দলীয় তপস্যায় মগ্ন পিনাক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন গভীর তপস্যায় মগ্ন। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগে কিছুতেই যাতে সেই তপস্যা না ভাঙে, সে ব্যাপারে ভীষণ সতর্ক টিম ম্যানেজমেন্ট। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে সকালে তাই ঘণ্টা তিনেক চলল মিরাজদের অনুশীলন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ যুবাদের সামনে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দুয়ার উন্মুক্ত। কাল স্কটল্যান্ড আর ২ ফেব্রুয়ারি নামিবিয়াকে হারালেই কাজ সম্পন্ন! তবে পচা শামুকে পা কাটার ঝুঁকিটা নিতে চায় না যুবারা। তাই স্কটল্যান্ড-নামিবিয়াকে মোটেই হালকাভাবে নিতে চায় না বাংলাদেশ। দলের প্রতিনিধি হয়ে এসে পিনাক ঘোষ সংবাদমাধ্যমকে মনে করিয়ে দিলেন পরশু নেপালের কাছে নিউজিল্যান্ডের হারের কথা, ‘কাল (পরশু) দেখলাম নিউজিল্যান্ডকে হারিয়ে দিল নেপাল। তাই কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা ম্যাচ ধরে ধরে এগোব। সামনে আছে স্কটল্যান্ড। ওটা নিয়েই ভাবছি। এরপর নামিবিয়া নিয়ে ভাবব। ম্যাচ ধরে ধরে এগোতে পারলে এরপর চিন্তা করব কোয়ার্টার ফাইনাল নিয়ে।’
দলীয় সাফল্যের মাঝে থাকে ব্যক্তিগত অর্জনের হাতছানি। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি পিনাকের। ডারবানে গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে খেলেছিলেন ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। ওটাই বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত যুব ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস। অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ওয়ানডেতে অবশ্য সর্বোচ্চ ইনিংসটি (১৭৮) অস্ট্রেলিয়ার থিও ডোরোপোলোসের।
ডারবানে ১৫০ করার পরও পিনাকের হাতে ছিল ১৮ বল। রেকর্ডটি ভাঙা অসম্ভবও ছিল না। তবে ৪৮তম ওভারের প্রথম বলে আউট হওয়ায় সেদিন রেকর্ডটাকে নিজের করে নিতে পারেননি। সেই আক্ষেপ দূর করার দারুণ সুযোগ পিনাকের সামনে। সুযোগটা কাজে লাগাতে প্রত্যয়ীই লাগছে যুব দলের বাঁহাতি ওপেনারকে, ‘ভালো করার ইচ্ছা তো সবারই থাকে। একটা রেকর্ড গড়লে আরেকটা ভাঙার ইচ্ছা তো থাকেই। ফলে ইচ্ছা তো আছে। বাকিটা ঈশ্বরের ইচ্ছা। আমি আপ্রাণ চেষ্ট করব।’
এমনিতে পরিচিত মণ্ডলে ‘ভোজনপটু’ বলে তাঁর বেশ ‘সুখ্যাতি’! বিশেষ করে ফাস্ট ফুডের ওপর পিনাকের ভীষণ দুর্বলতা। কিন্তু বিশ্বকাপে ভালো করার ব্রত নিয়ে চাইলেও প্রিয় খাবার সব সময় খেতে পারেন না। লুকিয়ে লুকিয়ে তবু চেষ্টা করেন। বিধি বাম! ধরাও পড়ে যান কোচদের কাছে। হাস্যোজ্জ্বল মুখে পিনাক শোনালেন তাঁর ভোজন-কাহিনি, ‘কোচ থেকে শুরু করে ট্রেনার, সবাই অনেকভাবে আমাকে পাহারা দেওয়ার চেষ্টা করেন। চুরি করে যখন খাই, স্যারদের (কোচ) দেখে ফেলার ভয়ে লুকিয়ে ফেলি। কিন্তু লুকোতে গিয়েও ধরা খাই! তখন তাঁরা জিজ্ঞেস করেন, “কী খাচ্ছিস, দেখি!” তখন দেখিয়ে দিই।’
ফাস্ট ফুডের প্রতি টানের মতোই খিদে তাঁর ২২ গজেও। যুব বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান আউটে কাটা পড়ে ফিরে যান ৪৩ রানে। এতে পিনাকের রানের খিদেটা আরও বেড়েছে। সামনের ম্যাচগুলোয় তাই আরও বড় ইনিংস খেলতে চান।