দশে মিলি একাদশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ! বিসিবি আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে এই প্রবাদটাকেই স্লোগান বানিয়ে নিতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের হয়ে কোন ১১ জন খেলবেন, তা ঠিক করতে যে কোচ, অধিনায়কের সঙ্গে জড়িয়ে পড়েছেন খোদ বোর্ড সভাপতি, নির্বাচক কমিটি এবং টেকনিক্যাল কমিটির সদস্যরাও! সিরিজের মাঝপথে একটা ম্যাচের একাদশ নির্বাচনে এমন কাণ্ড ক্রিকেটের ইতিহাসে অভূতপূর্বই।
নির্বাচকেরা কোচ-অধিনায়কের মতামত নিয়ে ১৪ বা ১৫ জনের স্কোয়াড ঘোষণা করবেন। এরপর প্রতি ম্যাচের একাদশ ঠিক করবেন কোচ আর অধিনায়ক; প্রয়োজনে পরামর্শ নেবেন নির্বাচক কমিটির—সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীন এটাই স্বাভাবিক রীতি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ নির্বাচন নিয়ে বিসিবিতে কাল রীতিমতো সমাবেশই বসে গেল!
বোর্ড সভাপতির সঙ্গে বসে টেকনিক্যাল কমিটির সদস্যরা প্রস্তাব করলেন, একাদশে পরিবর্তন আনা দরকার। তা তাঁরা এ রকম প্রস্তাব করতেই পারেন, কিন্তু প্রকাশ্য হবে কেন? অথচ কমিটির সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক সভা থেকে বের হয়েই সব বলে দিলেন সংবাদমাধ্যমকে, ‘আমরা তিনটা পরিবর্তনের কথা বলেছি। লিটনের জায়গায় এনামুল, সাব্বিরের জায়গায় পেসার রুবেল আর জুবায়েরের জায়গায় আরাফাত সানিকে নিতে বলেছি।’ এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডেতে দলের ব্যর্থতা নিয়েও নিজেদের মতামত জানিয়েছেন তাঁরা। ছয় সদস্যের টেকনিক্যাল কমিটির দুই সদস্য জাহাঙ্গীর শাহ বাদশা ও এ এস এম ফারুক সভায় আসেননি। শফিকুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন আতহার আলী খান, ইশতিয়াক আহমেদ ও মাঈনুল হক।
একটু পর বোর্ড সভাপতি নাজমুল হাসান বিসিবি অফিস ছেড়ে যাওয়ার সময় ২১ মিনিটের ‘সংবাদ ব্রিফিংয়ে’ জানিয়ে দিলেন, ‘তাঁরা (টেকনিক্যাল কমিটি) মূলত দুটো জায়গায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। আমি কোচ, ম্যানেজার ও অধিনায়ককে তা জানিয়েছি। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, তারা তাদের প্রস্তাব দিয়েছে। আজকে (কাল) রাতে অথবা কাল (আজ) সকালে দল চূড়ান্ত হবে।’
ব্যাপারটা এই পর্যন্ত থাকলেও চলত। কিন্তু অন্য এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বিস্ময়ের মাত্রা বাড়িয়ে দিলেন আরও এক ধাপ, ‘টিম কম্বিনেশনে কী পরিবর্তন আসা দরকার, মানুষ কী বলল, টেকনিক্যাল কমিটি কী বলল, আমি কী ভাবলাম; অধিনায়ক-কোচ সবার মতামত নিয়ে আমরা একটা জায়গায় একমত হয়েছি। একাদশের দশ জন ঠিক হয়ে গেছে। একজন নিয়ে মতপার্থক্য আছে, কোচ এক রকম বলছে, অধিনায়ক এক রকম চায়। সবারটা শুনেছি। কাল (আজ) এগারো নম্বরটা চূড়ান্ত হয়ে যাবে। এটা রুবেলও হতে পারে, একজন স্পিনারও হতে পারে।’ তার মানে একাদশ নির্বাচনের অধিকার এখন আর শুধু কোচ-অধিনায়কের হাতে নেই। ব্যাপারটা চলে গেছে গণভোটের পর্যায়ে!
সভাপতি অবশ্য একটু পরই দাবি করলেন, দল নির্বাচনে কখনোই হস্তক্ষেপ করা হয় না। এটা সম্পূর্ণই কোচ-অধিনায়কের ব্যাপার। তাই যদি হয়, তাহলে একাদশ নিয়ে এমন গণ-আলোচনা কেন?