দলের জন্যই আক্ষেপটা বেশি মুমিনুলের

আর সামান্য কিছু সময় কাটিয়ে দিতেই পারলে দারুণ একটা দিন হতে পারত বাংলাদেশের। খুলনা টেস্টের প্রথম দিনে জুলফিকার বাবরের এলবিডব্লুর শিকার হয়ে ৮০ রানে ফিরলেন মুমিনুল হক। সেঞ্চুরি হাতছাড়া তো হলেই, সঙ্গে খুলনা টেস্টের প্রথম দিনটা কেবলই বাংলাদেশের, সেটিও বলার উপায় থাকল না। দিন শেষে তাই মুমিনুলের কণ্ঠে আফসোস। সেটা নিজের জন্য যতটা না, তার চেয়েও বেশি দলের জন্য।
সংবাদ সম্মেলনে নিজের দায় স্বীকার করে বললেন, ‘আমি আউট না হলে ভালো অবস্থানেই ছিলাম আমরা। তবে এখনো আমরা বেশ ভালো অবস্থানে আছি। উইকেট চারটা পড়েছে। আমার উইকেট না পড়লে আরও ভালো হতো। শেষ সেশনে একটা উইকেট পড়া মানে প্রতিপক্ষের জন্য বোনাস পয়েন্ট।’
সারা দিন ভালো খেলে বাবরের বলটা কেন ওভাবে খেলতে গেলেন? মুমিনুলের সরল স্বীকারোক্তি, ‘বলটা আমি খুব বাজে খেলেছি। ওই বলটায় মনোযোগটা হয়তো সরে গিয়েছিল। এ কারণে আউট হয়ে গেছি।’
আজ যেভাবে বাংলাদেশ ব্যাটিং করল, তাতে টেস্ট জয়ের লক্ষ্যও নিয়ে উঠেছে প্রশ্ন। মুমিনুল অবশ্য বললেন উইকেটের চরিত্র বাধ্য করেছে এমন খেলতে, ‘ধীরে খেলার কোনো পরিকল্পনা ছিল না। উইকেটটা নিচু ও মন্থর গতির। বল আসে দেরিতে। উইকেটে টিকে থাকা যায়। কিন্তু রান করা কঠিন। পাকিস্তানের বিপক্ষে তামিম ভাই ওয়ানডেতে আক্রমণাত্মক ব্যাট করেছেন। কিন্তু তাঁরও আজ রান করতে কষ্ট হয়েছে। আমাদের সবারই কষ্ট হয়েছে রান তুলতে।’
উইকেট কতটা কঠিন ছিল সেটা বোঝাতে মুমিনুল বললেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যে উইকেট ছিল এখনো তা-ই। উইকেটে টিকে থেকে রান করাটাই ভালো।’
জুনায়েদ খানের বলটা লেগেছিল মুমিনুলের হেলমেটে। সে উদাহরণ টেনে বললেন, ‘বল যে গতিতে আসার কথা, তা আসছে না। জুনায়েদের বলটা ভেবেছিলাম মাথার ওপর দিয়ে যাবে। লাগল হেলমেটে! তখন বুঝতে পারলাম, উইকেট খুব একটা দ্রুত গতির নয়।’
এ উইকেটে প্রথম ইনিংসে বাংলাদেশ কত রান তুললে নিরাপদ হবে? মুমিনুল বললেন, ‘আমার তো মনে হয়, ৩০০ করলেই যথেষ্ট।’ উপস্থিত সাংবাদিকেরা বেশ অবাকই হলেন। পাকিস্তানের যে ব্যাটিং লাইন-আপ, তাতে ৩০০ রান যথেষ্ট? মুমিনুলের যুক্তি, ‘স্টাম্পে বল করলে সম্ভব। এখন আমাদের বোলিং লাইন-আপ আগের চেয়ে ভালো। লাইন-লেংথ ঠিক রাখলে ৩০০ রানও যথেষ্ট।’
আজ টিকে থাকতে পারলে সামনে ছিল সেঞ্চুরির হাতছানি। সুযোগটা হাতছাড়া করে আক্ষেপেই পুড়ছেন, ‘সেঞ্চুরির জন্য তো আফসোস লাগছেই। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। আমরা চেষ্টা করব, আগামীকালও যত দূর পারা যায় ব্যাটিং করতে।’
টেস্টে যতটা ধারাবাহিক, ওয়ানডেতে নন। এ নিয়ে হয়তো খানিকটা হতাশা কাজ করে মুমিনুলের মধ্যে। বললেন, ‘ওয়ানডেতে রান করতে পারি না... আসলে ব্যাপারটা তো আমার হাতে নেই। রান করলে নিশ্চয় সুযোগ আসবে।’