দলে অবদান রাখতে পেরেই খুশি সাকিব

সাকিব আল হাসানের বিশ্বাস হচ্ছিল না কিছুতেই! যতবারই বলা হলো টেস্টে এ নিয়ে তিনবার ম্যান অব দ্য সিরিজ হলেন, সাকিব ততই বলেন, ‘না না, দুবার।’ আর একবারের কথা বেমালুম ভুলে গেলেন। পরে মুঠোফোন বার্তায় বৃত্তান্তসহ সাকিবকে নিশ্চিত করা হলো, দুবার নয়, টেস্ট ক্রিকেটে তিনি আসলেই ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনবার।
টেস্টে সিরিজ-সেরা হওয়ার আনন্দ সাকিব প্রথম পান ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো সিরিজে। এরপর ২০১১ সালে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ম্যান অব দ্য সিরিজ হয়েছেন দেশের মাটিতে, যদিও বাংলাদেশ সেবার সিরিজ হেরেছিল ১-০ ব্যবধানে। আর সর্বশেষ ম্যান অব দ্য সিরিজ তো কাল জিম্বাবুয়ের বিপক্ষেই হলেন। ঢাকায় প্রথম টেস্টে ব্যাট হাতে ভালো রান না পেলেও প্রথম ইনিংসে ৫৯ রানে নেন ৬ উইকেট। খুলনার দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১০ উইকেটের সঙ্গে প্রথম ইনিংসের সেঞ্চুরি তো তাঁকে জায়গা করে দিল ইতিহাসের পাতাতেই! সর্বশেষ চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে মাত্র ১টি উইকেট পেলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছেন ৭১ রান। সব মিলিয়ে তিন টেস্টে ২৫১ রান, উইকেট পেয়েছেন ১৮টি।
ম্যান অব দ্য সিরিজ হওয়ায় সাকিব যেমন তৃপ্ত, তেমনি একটা আফসোসও তাঁর থাকার কথা। আর মাত্র দুটি উইকেট পেলেই তিন টেস্টের সিরিজে আড়াই শ রান ও ২০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার হয়ে যেতেন তিনি! অবশ্য যা পেয়েছেন, আড়াই শর ওপরে রান আর ১৮ উইকেট, বোলিং-ব্যাটিং দুটো মিলিয়ে টেস্টে এই মানদণ্ডের সাফল্যও নেই আর কোনো ক্রিকেটারের। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অবশ্য আফসোসটাকে বড় হতে দিলেন না সাকিব। যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট তিনি, ‘আফসোস কেন থাকবে? ধরুন, প্রথম দুই টেস্টে যদি আমি ১৭ উইকেট না পেতাম, ১০টি যদি হতো...(হাসি)। আসলে ভাগ্যেরও সাহায্য দরকার হয়। এটা হওয়ার কথা ছিল না এই টেস্টে, সে কারণেই হয়নি। হলে ভালো লাগত অবশ্যই। কিন্তু না হওয়াতেও আফসোস নেই।’ নিজেই বলেছেন, ব্যাটিংটা আরেকটু ভালো হলে মনটা পুরোপুরি ভরত। সেটা না হলেও ম্যান অব দ্য সিরিজ হওয়ারও একটা আলাদা তৃপ্তি আছে তাঁর কাছে, ‘অবশ্যই একটা ভালো অনুভূতি থাকে মনের ভেতরে। দলের জন্য অন্তত অবদান রাখতে পেরেছি, ওটারই একটা স্বীকৃতি।’
জিম্বাবুয়ে সিরিজ সাকিবের জন্য একদিক দিয়ে প্রত্যাবর্তন সিরিজ। নিষেধাজ্ঞা থাকায় গত ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না। এরপর দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস টি-টোয়েন্টি ক্রিকেট খেলে এলেও সেখানকার ম্যাচগুলো ঠিক আন্তর্জাতিক ম্যাচ নয়। কাজেই নিষেধাজ্ঞা থেকে ফেরার পর জিম্বাবুয়ে সিরিজটাই তাঁর প্রত্যাবর্তন সিরিজ। ফিরেই সিরিজ-সেরা হয়ে সাকিব নিজের জাতটাই চেনালেন আরেকবার। যদিও প্রত্যাবর্তন সিরিজ নিয়ে কোনো লক্ষ্য বেঁধে রাখেননি আগে থেকেই, ‘ও রকম কোনো লক্ষ্য কখনোই থাকে না’ বলে একটু টিপ্পনীও কাটলেন, ‘...একেক সময় দেখি একেকজন একেক লক্ষ্য তৈরি করে রাখে (হাসি)।’
ম্যান অব দ্য সিরিজ বা ম্যান অব দ্য ম্যাচ হওয়ার চেয়ে তাঁর কাছে দলের জন্য অবদান রাখতে পারাটাই বড়। জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করতে পেরেছেন বলেই বেশি খুশি টেস্ট ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারের জায়গা ফিরে পাওয়া সাকিব, ‘আগেও বলেছি দলের জন্য অবদান রাখতে পারলেই আমি খুশি। ভালো খেললে নিজের কাছে ভালো লাগে। কিন্তু যখন দলের জন্য কিছু করতে পারি না, তখন খুব খারাপ লাগে। মনে হয়, আমি ভালো খেলতে পারলাম না! ভালো খেলার জন্য আমার ভেতর এই একটা তাড়নাই থাকে। মন খুশি থাকলে তো সবই খুশি।’
ক্রিকেট খেলাটা তাঁর পেশা। তবে খেলার আনন্দে না খেললে পেশাটা আনন্দময় হওয়া কঠিন। আর সে খেলার আনন্দের জন্য চাই সাফল্য, যে সাফল্য প্রতিটা সিরিজেই দুহাত ভরে নিচ্ছেন সাকিব আল হাসান। সাকিবের ভাষায়, ‘ভালো খেললে ভালো লাগে। আসলে খেলার মজাটাই ওখানে।’
সাকিবের এই ভালো লাগাটা থাকুক ২১ নভেম্বর থেকে শুরু ওয়ানডে সিরিজেও।