দলের দুয়ারে নাসিরের ঠকঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরা৷ পরশুর এই ছবিটা নাসিরের জন্য এবারের নিয়মিত দৃশ্য৷ ছবি: প্রথম আলো
অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরা৷ পরশুর এই ছবিটা নাসিরের জন্য এবারের নিয়মিত দৃশ্য৷ ছবি: প্রথম আলো

কঠিন চ্যালেঞ্জ! ম্যাচের শেষ ৪ ওভার৷ দরকার ৪২ রান৷ কিন্তু উইকেটে আছেন তিনি৷ যাঁর মূলমন্ত্রই ‘চ্যালেঞ্জ রে বাসি আমি সবার চেয়ে ভালো’৷ এ রকম কঠিন চ্যালেঞ্জ বারবার উতরে দিতে পেরেছেন বলেই যার নাম হয়ে গিয়েছিল ‘দ্য ফিনিশার’৷
পরশু নাসির হোসেন আরও একবার নিজের এই নামের সার্থকতা প্রমাণ করলেন৷ বারবার লাগাম হাতবদল হওয়া ওই ম্যাচের ৪৭তম ওভারের ৩য়, ৪র্থ ও ৫ম বলে টানা ৩টি ছয়! শেষে সমীকরণ দাঁড়ায় ২ ওভারে প্রয়োজন ১৮ রান। এক সময় ৫ বলে প্রয়োজন ৭ রান। স্বীকৃত ব্যাটসম্যান বলতে শুধু নাসির। ৫০তম ওভারের ২য় বলে ৪ রান, ৩য় বলে ২ রান এবং ৪র্থ বলে ১ রান নিয়ে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে তবেই ফিরলেন নাসির। শেষ ৪ ওভারে তাঁর ব্যাট থেকেই এসেছে ১৪ বলে ৩৩।
এই নাসিরকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ দলে এক সময় যাঁর জায়গা একদম পাকা হয়ে গিয়েছিল, সেই তিনিই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটায় দর্শক হয়ে থাকলেন৷ তাঁকে ছাড়াই টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছে বাংলাদেশ৷ দলে আসা নতুনেরাও দারুণ খেলেছেন৷ দলে ফেরাটা নাসিরের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু ওই যে, চ্যালেঞ্জকেই তো তিনি সবার চেয়ে ভালোবাসেন৷
তারই প্রমাণ দিয়ে চলেছেন এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে৷ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ৫০+ গড় এবং ৮০+ স্ট্রাইক রেট আছে মাত্র দুজন ক্রিকেটারের। একজন যে নাসির, তা তো বুঝছেনই৷ অন্যজন তামিম ইকবাল। তামিম মাত্র দুটো ম্যাচ খেলেছেন বলে ধারাবাহিকতায় নাসিরের কৃতিত্বটা আরও বাড়ছে৷
১২ ম্যাচে নাসির ৫০.১৪ গড়ে এবং ৮৩.১৮ স্ট্রাইক রেটে করেছেন ৩৫১ রান। ৩টি ফিফটি। অপরাজিত ছিলেন চারবার। এবং এই চার ম্যাচেই পরে ব্যাট করে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর দুটিতেই আবার ছিল ম্যাচ জেতানো অপরাজিত ফিফটি। সেরা ফিনিশার তো একেই বলে! এই লিগের তৃতীয় সর্বোচ্চ এবং বিশ্বকাপের ৩০ সদস্যের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৫টি ছয় মেরেছেন নাসির।
নিজের হারাতে বসা ‘অলরাউন্ডার’ পরিচয়টাকেও আবার নতুন করেও যেমন চিনিয়েছেন৷ এবারের প্রিমিয়ার ডিভিশনে ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। লিগে দশের বেশি উইকেট নিয়েছে ৪৮ জন বোলার। এদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি নাসিরের৷ ৮৩.৩ ওভার বল করে ইকোনমি মাত্র ৩.১১। লিগের সর্বোচ্চ ১৩টি মেডেন ওভার করেছেন। ফিল্ডার হিসেবে নিয়েছেন ৩য় সর্বোচ্চ ৯টি ক্যাচ। নাসিরের ওপরে থাকা দুজন নিয়েছেন ১০টি করে ক্যাচ।
প্রথম ১৮টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়নি। এর পর থেকে ম্যাচসেরার পুরস্কার দিতে শুরু করে বিসিবি। নাসির ৩ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ৷ এমনকি প্রিমিয়ার ডিভিশনের আগে কলকাতার আচার্য মেমোরিয়াল ট্রফিতেও ৩ ম্যাচে ৮৬ স্ট্রাইক রেটে ৭০ গড়ে করেছিলেন ১৪০ রান। ফিফটি ২ ম্যাচে।
পরশু ম্যাচেই নাসির যখন ব্যাটিংয়ে নামে, তখন আবাহনীর ২২ ওভারে জিততে লাগে ১৩০ রান। এই ১৩০ এর মধ্যে নাসির একাই জোগান দিয়েছেন ৬৯ বলে অপরাজিত ৮২ রান।
এমন ফিনিশারকেই বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রয়োজন। নাসির অবশ্য বলেছেন, বিশ্বকাপ নিয়ে মাথা ঘামাচ্ছেন না৷ তাঁর ঘামানোর দরকারও নেই৷ তাঁর হয়ে তো কথা বলছে পরিসংখ্যানই৷ জাতীয় দলের দুয়ারে আবার কড়া নাড়ছেন... না মৃদু কড়া নাড়া নয়, সজোরে করাঘাতই করছেন নাসির!