দলবদলে আবারও 'পরাধীন' ক্রিকেটাররা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগত কারণেই নাম প্রকাশ করতে চাইলেন না ক্রিকেটারটি। নিজের কথাই যদি আবার গলায় ফাঁস হয়ে বসে! তবে ক্ষুব্ধ কণ্ঠে বলা তাঁর কথাগুলো আসলে ঢাকা লিগের সব ক্রিকেটারেরই মনের কথা, ‘সাধারণ খেলোয়াড়েরা কখনোই প্লেয়ারস বাই চয়েস পদ্ধতির পক্ষে নয়। এভাবে একজন খেলোয়াড় প্রত্যাশিত দল বা প্রত্যাশিত পারিশ্রমিক পায় না। আমরা চাই প্রথাগত পদ্ধতিতে দলবদল হোক।’
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ারস বাই চয়েস’ পদ্ধতির দলবদল প্রথম দেখেছে ২০১২-১৩ মৌসুমে। খেলোয়াড়দের উচ্চমূল্য ঠেকাতে লিগের বেশির ভাগ ক্লাবের যৌথ সিদ্ধান্তে হয়েছিল এই বন্দোবস্ত। বিশেষ কোনো ক্লাব বেশি দামে খেলোয়াড়দের নিয়ে যাবে, এটা মানতে পারছিল না অন্য ক্লাবগুলো। তখনকার সিসিডিএম প্রধান জালাল ইউনুস অবশ্য ওই মৌসুমের পর আর কখনোই ‘প্লেয়ারস বাই চয়েস’ পদ্ধতিতে দলবদল না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরের মৌসুমে ওই পদ্ধতি ছিলও না। দলবদল হয় প্রথাগত পদ্ধতিতে।
কিন্তু কম বাজেটে দল গড়ার পথ যখন একবার দেখেই ফেলেছে ক্লাবগুলো, সেই পথ তারা ছাড়তে চাইবে কেন! এক মৌসুম যেতে না যেতে তাই আবারও উঠেছে ‘প্লেয়ারস বাই চয়েসে’র দাবি। ক্লাবগুলোর এবারের অজুহাত, মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে লিগে জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না। এই সুযোগে নাকি মধ্যম সারির খেলোয়াড়েরা উচ্চমূল্য হাঁকাতে শুরু করেছেন। গত মৌসুমের উন্মুক্ত দলবদলে ২০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার চাচ্ছেন ৪০-৪৫ লাখ।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সিসিডিএমের সভায় হওয়া ভোটাভুটিতে প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের আটটিই ‘প্লেয়ারস বাই চয়েস’ পদ্ধতির পক্ষে ভোট দিয়েছে। তবে সূত্র জানিয়েছে, ভোটাভুটির অনেক আগেই ক্লাবগুলোর এই ইচ্ছার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসানের কানে দিয়ে রেখেছেন সিসিডিএম প্রধান গাজী গোলাম মুর্তজা। এ বিষয়ে কথা বলতে কাল মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি সিসিডিএম প্রধানকে। প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান অবশ্য জানিয়েছেন, ‘সিসিডিএমের আগামী বৃহস্পতিবারের (আগামীকাল) সভায় চূড়ান্ত আলোচনার পর প্রস্তাবটি বোর্ডে পাঠানো হবে।’ তবে বিসিবি সেটার অপেক্ষায় বসে নেই। বোর্ডের নির্দেশনা পেয়ে লটারির জন্য খেলোয়াড়দের শ্রেণিবিন্যাসের কাজ এর মধ্যেই শুরু করে দিয়েছেন নির্বাচকেরা।
সিসিডিএমের সভায় প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া ‘প্লেয়ারস বাই চয়েসে’র বিপক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন আমিন খান। প্রতিনিধি উপস্থিত না থাকায় ভোটাভুটিতে অংশ নিতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে আবাহনীর অবস্থান নিয়ে ধোঁয়াশা আছে। ক্লাবটির ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা মনে করি, দলবদল প্রথাগত পদ্ধতিতে হওয়া উচিত। ক্লাবগুলো তাদের সামর্থ্য অনুযায়ী দল করবে। আমি প্লেয়ারস বাই চয়েসের পক্ষে নই, আগেও ছিলাম না। এতে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমে যায়।’ খেলোয়াড়দের মূল্যসীমা বেঁধে দেওয়ার নিয়মের বিরোধিতা করে বিকল্প পথ খোঁজার পরামর্শ তাঁর, ‘প্রয়োজনে খেলোয়াড়দের সঙ্গে বসে ক্লাবগুলো সমঝোতায় আসতে পারে।’
প্রথাগত দলবদলে খেলোয়াড়েরা যেমন ইচ্ছেমতো দাম হাঁকাতে পারেন, খেলতে পারেন পছন্দের ক্লাবেও। ফর্মে না থাকা কোনো একজন খেলোয়াড় মনে করতেই পারেন, তাঁর বেশি টাকার দরকার নেই। ছোট ক্লাবে গিয়ে বেশি ম্যাচ খেলে বরং ফর্মে ফেরার চেষ্টা করবেন। কেউ স্বপ্ন দেখতে পারেন, টাকা কম নিয়ে হলেও বড় ক্লাবে নাম লেখাবেন। ফর্ম ভালো থাকলে কেউ উচ্চমূল্য হাঁকানোর চিন্তাও করতে পারে। কিন্তু খেলোয়াড়দের এসব ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার কোনো দাম নেই মূল্যসীমা বেঁধে দেওয়া ‘প্লেয়ারস বাই চয়েসে’র দলবদলে। লটারিতে যে খেলোয়াড় যে দলের ভাগে পড়বেন, তাঁকে খেলতে হবে সে দলেই।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই পদ্ধতিকে বলেছেন ‘খেলোয়াড়দের স্বার্থবিরোধী’। অনেক ক্রিকেটারই নাকি এ নিয়ে তাঁদের কাছে ক্ষোভ জানাচ্ছে। ‘বোর্ড সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী প্লেয়ারস বাই চয়েস পদ্ধতির দলবদল শুধু ওইবারই হওয়ার কথা। তাহলে আবার কেন তা হবে! আমরা দেখব সিসিডিএম কী সিদ্ধান্ত নেয়। তারপর প্রয়োজনে বোর্ড সভাপতির কাছে যাব’—বলেছেন দেবব্রত।