দলে ফিরতে ব্যাকুল আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আমিন ব্যাকুল হয়ে আছেন মাঠে ফেরার জন্য। ফাইল ছবি
আল-আমিন ব্যাকুল হয়ে আছেন মাঠে ফেরার জন্য। ফাইল ছবি

ঢাকা টেস্টে প্রথম দিনে উইকেটের চরিত্র দেখে চোখটা কি চকচক করে ওঠেনি পেসার আল আমিন হোসেনের? ‘ইশ, যদি দলে থাকতাম! ’ একটা আফসোস কি মনের গহিনে উঁকি দেয়নি?
নতুন বলে গতি, মুভমেন্ট, বাউন্সারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যখন চেপে ধরার কথা, তখনই হা-হুতাশ-‘ইস আরেকজন পেসার যদি থাকত! ’ একপর্যায়ে আফসোস পরিণত হলো দুশ্চিন্তায়, যখন শাহাদত হোসেন ছিটকে গেলেন চোটের কারণে। এক মোহাম্মদ শহীদ আর খণ্ডকালীন পেসার সৌম্য সরকারকে দিয়ে লড়াই চালাতে হলো বাংলাদেশকে। যখন দরকার ছিল ‘কামান দাগানো’, মুশফিকুর রহিমের দল তখন লড়াই চালাল ‘থ্রি-নট-থ্রি’ দিয়ে!
বাংলাদেশে সেই মাপের পেসারের অভাব সব সময়ই ছিল। এরই মধ্যে প্রতিভাবান বলে প্রতিশ্রুতির ঝলক দেখানো যে কজনকে মিলেছিল, অনেকেই হারিয়ে গেছেন ফর্ম নয়তো ফিটনেসের কারণে। এমন সংকটের সময়ও আল আমিন দলে নেই। অথচ তিনি পুরোপুরি ফিট! তবুও কেন দলে ঠাঁই হলো না তাঁর? দলের ‘শৃঙ্খলাভঙ্গে’র অভিযোগে সেই যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন। এরপর ব্রাত্যই হয়ে রইলেন।
বিশ্বকাপের শেষ মুহূর্তে আল আমিনকে জিজ্ঞেস করা হয়েছিল, সামনে পাকিস্তান সিরিজ। দলে ফেরা নিয়ে কী ভাবছেন? ডানহাতি পেসার বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, ‘আমি খারাপ খেলে জাতীয় দল থেকে বাদ পড়িনি। তাই ফেরা নিয়ে চিন্তা করছি না।’ মাস দু-এক পর সেই আল আমিনের কণ্ঠে পাওয়া গেল না আগের মতো আত্মবিশ্বাস বা মাঠ কাঁপানোর প্রত্যয়।
পেসাররা সব কোথায় হারাল!আল আমিন হয়তো তখন ভাবতেও পারেননি বাস্তবতা এত কঠিন হবে! পাকিস্তান সিরিজে একাদশে খেলা তো দূরে থাক, ডাকই পেলেন না। অথচ গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি (১০ টি) আল আমিন কেন পাকিস্তানের বিপক্ষে কোনো সংস্করণেই ডাক পেলেন না, তা এক রহস্যই বটে।
কারণটা তাঁর কাছে অজানা থাকলেও এর পেছনে যুক্তি হিসেবে শুরুতে বেশ সতর্ক মন্তব্যই করলেন, ‘হয়তো নির্বাচকেরা মনে করছেন, আমার চেয়ে ভালো খেলোয়াড় আছে। এ কারণেই দলে সুযোগ পাচ্ছি না। আমার কাজ পারফর্ম করা। সেটাই করার চেষ্টা করছি। পারফর্ম করেই দলে ফিরতে চাই।’
বিশ্বকাপে যে বাদ পড়ার কারণ প্রসঙ্গে কিছু বলতে না চাইলেও নিজের হতাশা লুকাতে পারলেন না, ‘একটা খেলোয়াড়কে খারাপ খেললে না হয় বাদ দেওয়া যায়। আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খারাপ খেলিনি...গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো খেলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। এভাবে দলের বাইরে থাকলে স্বাভাবিকভাবেই হতাশা ঘিরে ধরে।’
জাতীয় দলে ফেরাটা ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন। হতাশামাখা কণ্ঠে বললেন, ‘আমি মনে করি, জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। যদি ভাগ্যে থাকে আবারও ফিরব। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কঠোর পরিশ্রম করছি। জিম-রানিং করছি। এখন হয়তো মাত্রাটা আরও একটু বাড়িয়ে দিতে হবে।’
ডান হাতি এ পেসারের ফেরা প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার জানালেন প্রক্রিয়াধীন রয়েছে ব্যাপারটি, ‘আল আমিন ফেরার প্রক্রিয়ায় আছে।’
কিন্তু আল আমিন তো এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলারই সুযোগ পাননি। হাবিবুল এ প্রসঙ্গে কিছু না বলতে চাইলেও আগের কথারই পুনরাবৃত্তি করলেন, ‘সে কিন্তু প্রক্রিয়াধীন আছে। হাই-পারফরম্যান্স অনুশীলন ম্যাচে খেলেছে। তার মানে সে ফেরার প্রক্রিয়ায় আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেই ফিরবে।’
এটা ঠিক, বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে বলার মতো পারফরম্যান্স হয়নি আল আমিনের। চলতি বিসিএলে দুই ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। ফতুল্লায় পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯ ওভারে ৪২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
কিন্তু ছন্দে থেকেই তো বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। বিশ্বকাপ দল থেকে যেভাবে হঠাৎ ছিটকে পড়েছেন, নিঃসন্দেহে যেকোনো খেলোয়াড়ের আত্মবিশ্বাসে সেটা বিরাট ধাক্কা। আর এ অবস্থায় খেলোয়াড়কে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার বড় দায়িত্ব বিসিবিরই।