দলে মোসাদ্দেক-শুভাশিস শফিউল বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক হোসেন ও  শুভাশিস রায়
মোসাদ্দেক হোসেন ও শুভাশিস রায়

শফিউল ইসলামের মন খারাপ হতেই পারে। চট্টগ্রামে কাল শেষ হওয়া প্রথম টেস্টে ঠিকমতো বোলিংই করার সুযোগ পেলেন না, দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১২ ওভার। কোনো উইকেটও পাননি। ২৭ বছর বয়সী পেসারের জন্য আরও দুঃসংবাদ, অতৃপ্তিটা নিয়েই মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টটা তাঁকে দেখতে হবে দর্শক হয়ে। ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য গতকাল ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে বিসিবি, তাতে নেই শফিউল।
চট্টগ্রাম টেস্টের দলে খেলোয়াড় ছিলেন ১৪ জন। মিরপুর টেস্টে ১৫ জন। শফিউল বাদ, সে তো বলাই হলো। নতুন ঢুকছেন দুজন—মোসাদ্দেক হোসেন ও শুভাশিস রায়।
জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক মোসাদ্দেকের, ওয়ানডে অভিষেক গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচেই ছিলেন মূল একাদশে। এবার টেস্ট অভিষেকেরও স্বপ্ন দেখছেন ২০ বছর বয়সী ক্রিকেটার।
তুলনায় বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের কাছে শুভাশিস অনেকটাই অপরিচিত নাম। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এখনো পাওয়া হয়নি ২৭ বছর বয়সী ডানহাতি পেসারের। অবশ্য ‘ইংল্যান্ড-দর্শন’ তাঁর হয়ে গেছে। চট্টগ্রামে ইংল্যান্ডের সঙ্গে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে খেলেছেন শুভাশিস। তাতে ১২ ওভারে ২৬ রান দিয়ে ছত্রখান করেছিলেন বেন স্টোকসের স্টাম্প। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ওয়ানডেতেও ৯ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১ ম্যাচে শুভাশিসের উইকেট ১৩৬টি।
১৫ সদস্যের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, শুভাশিস রায়।