দলের স্কোর দেখে ওয়ার্নার ভেবেছিলেন ঘড়িতে ৯টা ৪৩ বাজে

চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নেই ওয়ার্নার।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাটা ১২০ বলের। তাতে হারের ব্যবধান ১৪৫ রান!

রানের হিসাবে এর চেয়েও বড় ব্যবধানের হার তো টি-টোয়েন্টিতে আরও ১০টি আছে বটে। তবে সে হিসাবে পরে আসা যাবে, আজ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের কাছে মেলবোর্ন রেনেগেডসের এই হার বেশ আলোচনারই জন্ম দিয়েছে। হয়েছে বিগ ব্যাশের কিছু রেকর্ডও।

আর হয়েছে কিছু হাস্যরস। যেটির ভালো উৎস হিসেবে আবির্ভূত হয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারও। রেনেগেডসের স্কোর দেখে একটা সময় নাকি তাঁর মনে হয়েছে, তিনি স্কোরকার্ড নন, ঘড়ি দেখছেন। তখন ঘড়িতে ৯টা ৪৩ বাজছিল বলেই মনে হচ্ছিল ওয়ার্নারের। রেনেগেডসের তখন রান ৯ উইকেটে ৪৩ কিনা!

পায়ের মাংসপেশির চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে নেই ওয়ার্নার।

আপাতত বাড়িতে বসে বিগ ব্যাশ দেখে আর টুইট করে হয়তো কিছুটা সময় কাটাচ্ছেন ওয়ার্নার। আজ ম্যাচটা চলার সময় বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনারের টুইট এল, ‘স্ক্রিনের নিচের দিকে তাকালাম, ওখানে ৯/৪৩ লেখা ছিল। আমি ভেবেছিলাম ওটা ঘড়িতে সময় দেখাচ্ছে!’

তবে শেষ উইকেটে ‘শক্ত’ প্রতিরোধ গড়েছে রেনেগেডস। ইনিংস সর্বোচ্চ ১৭ রান এনে দিয়েছে জন হলান্ড ও কেইন রিচার্ডসনের শেষ উইকেট জুটি। সিক্সার্সের ২০৫ রানের জবাবে শেষ পর্যন্ত ৬০ রানে অলআউট হয়েছে রেনেগেডস।

সিক্সার্সের এমন উদ্‌যাপন ছিল নিয়মিত।
ছবি: টুইটার

কিন্তু দিন শেষে ১৪৫ রানের হারটাই বেশি চমক জাগায়। চমকে যাওয়া মুখের দিকে অবশ্য ভ্রু কুঁচকে তাকাতে পারে টি-টোয়েন্টির রেকর্ড। টি-টোয়েন্টিতে তো রানের হিসাবে এর চেয়ে বেশি ব্যবধানে আরও ১০টি হার আছেই, শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসাব করলেই এর চেয়ে বড় ব্যবধানে হার আছে ৩টি!

টি-টোয়েন্টি ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের হারই তো দেখেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। গত বছরের ৩০ আগস্ট কন্টিনেন্টাল কাপের সেই ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে তুরস্কের হারের ব্যবধান ছিল ২৫৭ রানে!

মজার ব্যাপার, এর আগের দিনই রোমানিয়ার কাছে ১৭৩ রানে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানে হারের রেকর্ডে নাম লিখিয়েছিল তুরস্ক। এখন তুরস্ক না রোমানিয়া—কোন দলের খেলোয়াড়দের বেচারা বলবেন, সে আপনার বিবেচনা। রোমানিয়ার রেকর্ডটা ২৪ ঘণ্টাও টেকেনি, তুরস্কের খেলোয়াড়দের টানা দুই দিনে রেকর্ডটাতে নাম লেখাতে হলো গোমড়া মুখে!

হারের ব্যবধানের পাশাপাশি চেক প্রজাতন্ত্র আর তুরস্কের ক্রিকেট খেলার তথ্যটাও হয়তো কম চমক জাগায় না। তবে পরিচিত নামগুলোর মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড আছে। আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসাবে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় বা হার সেটি—জয়টা শ্রীলঙ্কার, হার কেনিয়ার। ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বরের ঘটনা। ২৬১ রান করে কেনিয়াকে সেদিন ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

তবে টি-টোয়েন্টির ইতিহাসে সেভাবে ঠাঁই না হোক, সিক্সার্স-রেনেগেডস ম্যাচটি ঠাঁই করে নিয়েছে বিগ ব্যাশের রেকর্ডবইয়ে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির লিগটির ৯ বছরের ইতিহাসে রানের ব্যবধানে এর চেয়ে বড় ব্যবধানের জয় আর নেই।

ওপেনার জশ ফিলিপসের ৫৭ বলে ৯ চার ৩ ছক্কায় ৯৫ রান আর পাঁচে নেমে জর্ডান সিল্কের ১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় রানপাহাড়ে চড়ে সিক্সার্স। ২০ ওভার শেষে ৪ উইকেটে করে ২০৫ রান। ২৩ বলে ৩২ রান করেছেন অধিনায়ক ড্যানিয়েল হিউজ।

জবাবে ইনিংসের দশম বলে দলীয় ১৪ রানে অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চের আউট দিয়ে যে শুরু হলো রেনেগেডস ইনিংসের মড়ক লাগা, সে আর থামলই না! ফিঞ্চ, অন্য ওপেনার শন মার্শ আর ছয়ে নামা ফ্রেজার-ম্যাকগুর্ক ও আটে নামা কেইন রিচার্ডসন—দুই অঙ্ক পেরিয়েছেন কেবল এই চারজন। রাইলি রুশো, বেনি হাওয়েলসহ চার ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ও শেষ উইকেট ছাড়া শুধু পঞ্চম উইকেটে শন মার্শ ও ফ্রেজার-ম্যাকগুর্কের জুটি পেরিয়েছেন দুই অঙ্ক।