দলে পরীক্ষা-নিরীক্ষা চান না মিয়াঁদাদ

ইতিহাসের সবচেয়ে দুর্বল দল। পরিকল্পনার অভাব। একাদশ নিয়ে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা। পাকিস্তান যেন দিশেহারা এক দল।
পাকিস্তান দল নিয়ে এমন মূল্যায়ন পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়া’ জাভেদ মিয়াঁদাদের। ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল মিয়াঁদাদের। সুতরাং প্রসঙ্গ যখন বিশ্বকাপ, মিয়াঁদাদ দু-এক কথা বলার অধিকার তো রাখেনই। তা পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান আইসিসির ওয়েবসাইটে দু-এক কথা বলেননি, রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে।
প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুই দলেরই শুরুটা যেহেতু হার দিয়ে, দুই দলের জন্যই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। হেরে গেলে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিন হয়ে পড়বে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘বিশ্বকাপে এর চেয়ে দুর্বল কোনো দল নিয়ে পাকিস্তান আগে কখনো খেলেছে কি না আমি মনে করতে পারছি না। কারণ এমন নয় যে অন্য দলগুলো খুব শক্তিশালী হয়ে গেছে। কারণ হলো পাকিস্তান শোয়েব মালিক, আজহার আলী ও জুলফিকার বাবরের মতো খেলোয়াড়দের উপেক্ষা করেছে।’
মিয়াঁদাদ খোঁচা দিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও, ‘এত বড় একটা টুর্নামেন্ট, কিন্তু পাকিস্তান দলে যেন কোনো পরিকল্পনাই নেই। এটা কোনো দ্বিপাক্ষিক সিরিজ না যে এখানে এক-দুই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। দরকার হলো দলের বিশেষ জায়গাগুলো বিশেষজ্ঞদের কাছেই ছেড়ে দেওয়া। আশা করছি, আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি হবে না শনিবারের ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।’
দল কীভাবে সাজালে ভালো হতো সেটাও বলেছেন রেকর্ড ছয়টি বিশ্বকাপ খেলা মিয়াঁদাদ, ‘উচিত ছিল বিশেষজ্ঞ ওপেনার হিসেবে নাসির জামশেদকে শুরু থেকেই ১৫ জনের দলের রাখা। সে দলে ঢুকেছে বদলি হিসেবে, কিন্তু প্রথম ম্যাচে সে বাইরে বসে রইল। এ ছাড়া ইউনিসের মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে ওপেনিংয়ে নামিয়ে দেওয়াটাও অবিচার। ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গা বিশেষজ্ঞদের জন্যই তুলে রাখা উচিত। ইউনিসকে দলে রাখলে খেলাতে হবে একটু নিচের দিকেই যখন বলটা একটু পুরোনো হবে।’
তবে উমর আকমলকে উইকেটকিপার-ব্যাটসম্যানের ভূমিকায় আরেকটু সময় দেওয়ারই পক্ষপাতী মিয়াঁদাদ।
পাকিস্তান কিংবদন্তি সমালোচনা করেছেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজেরও। জেসন হোল্ডারের মতো অনভিজ্ঞের হাতে বিশ্বকাপে দলের নেতৃত্ব তুলে দেওয়াটা ঠিক হয়নি বলেই মনে করছেন তিনি। ক্রাইস্টচার্চের উইকেট থেকে সুবিধা পেতে পারে ক্যারিবীয় ফাস্ট বোলাররা, সেটা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের ম্যানেজমেন্টের কাছে আকুতি জানিয়েছেন, ‘দয়া করে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়।’ আইসিসি।