প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন উইলিয়ামসনের স্টাম্প উপড়ে গেছে, আর স্যান্টনার-ওয়াটলিং-বোল্ট ফিরলেন ক্যাচ দিয়ে। এই চারজনই ছিলেন আলাদা, এর বাইরে কানপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বাকি ছয় ব্যাটসম্যানই আউট হয়েছেন ভুল পা ফেলে বা পা না ফেলে—এলবিডব্লু। তাতে একটুর জন্য বিশ্ব রেকর্ড ছোঁয়া হলো না। টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি এলবিডব্লুর রেকর্ড ৭টি! সেটি হয়েছে দুবার, সেখানেও একটি নাম নিউজিল্যান্ড। ২০০৫ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ম্যাকগ্রা-ওয়ার্ন-গিলেস্পিদের বলে এলবিডব্লু হয়েছিলেন সাত কিউই ব্যাটসম্যান। প্রথম ঘটনাটি ২০০৩ সালে, চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে সাত জিম্বাবুইয়ান ব্যাটসম্যান আউট হয়েছেন এলবিডব্লুতে। ইনিংসে ছয়টি এলবিডব্লুর ঘটনা অবশ্য ভূরি ভূরি, সব মিলিয়ে ২২ বার।