দাঁড়াতেই পারল না স্কটল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুলি লক্ষ্য পেরিয়ে ফিরছেন ফকনার ও ওয়ার্নার। ছবি: এএফপি
মামুলি লক্ষ্য পেরিয়ে ফিরছেন ফকনার ও ওয়ার্নার। ছবি: এএফপি

ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘ পর্বটা শেষ পর্যায়ে। এরই মধ্যে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে গেছে পাঁচ দলের। তবে এ পাঁচ দলের কেউ বিদায় নিচ্ছে একটি-দুটি জয়ের সান্ত্বনা নিয়ে, কেউবা শূন্য হাতে। স্কটল্যান্ড পড়বে শেষ দলেই। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত খেলায় ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি স্কটিশরা। স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বটা ভালোভাবেই শেষ করল অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার মাইকেল ক্লার্ক ও অ্যারন ফিঞ্চ। স্কটল্যান্ডের বেঁধে দেওয়া লক্ষ্য টপকাতে অস্ট্রেলিয়া ব্যয় করে ৩ উইকেট ও ১৫ দশমিক ২ ওভার। দলীয় ৩০ রানে প্রথম উইকেটের পতন। ১০ বলে ২০ রানে টেলরের বলে ফিরে যান ফিঞ্চ। এরপর ওয়াটসন-ক্লার্কের দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি। ডেভির বলে ২৪ রান করা ওয়াটসন ফিরলে অস্ট্রেলিয়ার সামান্য ছন্দপতন। ১ উইকেটে ৮৮ থেকে ৩ উইকেটে ৯২-৪ রানের ব্যবধানে দুই উইকেটের পতন। ৪৭ বলে ৪৭ রান করে ফেরেন অধিনায়ক ক্লার্ক। দলকে জয়ের বন্দরে নিয়ে জেমস ফকনার অপরাজিত ছিলেন ১৬ ও ডেভিড ওয়ার্নার ২১ রানে।
এর আগে টসে জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্লার্ক। শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে উইকেটে থিতু হতেই পারছিলেন না কোনো স্কটিশ ব্যাটসম্যান। স্কোরবোর্ডে ৯৫ রানে তুলতেই ৮ উইকেট নেই স্কটল্যান্ডের! শেষমেশ ২৫ দশমিক ৪ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩০ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের সংগ্রহে ৩টি। শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসন নেন ১টি করে উইকেট।
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ অবশ্য এখনো নিশ্চিত নয়। অন্যদিকে বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হল স্কটল্যান্ডকে।