দলটা যেন সুখী পরিবার হয়

মনে হচ্ছিল অধিনায়কত্বটা বুঝি আমার সহ্যই হবে না। এর আগেও দুবার তা পেয়ে চোটে পড়ে সরে যেতে হয়েছে। ভয় ছিল, আবারও না ভর করে নতুন কোনো চোট! আমার সৌভাগ্য, এবারের অধিনায়কত্বটা এখন পর্যন্ত উপভোগই করছি। ওয়ানডেতে টানা সাফল্য এর সবচেয়ে বড় কারণ। কৃতিত্বটা কোচ-খেলোয়াড় সবার। ২১ নভেম্বর তৃতীয় মেয়াদের অধিনায়কত্বের এক বছর পূর্ণ হওয়ার আগে পেছন ফিরে দেখছি শুধুই সুখস্মৃতি—
দূরের চিন্তা করিনি
এবার আর কোনো লক্ষ্য স্থির করে শুরু করিনি। এটা করলেই তো চোটে পড়ি! গত বছর অধিনায়কত্বটা এসেছেও হঠাৎ করে। তারপরও দায়িত্ব এড়িয়ে যাইনি। তা ছাড়া আগের দুবারের মতো এবারও আব্বা অধিনায়কত্ব নেওয়ার ব্যাপারে আমাকে উৎসাহ দিয়েছেন। তখনই মনে হলো চ্যালেঞ্জটা নিয়ে নেই। প্রথমেই মাথায় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটির কথা। ম্যাচটা জিততে হবে। এভাবে একটার পর একটা ম্যাচ এসেছে আর আমি তাই নিয়ে ভেবেছি। তারপর তো আরও বড় চাপ-বিশ্বকাপ। তবে আমি কখনোই দূরের চিন্তা করিনি। এর আগে টানা ১২টি ওয়ানডে হারলেও অধিনায়কত্বকে চ্যালেঞ্জ মনে হয়নি। সামনে কী হবে সেটাও মাথায় আসেনি।
অধিনায়কত্বের এক বছর
২০১৪ সালটা আমাদের জন্য খুব খারাপ যাচ্ছিল। ভালো খেলেও শেষটা ভালো করতে পারছিলাম না। একটা জয় খুব দরকার ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সেটা পাওয়ার পর বিশ্বকাপেও শুরুটা হলো আফগানিস্তানকে হারিয়ে। এরপর তো শুধুই সাফল্য। কিছু কঠিন মুহূর্তও এসেছে। তবে একটা দল হয়ে খেলায় বেশির ভাগই আমরা সাফল্যের সঙ্গে অতিক্রম করেছি। সবচেয়ে বড় কথা, সবার মধ্যে এখন ভালো খেলার তাড়না এসেছে। সবাই চায় কিছু না-কিছু করতে।

সবচেয়ে স্মরণীয় মুহূর্ত
বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানোর পর মনে হচ্ছিল আমাদের জীবনের সেরা ম্যাচ হতে পারে সামনের তিন ম্যাচের যেকোনো একটা। সেই অর্থে এই এক বছরে ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই সবচেয়ে স্মরণীয়। ওই জয়ের সুবাদেই বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলল বাংলাদেশ। আগের বছর খুব বাজে খেললেও নতুন বছরের শুরুতেই ওই অর্জন আমাদের অনেকটা এগিয়ে দিয়েছিল। তবে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিয়ে যত বিতর্কই থাকুক, আমি মনে করি সেদিন আমরা ভালো খেলতে পারিনি। ওই ধরনের ম্যাচ খেলে আমরা অভ্যস্তও নই। আবেগ, চাপ এসব নিয়ন্ত্রণ করতে পারিনি।
হোম সিরিজও সহজ ছিল না
বিশ্বকাপে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, বিশ্বকাপে ভালো খেললে বছরের বাকি সময়টাতেও ভালো খেলব। কারণ বিশ্বকাপে ভালো না খেললে দলে পরিবর্তন আসবে। তার মানে আবার নতুন দল, নতুন খেলোয়াড়। আর বিশ্বকাপে ভালো খেলে যদি এই দলটাই ধরে রাখা যায়, খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়বে। বিশ্বকাপের চাপের তুলনায় হোম সিরিজের চাপটা কম মনে হবে তাদের কাছে। তারপরও অনেক চ্যালেঞ্জ ছিল। পাকিস্তান দলের ব্যাটিং ভালো ছিল না, তবে বোলিং ভালো ছিল। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কথা তো কল্পনাই করিনি। মানুষ হয়তো আবেগাপ্লুত হয়ে সিরিজ জয় বা হোয়াইটওয়াশেরও স্বপ্ন দেখছিল। বাস্তবে কাজটা ছিল খুবই কঠিন। তবে আশা ছিল, অন্তত একটা ম্যাচ জিতব। প্রথম ম্যাচে জেতার পর মনে হলো সামনে বড় অর্জনের সুযোগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করা যে কঠিন হবে, তা শুরু থেকেই জানতাম। তবে দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্যভাবে ফিরে আসার পর তৃতীয় ম্যাচ নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলাম। সব তো প্রকাশ্যে বলা যায় না, তবে মনের ভেতরের অনুভূতিই কিন্তু আপনাকে চালায়। খুব মনে হচ্ছিল এই ম্যাচটাও আমরা জিতব।
সবচেয়ে কঠিন মুহূর্ত
দক্ষিণ আফ্রিকার কাছে দুটি টি-টোয়েন্টি হারার পরের সময়টাই সবচেয়ে কঠিন। এরপর প্রথম ওয়ানডেও হারার পর সবার প্রতিক্রিয়া দেখে মনে হলো, পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। এ ছাড়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা যতটা রোমাঞ্চকর ছিল, ততটাই ছিল চাপের। আমার নিজের ভেতরই যে রকম উত্তেজনা তৈরি হচ্ছিল, বুঝতে পারছিলাম তরুণদের মধ্যে কী হচ্ছে।
সাফল্যের রূপকার হাথুরুসিংহে
কোচকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, কারণ সবাইকে নির্ভার হয়ে খেলার সুযোগ দিয়েছেন তিনি। এখানে আমার চেয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকাই বেশি। আমি সব সময় চেয়েছি কোচের সঙ্গে সমন্বয় করে কাজ করতে। মতভেদ সব জায়গায়ই থাকতে পারে। তবে এমন নয় যে কখনো আমি তাঁর ওপরে কিছু চাপিয়ে দিয়েছি বা তিনি আমার ওপর কিছু চাপিয়ে দিয়েছেন। আমাদের বোঝাপড়া খুবই ভালো।
অধিনায়ক হিসেবে দর্শন
সব সময় চাই আমাদের দলটি যেন সুখী পরিবার হয়ে থাকে। কারণ পরিবারের চেয়েও আমরা দলের সঙ্গে বেশি সময় কাটাই। একটা দলে খারাপ ও ভালো সময়, আপত্তি-অনাপত্তি...বহু কিছু আসতে পারে। সেসব বাইরে না বলে যেন নিজেরাই ঠিক করে নিই। এতে পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস বাড়ে। জানি না এই চিন্তা কতটা কাজে লেগেছে, তবে সংস্কৃতিটা দরকার। দলে সমতা আনতে চেষ্টা করেছি। দলের কাছে সাকিব যা, তাসকিনও তা—এই ভাবধারা চালু করতে চেয়েছি। দুজনের কাজই এক বাংলাদেশের হয়ে খেলা, বাংলাদেশকে ম্যাচ জেতানো। তাহলে কাউকে আলাদা করে ভাবব কেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি মনে করতেই পারি, সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়। কিন্তু আমার এই ভাবনা দলের কোনো কাজে আসবে না। দলের ভেতর চিন্তাটা ভিন্ন হতে হবে। আমি এটাও মনে করি না যে অধিনায়ক বলে কোনো খেলোয়াড় আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। তাসকিন যদি দেখে অধিনায়ক হয়েও আমি কোনো অন্যায় করছি, তাকে আমার চোখে চোখ রেখে বলতে হবে, ভাই কাজটা ভুল হচ্ছে। আর আনন্দ করলে একসঙ্গে করব, কাঁদলেও একসঙ্গে। একটা পরিবার যখন সুখী থাকবে, দেখবেন সেই পরিবারের সবকিছুই ভালো হচ্ছে।
এখনো বাকি অনেকটা পথ
২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর পর বলেছিলাম, আমরাও খেলতে জানি। শুধু একটু সময় লাগবে। সেই সময় এখনো পুরোপুরি আসেনি। আমার ধারণা, দেশের বাইরে আমরা কিছু চ্যালেঞ্জের মুখে পড়ব। তবে নিজেদের মাটিতে জেতারও গুরুত্ব আছে। একসময় আমরা বলেছিলামও যে দেশের মাটিতেই বেশি ম্যাচ জিততে চাই। তাহলে বাইরেও পারব। সেই লক্ষ্য অর্জন হয়েছে। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। অবশ্য ২০০৭-এর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলেও একটা ধাপ এগিয়েছিলাম। আমাদের উন্নতিটা তখন থেকেই শুরু হওয়া উচিত ছিল।
লক্ষ্য এখন টি-টোয়েন্টি
সামনে টি-টোয়েন্টি ক্রিকেটের দুটি বড় টুর্নামেন্ট। এই সংস্করণের ক্রিকেটে আমরা এখনো সাদামাটা দল। টি-টোয়েন্টি ম্যাচ আমরা খেলিও কম। এ বছর মাত্র পাঁচটি খেলেছি। অথচ জিম্বাবুয়ের মতো দলও ১৪-১৫টি ম্যাচ খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি টি-টোয়েন্টি খেলা হয় না। তবে আশার কথা, এবার বিপিএল হচ্ছে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএল দারুণ সুযোগ। টি-টোয়েন্টিতে আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়েই সেরাটা বের করে আনতে হবে। ওয়ানডেতে পেরেছি, টি-টোয়েন্টিতে কেন নয়!