১০ বছর আগের ঘটনায় ক্ষমা চাইলেন ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালামের উদযাপন দেখে হতবাক সাঙ্গা। দশ বছর আগের ঘটনা। ফাইল ছবি
ম্যাককালামের উদযাপন দেখে হতবাক সাঙ্গা। দশ বছর আগের ঘটনা। ফাইল ছবি

ঘটনা ২০০৬ সালের। এর মধ্যে পেরিয়ে গেছে ১০টি বছর। এক দশক, সময়ের ঘড়িতে কম সময় নয়। কিন্তু সেই ঘটনা এত দিন যেন কুরে কুরে খাচ্ছিল ব্রেন্ডন ম্যাককালামকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এত দিন পর প্রকাশে সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন কুমার সাঙ্গাকারার কাছে। ক্ষমা চেয়েছে মু​ত্তিয়া মুরালিধরনের কাছেও।

সে বছর ডিসেম্বরে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে সাঙ্গাকারা অপরাজিত ছিলেন ৯৯ রানে। শ্রীলঙ্কার স্কোর তখন ৯ উইকেটে ১৬৯। ডিপ ফাইন লেগে বল ঠেলে দিয়ে অনায়াসে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাঙ্গা। অন্য প্রান্তে থাকা মুরালি সাঙ্গাকে অভিনন্দন জানাতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু ফাইন লেগ থেকে ফিল্ডারের থ্রো করা বল ততক্ষণে স্টাম্পে লাগিয়ে রানআউটের আবেদন করেন ম্যাককালাম।
বল যেহেতু ডেড হয়নি, আইনের চোখে এটা রানআউটই ছিল। আম্পায়াররা মুরালিকে আউটও ঘোষণা করে দেন। ম্যাককালামের তখন যুক্তি ছিল, শ্রীলঙ্কা এমনিতে লিড নিয়ে নিয়েছে। দলের প্রয়োজনে তিনি তো আইনের বাইরে কিছু করেননি। সাঙ্গা যদি মুরালিকে নিয়ে আরও বড় জুটি গড়তেন, দল তো হেরেও যেতে পারত। পরে নিউজিল্যান্ডকে কিন্তু জয়ের জন্য ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারাতে হয়েছিল।
কিন্তু আইনটাই শেষ কথা নয়। ক্রিকেটীয় চেতনা বলেও তো একটা ব্যাপার আছে, যা আইনের চেয়েও বড়। গত সোমবার এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে বক্তৃতায় সেই চেতনার কথা বলতে গিয়েই ১০ বছর আগের ঘটনায় ক্ষমা চাইলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বললেন, ‘মুরালিকে আউট করার ১০ বছর পরে এসে আমি সেই ঘটনা একেবারেই অন্য দৃষ্টিতে দেখি। কারণ, আমি হয়তো মানুষ হিসেবেও বদলে গেছি। কুমার সাঙ্গাকারা আজ এখানে উপস্থিত আছে। সাঙ্গা, আমি তোমার কী ভীষণ ভক্ত তুমি জানো না। তোমাকে আমি খুব কাছের বন্ধুও মনে করি। এই সুযোগে আমি তাই তোমার আর মুরালির কাছে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। আমার দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার যে মূল বিষয়গুলো ছিল, সেগুলো আমি আপনাদের জানাতে চাই। আর এটা বলে নেওয়া ভালো, সেই পরিবর্তনটা আমার ক্যারিয়ারের অনেক পরেই এসেছে।’