দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেছে। মাঠ থেকে বেরিয়ে আসার মুখে তামিম ইকবাল যেন কার সঙ্গে কথা বললেন? কার সঙ্গে? সাংবাদিকদের কাছে এসে কালকের জয়ের নায়ক নিজেই জানিয়ে গেলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন। অসাধারণ এক ইনিংস খেলে সহজ জয়ের রাস্তা গড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন তামিমকে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই জয় এল বলে অভিনন্দন জানিয়েছেন গোটা দলকেই।
এই শুভেচ্ছায় সিক্ত তামিম। দারুণ এক ভালো লাগা অনুভূতি তাঁর। তবে সবচেয়ে আনন্দিত তীব্র গরমে এমন একটা ইনিংস খেলতে পেরেছেন বলে, ‘খুবই তৃপ্তিদায়ক। দারুণ পরিকল্পনা করে আমরা ব্যাট করতে পেরেছি। সাব্বির অসাধারণ ব্যাট করেছে, তারপর সাকিব। উইকেটে সাকিবের সঙ্গ দারুণ কাজে লেগেছে আমার।’
তামিমের মধ্যে একটা বদল দেখা যাচ্ছে। বড় ইনিংস খেলতে চাইছেন, দৃষ্টিভঙ্গিটাই এখন অন্য রকম। তামিমের ইচ্ছা এ রকমই ব্যাট করে যাওয়া, ‘আমি তো সব সময়ই চাই ইনিংস বড় করতে। যতক্ষণ থাকা যায় উইকেটে থাকতে। সুযোগ পেলে তা আর নষ্ট করতে চাই না।’
এই জয় তামিমের চোখে আগে থেকেই ভালো খেলে আসার পরিণতি, ‘আমাদের ফল হয়তো সে রকম দেখায় না, তবে আমরা কিন্তু কিছুদিন ধরেই ভালো খেলছিলাম। নিউজিল্যান্ডেও সুযোগ পেয়েছিলাম, শেষ পর্যন্ত ছোটখাটো কিছু ভুলে হাতছাড়া হয়ে গেছে জয়। এখানে সেই ছোট ছোট ভুল আমরা হতে দিইনি।’
তামিমের কেবলই আগে সংবাদ সম্মেলনে কথা বলে গেছেন দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কার প্রতিনিধির চোখে হতাশার ছাপ, তবে হাসি হাসি মুখেই জয়ের জন্য অভিনন্দন জানিয়ে গেলেন বাংলাদেশকে, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, অসাধারণ খেলেছে তারা।’
চান্ডিমালের মুখে বারবার ঘুরেফিরে এল একটি কথা—পালাবদল। মহিরুহ সব ক্রিকেটার একে একে অবসর নেওয়ায় বিরাট এক পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট। আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে চাইলে সময় দরকার। তবে আগামীর সুন্দর ছবিই চোখে ভাসে চান্ডিমালের, ‘একে তো পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, তারপর আবার প্রায় তরুণ একটি দল।’
শ্রীলঙ্কা কি পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারবে? চান্ডিমাল আশায় বুক বাঁধছেন, ‘অবশ্যই। আমরা পরের ম্যাচটির দিকেই তাকিয়ে আছি।’
এমন উইকেটে টস জিতে ফিল্ডিং। পরিকল্পনার শুরুটাই কি ছিল একটু গোলমেলে? চান্ডিমাল বলেন, ‘আমরা আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এখানে ফিল্ডিং করে জিতেছি। আমরা আজ (কাল) ভেবেছিলাম, শিশির পড়বে সন্ধ্যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওটা কাজ করেনি।’
চান্ডিমাল যখন কথা বললেন, নির্বাক শ্রোতার ভূমিকায় থাকলেন ম্যানেজার অশাঙ্ক গুরুসিনহা। শ্রীলঙ্কার সোনালি দিনের তারকা, বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হয়তো অনেক দূরের পথের দিকে চোখ মেলেছেন, আর ভেবেছেন এভাবেই সময় একসময় ‘প্রতিশোধ’ নেয়!