আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষ ব্যাটসম্যান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন চলে না, কথাটা বলতে এত দিন কোনো দ্বিধা না থাকলেও কথার মারপ্যাঁচে প্রশ্নটা তুলেছেন পাকিস্তানেরই কিংবদন্তি ইনজামাম-উল-হক।
ইনজামাম কী বলেছেন, তা খোলাসা করার আগে কাল পিএসএলে পেশোয়ার জালমি-করাচি কিংস ম্যাচে একটু তাকানো যাক। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তুলেছিল পেশোয়ার। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলেও ৯ রানে হারে করাচি। ৬ উইকেটে ১৬৪ রানে থেমেছে করাচির ইনিংস।
লক্ষ্য খুব কঠিন না হলেও পুরো ২০ ওভার খেলে তাড়া করতে ব্যর্থ হওয়ার নজির কম নেই টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু করাচি ওপেনার ও অধিনায়ক বাবর আজম যদি এমন ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেন, অপরাজিত থেকে মাঠ ছাড়েন হার মেনে নিয়ে, তাহলে তো ভ্রুকুটি জাগবেই!
বাবরের ৬৩ বলে ৯০ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাল্টা লড়াই করেছে করাচি। কিন্তু বাবরের মতো ব্যাটসম্যান পুরো ইনিংস ব্যাট করার পরও তাঁর দল ১৭০ থেকে ১৮০–এর মাঝামাঝি লক্ষ্য তাড়া করতে না পারার দায়টা চাপছে বাবরের কাঁধেই।
ইনজামামও বাবরেরই সমালোচনা করছেন। তাঁর কথার মর্মোদ্ধার করতে গেলে সামর্থ্য নিয়ে প্রচ্ছন্ন প্রশ্নের ছায়াটা টের পাওয়া যায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ’-এর অনুষ্ঠান ‘জশন-ই-ক্রিকেট’কে ইনজামাম বলেন, ‘তুমি যদি বিশ্বের ১ নম্বর ক্রিকেটার হও এবং পুরো ২০ ওভার উইকেটে থাকো, তাহলে ম্যাচটা শেষ করে আসা উচিত। তা না পারলে আগেভাগে আউট হয়ে যাও।’
করাচির ইনিংসে প্রথম ও শেষ বলটিও খেলেন বাবর। জয়ের জন্য শেষ ওভারে ২৯ রান দরকার ছিল করাচির। সে ওভারে চারটি ৪ মারা বাবর আর লুই গ্রেগরি মিলে তুলতে পেরেছেন ১৯ রান।
কিন্তু যদি প্রশ্ন করা হয়, ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাবর উইকেটে থাকতেও করাচিকে শেষ ২ ওভারে কেন ৪৩ রান তাড়া করতে হবে। বাবর পুরো সময় উইকেটে ছিলেন এবং পাঁচে ও ছয়ে করাচির মোহাম্মদ নবী, আমির ইয়ামিনদের মতো ব্যাটসম্যান থাকায় শেষ দিকে ম্যাচটা করাচির জন্য কেন এত কঠিন হয়ে উঠবে?
প্রথম ১০ ওভার শেষে ৬০ বলে ৯৭ রান দরকার ছিল করাচির। এখান থেকে শেষ ৫ ওভারে লক্ষ্যটা দাঁড়ায় ৬৩। অর্থাৎ ১১ থেকে ১৫—এই পাঁচ ওভারে ওভারপ্রতি রানরেট ৭.৭০ থেকে ৭.৪০–এ নেমেছে করাচির। বাবর এক প্রান্তে থাকার পাশাপাশি নবী এবং তিনি আউট হওয়ার পর আমির ইয়ামিন উইকেটে ছিলেন এ সময়।
এ নিয়ে বাবরের সমালোচনার পাশাপাশি সম্প্রতি মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া নিয়েও কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। পাকিস্তানি পেসারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দু-তিন বছর ধরে হাসনাইনের বোলিং দেখে ইনজামামের কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি।
তাঁর পাল্টা প্রশ্ন, ‘৯০ শতাংশ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় যাওয়ার পর নিষিদ্ধ হয় কেন?’ অ্যাকশন শোধরানোর আগপর্যন্ত আপাতত বল করতে পারবেন না হাসনাইন।