দলের কেউ নন, তবুও খেললেন দলের হয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার না হয়েও ব্যাগী গ্রিন পরার সুযোগ পেয়ে গেলেন বাল্ডউইন। ছবি: সংগৃহীত
ক্রিকেটার না হয়েও ব্যাগী গ্রিন পরার সুযোগ পেয়ে গেলেন বাল্ডউইন। ছবি: সংগৃহীত

ফুটবলের মতো সরাসরি খেলোয়াড় বদল করার নিয়ম এখানে নেই। ক্রিকেটে নিয়মটা এ রকম, কোনো একজন খেলোয়াড় চোট পেয়ে বা অন্য কোনো কারণে মাঠ থেকে উঠে যেতে হলে ড্রেসিংরুম থেকে অন্য কেউ তাঁর পরিবর্তে নামবেন। বলাবাহুল্য, সেই দ্বাদশ খেলোয়াড়টি শুধু ফিল্ডিংই করতে পারবেন। ব্যাটিং-বোলিং নয়। কিন্তু দ্বাদশ ‘খেলোয়াড়’টিকে নিজেদের দলের ‘খেলোয়াড়’ই হতে হবে কে বলেছে?
খেলোয়াড় ছাড়াও দলের সাপোর্ট স্টাফদের কাউকে ক্ষণিকের ‘ক্রিকেটার’ হয়ে যাওয়ার ঘটনা কদিন আগেই ঘটল। অস্ট্রেলিয়া দলের ম্যাশিউর (খেলোয়াড়দের ক্লান্ত পেশিগুলো ম্যাসাজ করেন যিনি) বেশ কিছুক্ষণ ফিল্ডিং করেছেন। সেটিও ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্টে! এর চেয়েও চমকে দেওয়া ঘটনা ঘটেছে। সেটিও ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ক্রিকেটারদের একজন শচীন টেন্ডুলকারকে ঘিরে। জানেন কি, টেন্ডুলকার এক সময় পাকিস্তানের হয়ে ‘খেলেছেন’!
গত নভেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দিবারাত্রির টেস্টেই সর্বশেষ ঘটেছে এমন ঘটনা। অস্ট্রেলিয়া দলের ম্যাসাজকারী গ্রান্ট বাল্ডউইনকে নামতে হয়েছিল ফিল্ডিংয়ে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক চোট পেয়ে মাঠ থেকে উঠে গিয়েছিলেন। তাঁর বদলে হাতের কাছে অন্য কাউকে না পেয়ে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে নামিয়ে দিল বাল্ডউইনকে। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে বেচারার ‘অভিষেক টেস্ট’টা একদমই স্মরণীয় হলো না। সাধারণ দর্শন একটা বল হাত ফসকে চলে গেল, তাতে নিউজিল্যান্ড উপহার পেল ৩ রান!

তবে ‘অভিষেক-দুঃস্বপ্নে’ বাল্ডউইনকেও ছাড়িয়ে গেছেন আদ্রিয়ান লে রক্স। দক্ষিণ আফ্রিকার এই ফিজিও যে ক্যাচই ছেড়ে দিয়েছেন! আদ্রিয়ানকে মাঠে নামতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৫-০৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বেশ কজন খেলোয়াড় চোটে পড়েছিলেন। সফরের এক প্রস্তুতি ম্যাচে স্পিনার নিকি বোয়েও হাতে চোট পেয়ে মাঠ থেকে উঠে গিয়েছিলেন। দলের অন্যদের চোটের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা দল ফিল্ডিং করতে পাঠিয়ে দিল ফিজিও আদ্রিয়ানকেই। নেমেই প্রতিপক্ষ দলের অধিনায়ক জাস্টিন ল্যাঙ্গারের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আদ্রিয়ান।
এ তো গেল সাপোর্ট স্টাফদের কথা, তা-ও নিজ দলের। প্রতিপক্ষ দল থেকে খেলোয়াড় ‘ধার’ করার ঘটনাও ঘটেছে। কিছুদিন আগেই ভারত সফরে আসা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে, দক্ষিণ আফ্রিকার জার্সি পরেই নামতে হয়েছিল ভারত ‘এ’ দলের খেলোয়াড় মানদীপ সিংকে! অবশ্য প্রোটিয়া ‘এ’ দলের অবস্থাই যে শোচনীয় ছিল। কয়েকজন খেলোয়াড় একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডার সংকট দেখা দিয়েছিল দক্ষিণ আফ্রিকার। খেলা চালু রাখতে ভারত ‘এ’ দল মানদীপকে পাঠিয়ে দিয়েছিল প্রোটিয়াদের হয়ে ফিল্ডিং করতে। অবশ্য এই ম্যাচেও দলের সাপোর্ট স্টাফদের একজনকে ‘খেলোয়াড়’ হতে দেখা গিয়েছিল। প্রোটিয়া ‘এ’ দলের ভিডিও অ্যানালিস্ট হেনরিকাস কোয়ের্তজেনও নেমেছিলেন দলের হয়ে ফিল্ডিং করতে।
তবে খেলোয়াড় ‘ধার’ করার রীতি কিন্তু শতাব্দী প্রাচীন। খোদ প্রতিপক্ষ অধিনায়কই নেমে গিয়েছিলেন অন্য দলের হয়ে ফিল্ডিংয়ে। সেই ১৮৮৪ সালে দেখা গিয়েছিল এমন ঘটনা। ইংল্যান্ডের হয়ে হয়ে ফিল্ডিং করতে নামতে হয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক বিলি মার্ডককে, সম্ভবত ইতিহাসের প্রথম ‘ধার করা ফিল্ডার’ তিনি।
সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এক ইংলিশ খেলোয়াড় চোট পেয়ে উঠে যাওয়ায় মার্ডক ইংলিশদের হয়ে নেমে গিয়েছিলেন ফিল্ডিং করতে। শুধু নামলেন! এরপর যা করলেন সেটি করার ‘সৌভাগ্য’ খুব বেশি খেলোয়াড়ের হয়নি—নিজ দলের ব্যাটসম্যানের ক্যাচ নিয়ে আউট করা। ৭৫ রানে ব্যাট করতে থাকা টাপ স্কটের ক্যাচ ধরে ফেলেছিলেন মার্ডক, যেটি ইতিহাসের প্রথম কোনো বদলি ফিল্ডারের ধরা ক্যাচ। এভাবে কি ইতিহাসে নাম লেখাতে চেয়েছিলেন মার্ডক?
টেন্ডুলকারও কিন্তু ‘চিরপ্রতিদ্বন্দ্বী’দের হয়ে ফিল্ডিং করেছিলেন। ১৩ বছর বয়সী কিশোর টেন্ডুলকার তাতে রোমাঞ্চিতও ছিলেন। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ভারত-পাকিস্তানের মধ্যে প্রদর্শনী ম্যাচ হচ্ছিল। ম্যাচের তখন ২৫ মিনিটের মতো বাকি। নিজ দলে ফিল্ডার সংকট থাকায় পাকিস্তান অধিনায়ক ইমরান খান কয়েকজন বিকল্প ফিল্ডার চেয়েছিলেন। সিসিআই অধিনায়ক তখন টেন্ডুলকার ও অন্য একজন তরুণ খেলোয়াড়কে পাঠিয়ে দিলেন পাকিস্তানের হয়ে ফিল্ডিং করতে।
তখন কি ইমরান জানতেন, সেদিন ‘পাকিস্তান’-এর হয়ে খেলা ক্রিকেটারটিই ইতিহাসের অন্যতম সেরা হিসেবে আবির্ভূত হবেন!