‘অসদুপায়ে’ ম্যাচ জিততে কিছু ক্লাবের ফন্দিফিকির বিসিবির ঘরোয়া ক্রিকেটকে প্রতিবছরই বিতর্কে ফেলে। এবার সেই বিষবাষ্প ছড়িয়ে পড়ল জাতীয় স্কুল ক্রিকেটেও।
প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে স্কুলের বাইরের খেলোয়াড়দের দিয়ে ম্যাচ খেলানোর দায়ে বিসিবি পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছে ডেমরার শামসুল হক খান স্কুল ও কলেজকে। সিলেটের কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের বিপক্ষে চূড়ান্ত পর্বের ওই ম্যাচে ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন শামসুল হক খান স্কুল ও কলেজ দলে ১১ জন বহিরাগত খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়। ১২ মের ওই ম্যাচের পরদিন জরুরি সভায় বসে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি।
কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের স্বীকারোক্তি ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই দেওয়া হয়েছে শাস্তি। শামসুল হক খান স্কুল ও কলেজ দলের বহিষ্কারাদেশ পাঁচ বছরের হলেও তাদের কোচ সাদ্দাম হোসেনকে বিসিবির অধীনে থাকা সব ধরনের প্রতিযোগিতা ও অনুশীলন কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে ১০ বছরের জন্য।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফলও বাতিল হয়ে যাওয়ায় কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় এখন উঠে গেল সেমিফাইনালে।