দশ দিন পর কী হবে উত্তর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে হলো বিসিবির বহুল আলোচিত এজিএম ও ইজিএম। ছবি: প্রথম আলো
কাল স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে হলো বিসিবির বহুল আলোচিত এজিএম ও ইজিএম। ছবি: প্রথম আলো

বিশাল আয়োজন। ২০১২ সালের পর এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) বলে কথা! গতকাল স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে হলো বিসিবির বহুল আলোচিত এজিএম ও ইজিএম। 

তবে গঠনতন্ত্রে বলার মতো সংশোধনী এসেছে একটিই। বিসিবির নির্বাচনে আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিনজন কাউন্সিলর মনোনয়ন দিত। এবার তা কমিয়ে করা হয়েছে দুজন। এনএসসির কর্তৃত্ব কমাতেই নাকি এই কাঁচি চালানো। তবে অনেকের চোখেই তিন আর দুইয়ে বিশেষ পার্থক্য নেই। অবশ্য ভবিষ্যতে এই দুটি কোটা না-ও থাকতে পারে বলে আভাস দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এক পরিচালক জানিয়েছেন, ২৬ জনের বদলে এখন বোর্ডের পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের।

বিসিবিতে এনএসসি বা সরকারের কর্তৃত্ব যাতে না থাকে, সেটি নিয়ে সোচ্চার বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কথা বলেন পরশু স্থানীয় একটি হোটেলে। সংবাদ সম্মেলনে তিনি সরকারি প্রভাবমুক্ত বিসিবি গড়ার ডাক দেন, ‘বিসিবির গঠনতন্ত্রকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট অবৈধ বলেছেন। সেই গঠনতন্ত্রের অধীনে এই এজিএম ও ইজিএমের আইনগত ভিত্তি নেই।’ এসব নিয়ে পরশু রাতে একটি টিভি চ্যানেলে পাল্টাপাল্টি বক্তব্য দেন সাবের হোসেন চৌধুরী ও নাজমুল হাসান।

সাবের হোসেন চৌধুরী সাধারণ ও বিশেষ সভা বর্জন করেছেন। কাউন্সিলর হতেই তাঁর আপত্তি, ‘এখন জেলার কাউন্সিলর মনোনয়ন দিচ্ছে স্থানীয় জেলা প্রশাসক। আর জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা হওয়ায় সরকারি কর্তৃত্ব থেকেই যায় বিসিবির নির্বাচনে।’

ক্রিকেট বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এত দিনেও আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়া হয়নি। এজিএম ও ইজিএম শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান এ নিয়ে বলেন, ‘ভবিষ্যতে নির্বাচন হবে, তারপর আঞ্চলিক ক্রিকেট সংস্থা কীভাবে হবে না হবে, সবকিছু আমাদের করা আছে। নতুন কমিটি আসবে, আমরা যদি আসি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে করে ফেলব।’

গঠনতন্ত্রে বড় পরিবর্তন না আনার ব্যাপারে নাজমুলের ব্যাখ্যা, ‘কেউ কেউ তাহলে একটা গ্যাপ খুঁজে পাবে।’ তারপর যোগ করেন, ‘আপনারা জানেন কেউ না কেউ ফাঁকফোকর খুঁজে বেড়াচ্ছে। তখন বলবে যে ওই পিরিয়ডটা কী হলো ওটা তো অনুমোদন হয়নি এজিএম-ইজিএমে। আমরা এজিএম-ইজিএমে এবার সবগুলো এনে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে যা যা করার দরকার সেগুলো করে নিয়েছি।’

১৭২ জন কাউন্সিলরের মধ্যে দুজন মারা গেছেন। এসেছেন ১৩৫ জন। জমজমাট সভা শেষে বিসিবি কর্মকর্তারা ছিলেন ফুরফুরে। সবারই এক কথা, কোনো বিরোধিতা ছাড়াই সবকিছু সর্বসম্মতভাবে পাস হয়েছে।

গঠনতন্ত্র পাস হওয়ায় এখন তা এনএসসিকে দিয়ে দ্রুত অনুমোদন করিয়ে নেবে বোর্ড। তারপর নির্বাচনে যাবে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ ১৩ অক্টোবর। তার আগে নির্বাচন হচ্ছে না নিশ্চিত। তা ছাড়া আদালতে মামলা আছে এবং বিসিবির বৈধতা নিয়ে রুলও দিয়েছেন আদালত। তবে আদালত বলেছেন, এজিএম-ইজিএম করতে বাধা নেই। সেটি করার পর এখন প্রশ্ন, বোর্ডের ভবিষ্যৎ কোন পথে?

নাজমুলের কথায় পরিষ্কার চিত্র পাওয়া যায়নি, ‘নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান পর্ষদ চালিয়ে যাবে নাকি অ্যাডহক কমিটি আসবে, সে ব্যাপারে গঠনতন্ত্রে কোনো দিকনির্দেশনা নেই।’ এনএসসির সহায়তা নেওয়া যেতে পারে, এনএসসি চাইলে অ্যাডহক কমিটি করতে পারে—এমন অভিমতও দিয়েছেন বোর্ড সভাপতি।