দলে থাকলে তিনি আসতেন না

অ্যালিস্টার কুককে এখন যে দোটানার মধ্য দিয়ে যেতে হচ্ছে, ২০০৮ সালে কেভিন পিটারসেনও পড়েছিলেন ঠিক একই পরিস্থিতিতে। মুম্বাই হামলার পর সেবার কেপির নেতৃত্বেই ভারত সফরে গিয়েছিল ইংল্যান্ড। সেই অভিজ্ঞতা থেকেই সাবেক হয়ে যাওয়া এই ব্যাটসম্যান বলেছেন, এই পরিস্থিতিতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ কাজ নয়।
ইংল্যান্ড দল থেকে বাদ পড়া কেপি পরশু ইংল্যান্ডেই একটি আবাসিক ক্রিকেট ক্যাম্প পরিদর্শনে গিয়ে বাংলাদেশ সফর নিয়ে বলেছেন, ‘এই সময়ে ছয় সপ্তাহের সফরের জন্য বাংলাদেশ ভালো কোনো জায়গা নয়। ওয়ানডে দলের তরুণ খেলোয়াড়দের হয়তো বেশি সমস্যা নেই, কিন্তু টেস্ট দলের বেশি বয়সীদের সমস্যা থাকতে পারে।’
সিনিয়র খেলোয়াড়দের ভাবনাটা কেমন হতে পারে—সেটিও অনুমান করতে পারছেন পিটারসেন, ‘টেস্ট দলের অনেক সদস্যের বাচ্চা-কাচ্চা আছে, আছে অন্য পারিবারিক দায়িত্বও। তারা এখন হয়তো ভাবছে, কীভাবে আমি বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করব! পারিবারিক দায়িত্ববোধকেই তারা বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। আমি জানি, অনেক সাংবাদিকও বাংলাদেশে যেতে চায় না।’
এমন পরিস্থিতিতে পিটারসেন নিজেও আসতে চাইতেন না, ‘অ্যালিস্টার কুকের জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত এটি। আমি হলে কি যেতে রাজি হতাম? না। কিন্তু আমি মনে করি, এই সফর থেকে একা কেউ নাম প্রত্যাহার করে নিতে পারবে না। একজন গেলে সবাইকেই যেতে হবে।
আট বছর আগে নিজের সেই অবস্থান এখন ভুল মনে হচ্ছে কেপির কাছে, ‘ওই সময় ইংল্যান্ডের অধিনায়কত্ব করার উপযুক্ত ব্যক্তি আমি ছিলাম না। আমি সে সময় অনেক খেলোয়াড়, যাদের বাচ্চা আছে, সংসার আছে, তাদের মানসিক অবস্থা বুঝতে পারিনি। আমার মনে হয়, দলের অনেকের সঙ্গে বা সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কের ক্ষতি করে ফেলি আমি। ওই সময় ইংল্যান্ডের অধিনায়ক না থাকলেই আমার জন্য ভালো হতো।’ ক্রিকইনফো।