দলে ঐক্যের জয়গান

সেই আদি ও অকৃত্রিম প্রবাদবাক্যগুলো এ পরিস্থিতিতেই সামনে চলে আসে। একতাই বল কিংবা দশে মিলে করি কাজ হারি-জিতি নাহি লাজ।
একটা দল হিসেবে সাফল্য পেতে গেলে ঐক্যবদ্ধ থাকতে হবে, দাঁড়াতে হবে একে-অন্যের পাশে। আত্মবিশ্লেষণ করতে হবে। তারপরই না খুঁজে পাওয়া যাবে সাফল্যের সড়ক।
চারপাশের আকাশে কালো মেঘগুলো তখনো ঘুরে বেড়াচ্ছে। অদূরের মহাসাগরের তীরে আছড়ে পড়ছে অশান্ত ঢেউগুলো। বৃষ্টি আর মেঘের ঘনঘটা খেয়ে ফেলেছে দিনের শেষ সেশনটা। সৌম্য সরকারের মুখে সৌম্য স্নিগ্ধতা নেই। থাকে কী করে? দিনের তৃতীয় ওভারে আউট হয়ে এসেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটিকে প্রথমবারের মতো তিন অঙ্কে পৌঁছে দেওয়ার আশা জাগিয়ে। প্রতিপক্ষ তো তাঁকে আউট করেনি, তিনি আউট হয়ে এসেছেন। সুরঙ্গা লাকমলের লেগ স্টাম্পের বাইরে ফেলা শর্ট পিচ বল, খেলব কি খেলব না করতে করতে পুল করলেন। হলো ভুল। ব্যাটের ওপরের কানা নিয়ে সরাসরি ফাইন লেগ ফিল্ডারের হাতে। দুই দিকে মাথা নাড়াতে নাড়াতে মাঠ ছাড়লেন, তার মানে সম্যক উপলব্ধি হয়েছে, কী ভুলটা তিনি করেছেন।
সাংবাদিকদের সামনে অকপটে স্বীকার করলেন, ওই সময়ে ও রকম শট খেলা উচিত হয়নি, নিজের জন্য তো বটেই, দলের জন্যই বেশি করে। অর্থাৎ আত্মবিশ্লেষণে নিজের ভুল ধরা পড়ছে। খুব ভালো কথা।
কিন্তু পরের ব্যাটসম্যানরাও যে এমন ভুল করলেন। আর তাতে ১৪২ থেকে ১৯২—ঠিক ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৯২। ফলোঅন চোখ লাল করে তাকাচ্ছে। সাকিব, মাহমুদউল্লাহ, লিটন দাসের দ্রুতই বিদায়। সাকিব চায়নাম্যান বোলার লক্ষ্মণ সান্দাকানের যে বলটি সহজেই ছেড়ে দিতে পারতেন, সেটি লেগ সাইডে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে এলেন। মাহমুদউল্লাহ বলের লাইনে না গিয়ে লাহিরু কুমারার বল খেলার চেষ্টা করে বোল্ড। লিটন রঙ্গনা হেরাথের একটি বলে আসলে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে এসেছেন।
সাকিবের কথাটাই উঠল বেশি করে। আবার টেস্টের সেরা অলরাউন্ডারের মুকুট মাথায় পরে ব্যাটিংয়ে নেমেছেন, এটির অনুপ্রেরণা হিসেবে তাঁর ব্যাট থেকে আসতে পারত একটি বড় ইনিংস। কেন সেটা হলো না? সৌম্য ছোট ভাইয়ের মতো দাঁড়ালেন সাকিবের পাশে, ‘আসলে সাকিব ভাই একটু আনলাকি। ওটা ছিল সান্দাকানের উল্টো বল (গুগলি), তিনি বুঝেছিলেনও। তারপরও হয়ে গেছে। এ রকম হয় আসলে।’ সৌম্যর কথাগুলো আসলে দলের মধ্যে একে অন্যের পাশে দাঁড়ানোর কথাই বলে।
এ রকম ভুল শট নির্বাচন, সেট হয়েও উইকেট বিলিয়ে দেওয়ার ঘটনা ঘটছে আকছার। এ থেকে কি পরিত্রাণ নেই? বাংলাদেশ কি টেস্ট দলের মতো ব্যাটিং করছে? বাঁহাতি তরুণ ব্যাটসম্যানের মুখে যে উত্তর পাওয়া গেল, তা একটু নিচু স্বরের আর্তনাদ, ‘আমরা চেষ্টা তো করছি। হচ্ছে না। তবে একসময় হবে।’
নিজে দুটি ইনিংস তিন অঙ্কের কাছাকাছি নিয়ে পরিণতি দিতে পারলেন না। কেন পারছেন না? আবারও সৌম্যর মুখে ‘চেষ্টা’ চালিয়ে যাওয়ার কথা, ‘এরপর যদি ৭০-৮০ রান করি, চেষ্টা করব সেঞ্চুরি করতে, লম্বা ইনিংস খেলতে।’
কে জানে সেই চেষ্টাটা হয়তো ক্ষয়ে যাওয়া পিচে পঞ্চম দিনেই করতে হবে। সৌম্য জানেন কাজটা কঠিন এবং কতটা কঠিন সেটি বোঝাতে গাণিতিক হিসাবে চলে গেলেন, ‘আগে এমন পরিস্থিতিতে আমাদের হয়তো ১০০ পার্সেন্ট দিতে হতো, এখন ১২০ পার্সেন্ট দিতে হবে।’
ব্যাটিংয়ে অতটা নিবেদন দেখানো যাবে কি না, সেই চির-অমীমাংসিত প্রশ্নটা তবু থেকেই যায়। চতুর্থ ইনিংসের পিচে শ্রীলঙ্কান বোলাররা সেটি হতে দেবে কি না, সেও প্রশ্ন বটে।
শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড জয়ের ছক এঁকে ফেলেছেন। সেই পরিকল্পনায় একটু যা দুর্ভাবনা, তা হঠাৎ উদয় হওয়া বৃষ্টি। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রয়োগক্ষমতা কেমন, সেটি তাঁর বোঝা হয়ে গেছে। এক সাংবাদিক প্রশ্ন করলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রয়োগক্ষমতার অভাব দেখে আপনার কী মনে হলো? ফোর্ড মুচকি হাসলেন, ‘বাংলাদেশ যদি খারাপ ব্যাটিং করে তাতে আমার তো আপত্তি থাকার কথা নয়। আমি দেখব নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমার বোলাররা বোলিং করতে পারল কি না। আজ তারা সেটি পেরেছে।’
সত্যিই তো! বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলচুক নিয়ে প্রতিপক্ষ কোচের ভাবার কী এমন দায় পড়েছে?