দলে থেকেও নেই সাকিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান দলে থাকলেও খেলবেন কি না, তা নিয়ে এখনো আছে সংশয়। আঙুরের চোট যে শতভাগ সারেনি। ছবি: প্রথম আলো
সাকিব আল হাসান দলে থাকলেও খেলবেন কি না, তা নিয়ে এখনো আছে সংশয়। আঙুরের চোট যে শতভাগ সারেনি। ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার নিদাহাস ট্রফি নিতান্তই একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু সেটির জন্যই বাংলাদেশ দল নিয়ে যত আলোচনা হয়েছে গত কয়েক দিনে, এতটা শেষ কবে হয়েছে বলা মুশকিল। আঙুলের চোট সারিয়ে ফিরতে পারবেন তো সাকিব? নাকি দলের এই দুঃসময়ে অবসর ভেঙে ফিরবেন মাশরাফি বিন মুর্তজা? মাশরাফির না-ফেরাটা অনুমিতই ছিল। কিন্তু সাকিবের আঙুলের যে অবস্থা তাতে নিদাহাস ট্রফিতে খেলায় না আবার দীর্ঘমেয়াদি ক্ষতি হয় তাঁর!

এসব আলোচনার শেষ লাইন হয়ে কাল ঘোষণা হয়ে গেল এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল। যেখানে আছেন সাকিব এবং ফেরানো যায়নি মাশরাফিকে। ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই সেটা কাল জানিয়ে দিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান নিজেই, ‘মাশরাফিকে আগের সিরিজেই আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম খেলার জন্য। সে কোনো আগ্রহ দেখায়নি। এবারও তার কাছে খবর পাঠানো হয়েছে, মিডিয়ার মাধ্যমেও দেখেছে। আমার জানামতে, সে সম্পূর্ণভাবে না করে দিয়েছে। সে জন্য মাশরাফিকে এখানে আমরা চিন্তা করিনি। সাকিবের বল করতে কোনো সমস্যা নেই। ব্যাটিংয়ে একটু সমস্যা আছে। সবচেয়ে আদর্শ হবে যদি তাকে আরও ৮-১০ দিন বিশ্রামে রাখা যায়। ওর কিন্তু এমনিতে কোনো সমস্যা নাই। (আঙুল) একটু ফুলে যাচ্ছে। সুতরাং সাকিবকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।’

সাকিবের অবস্থা বিবেচনা করেই ১৫ জনের জায়গায় ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সাকিবের ‘বিকল্প’ হিসেবে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কিন্তু অধিনায়ক সাকিবের বিকল্প কে হবেন? সে উত্তরও দিয়ে গেছেন নাজমুল, ‘সাকিব যদি না-ও খেলে, দলের অধিনায়ক হিসেবেই থাকছে দলের সঙ্গে। ওখানটায় সাকিব না থাকলে রিয়াদ হবে স্বাভাবিকভাবেই। একটা ম্যাচের জন্য আরেকজনকে ক্যাপ্টেন করা, আবার সাকিব যখন ফিরবে আবার বাদ দেওয়া, এটা আরও খারাপ।’

কাউকে দলে জায়গা দিয়ে আবার বাদ দেওয়াটা যে খারাপ, সেই বোধই যখন জেগেছে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত ছয়জনের মধ্যে আফিফ-জাকির কেন নেই? মিনহাজুল আবেদীনের যুক্তি, তামিম-সাকিব ফেরায় আপাতত তাঁরা দল থেকে বাদ, তবে ভাবনা থেকে নয়, ‘কিছু খেলোয়াড় বিপিএলে হোমে ভালো খেলেছে। এই হিসেবে ওদের দেখেছি। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের একটা ভিশন (চিন্তা) আছে। ওদের পুলভুক্ত করেছি এবং ওদের সময়ের সঙ্গে দলের জন্য গড়ে তুলব।

টি-টোয়েন্টি নিয়ে ভাবনা যখন এমন, তখন ১৪ ম্যাচে ৯.১৫ গড়ের ইমরুল কায়েসের জায়গা পাওয়ার কারণ কী? মিনহাজুল বলছেন, তৃতীয় ওপেনার হিসেবে ইমরুল থাকবেন পেস খেলার সামর্থ্যের কারণে, ‘যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে তাদের নিতে চেয়েছি, যেহেতু ও টেস্টে ওপেন করে। শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে। ভারতও অনেক পেসার নিয়ে খেলে। ওই সব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ওকে নেওয়া। আমরা অভিজ্ঞতাকে একটা কারণেই মূল্যায়ন করেছি যে, যেহেতু আমাদের শ্রীলঙ্কা সিরিজটা খুব খারাপ গেছে। এখন যদি অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে।’

ইমরুলের মতো দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান। নুরুলের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছেন নির্বাচকেরা। আর তাসকিন অধিনায়কেরও পছন্দ বলে জানান মিনহাজুল, ‘যেহেতু প্রেমাদাসায় খেলা, বড় মাঠ। সেখানে যারা ভালো গতিতে বল করতে পারে, শর্ট বল করার অভিজ্ঞতা আছে, এটা চিন্তা করেই তাকে নিয়েছি। আমাদের দেশে এখন যত পেসার আছে, ওর গতিই কিন্তু সবচেয়ে বেশি। এটা কিন্তু মানতেই হবে।’

সেটা নাহয় মানা গেল, কিন্তু দল নিয়ে চিন্তাভাবনাটা কি গুছিয়ে করতে পেরেছিলেন নির্বাচকেরা? কাল নির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টায় দল ঘোষণা করতে পারেনি বিসিবি। সাকিবের সঙ্গে কথা বলে চিকিৎসক দল বোর্ড সভাপতিকে তাঁদের পর্যবেক্ষণ জানান। অবশেষে বিকেল চারটায় হয়েছে দল ঘোষণা। একেবারে শেষ দিনে এসে কেন সাকিব-বিষয়ক আলোচনা? এতে পরিকল্পনাহীনতার ছাপই কিন্তু ফুটে ওঠে।