরশীল হয়ে উঠলে কিন্তু বিপদ বাড়বে। একা সাকিব অসাধারণ খেলেও যে সাফল্য এনে দিতে পারেননি, সাব্বির-সৌম্য-মাহমুদউল্লাহ-মুশফিকেরা সবাই মিলে খেলছিলেন বলেই ২০১৫ সালটা অবিশ্বাস্য কেটেছে বাংলাদেশের। সূত্র: ক্রিকইনফো।