দলে যদি একজন লেগস্পিনার থাকত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীরের মতো একজন লেগ স্পিনারের অভাব বোধ করছে বাংলাদেশ। ছবি: শামসুল হক।
তানভীরের মতো একজন লেগ স্পিনারের অভাব বোধ করছে বাংলাদেশ। ছবি: শামসুল হক।

সময়টা খুব সম্ভবত লেগ স্পিনারদেরই! দুবাই টেস্টে ইয়াসির শাহর ৫ উইকেটের পর দেবেন্দ্র বিশুর ৮ উইকেট। কয়েক দিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগান লেগ স্পিনার রশিদ খানের পর ইংল্যান্ডের আদিল রশিদও পেয়েছেন সাফল্য। আজ এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন এক লেগ স্পিনার—তানভীর হায়দার!
নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তানভীর হায়দার কে? অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন রংপুর থেকে উঠে আসা এই লেগ স্পিনার। তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ছয় বছর আগে। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট ৮৪টি। দীর্ঘদিন খেললেও আলো ছড়াতে পারেননি সেভাবে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে বিসিবি একাদশের উজ্জ্বলতম নাম তিনিই, ৪ উইকেট পেয়েছেন ৫৩ রানে।
যেহেতু দুই দিনের প্রস্তুতি ম্যাচ, ফল আসবে না জানাই ছিল। হলোও তাই—ম্যাচ ড্র। তবুও দুই দলের প্রথম ইনিংস যদি বিশ্লেষণ করা হয়, ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে বিসিবি একাদশই। বিসিবি একাদশ প্রথম ইনিংসে করেছে ২৯৪ রান আর ইংলিশরা ২৫৬ রান। বিসিবি এগিয়ে ৩৮ রানে। আর তাতে বড় অবদান এই তানভীরেরই।
যদিও দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও হাসিব হামিদ হাফ সেঞ্চুরি করে ‘অবসর’ নিয়েছেন। তবে বাকি ৮ উইকেটের চারটিই তানভীরের। উইকেটে ছিল যথেষ্ট টার্ন, সেটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। তানভীরের টার্ন ঠিকভাবে পড়তে না পেরেই ফিরেছেন জো রুট (২৪), জনি বেয়ারস্টো (৬) ও জস বাটলার (৪)।
তানভীর নেই বাংলাদেশ টেস্ট দলে। ভবিষ্যতে তিনি নিজেকে কোথায় নেবেন তা সময়ই বলে দেবে। তবে প্রস্তুতি ম্যাচে তানভীরের মতো লেগ স্পিনারদের সাফল্য বাড়িয়ে দিচ্ছে আফসোস—ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে যদি থাকতেন একজন দুর্দান্ত লেগ স্পিনার! তাতে নিশ্চয়ই স্পিনবান্ধব এই কন্ডিশনে বিরাট গোলকধাঁধায় পড়তেন ইংলিশ ব্যাটসম্যানরা।
লেগ স্পিনারদের জন্য পথ কতটা কাঁটা বিছানো, সেটা তো জুবায়ের হোসেনকে দেখেই বোঝা যাচ্ছে। তানভীর কি পারবেন এই কণ্টকাকীর্ণ পথ পার হতে? ২৪ বছর বয়সী লেগ স্পিনার অবশ্য আশাবাদী, ‘আসলে প্রতিনিয়ত ভালো করতে হবে। নিজের যত্ন নিজেকেই নিতে হবে। নিজের বোলিংটা আগে বুঝতে হবে। লেগ স্পিন সহজ কিছু নয়। এতে উন্নতি করা যায় শুধু ধারাবাহিক অনুশীলনেই। বিশ্ব ক্রিকেটে অনেক ভালো ভালো লেগ স্পিনার আছেন। তাঁদের অনুসরণ করে আমাদেরও ভালো করতে হবে। তাঁরা যদি ভালো করতে পারে, আমরা কেন পারব না?’