দাঁড়াতেই পারেনি দক্ষিণাঞ্চল

আকাশ যে রকম কালো হয়ে আসছিল, মনে হচ্ছিল এই ম্যাচ নির্ঘাত ভেসে যাবে বৃষ্টিতে। খেলা হলেও সেটা কর্তিত ওভারের তো অবশ্যই। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ব্যাটিংয়ের সময় একবার বৃষ্টিতে খেলা বন্ধ হলে সে শঙ্কা আরও প্রবল হয়। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা পুরোপুরিই হয়েছে। তবে থেকে গেছে ‘কর্তিত ওভারে’র ম্যাচের আমেজ!
৫০ ওভারের ম্যাচে দুই ইনিংস মিলিয়েই খেলা হলো ৬৪ ওভার ৫ বল। কর্তিত ওভারের ম্যাচ হলেই তো এমনটা হওয়ার কথা! বিসিএল ওয়ানডের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচের এই দশা মূলত দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের কারণে। ব্যাটিং-সহায়ক উইকেটেও বাজে ব্যাটিং করে ৩৮.৫ ওভারেই দলটা অলআউট ১২২ রানে। ২৬ ওভারের মধ্যে ওই রান টপকে পূর্বাঞ্চল জিতেছে ৬ উইকেটে। বিশ্বকাপফেরত তারকারা খেলছেন। কৃত্রিম আলোর ম্যাচে দর্শক তাই ভালোই হয়েছিল। ম্যাড়মেড়ে এক ম্যাচ দেখার হতাশা নিয়ে ফিরতে হলো তাদের।
তারকাদ্যুতিতে বেশি জ্বলজ্বল করছিল দক্ষিণাঞ্চলই। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, সোহাগ গাজীরা আছেন এই দলে। পূর্বাঞ্চলে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে উল্লেখযোগ্য নাম আরাফাত সানি, অলক কাপালি আর আবুল হাসান। কিন্তু তারকার ভিড় যতই থাকুক, মাঠের পারফরম্যান্সই যে আসল!
পেসার আবুলের অফ স্টাম্পের বাইরে করা আগের বলটাতে গতির কাছে পরাস্ত হয়েছিলেন। কিছুটা স্নায়ুচাপে পড়ে থাকবেন দক্ষিণাঞ্চলের ওপেনার ইমরুল। একটু থেমে আসা পরের বলের পরিণতি তাই বলছে। ব্যাট উঁচু করে ধরে শর্ট মিড উইকেটে সাদমানের ক্যাচ হয়ে ফেরেন এই বাঁহাতি। দলের ২৮ রানে প্রথম উইকেটের পতনের পর দক্ষিণাঞ্চলের বিপর্যয় আর থামেনি। ৩৯তম ওভারে ১২২ রানে অলআউট হওয়ার আগ পর্যন্ত ওপেনারদের ওই ২৮-ই সর্বোচ্চ জুটি। ৫ উইকেটে ১১৪ রান থেকে শেষ ৬ উইকেটের পতন মাত্র ৮ রানে। দলীয় ১২২ রানেই পড়েছে শেষ ৪ উইকেট।
দক্ষিণাঞ্চলের ব্যাটিং দশা দেখে মনে হতে পারে পূর্বাঞ্চলের বোলিংটা বুঝি হয়েছে খুব দুর্দান্ত। আসলে তা নয়। প্রায় সব উইকেটই ব্যাটসম্যানদের বিলিয়ে দিয়ে আসা। উইকেটে ভালো বাউন্স থাকায় বল ভালোই আসছিল ব্যাটে। কিন্তু বাজে শট খেলে আউট হতে চাইলে ভালো উইকেট দিয়েই-বা কী হবে! আর এমন উইকেটে যেখানে পেসারদেরই বেশি সফল হওয়ার কথা, সেখানে বেশির ভাগ উইকেটই নিলেন পূর্বাঞ্চলের স্পিনাররা! ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ বাঁহাতি আরাফাত সানি। নাবিলের উইকেট ২টি, অলক ও মুমিনুল নিয়েছেন ১টি করে। পেসারদের উইকেট বলতে শুধু আবুলেরটাই।
দলের ২৮ রানে ওপেনার সাদমানকে হারায় পূর্বাঞ্চলও। কিন্তু লক্ষ্যটা এত কম ছিল যে, ১০৫ রানের মধ্যে আরও ৩ উইকেটের পতনও তাদের চাপে ফেলতে পারেনি। আরেক ওপেনার লিটনের ৪৫ রানই জয়ের দিকে এগিয়ে দেয় দলকে। অপরাজিত ২২ রান করে ‘ফিনিশিং টাচ’টা দেন তাসামুল।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, মিরপুর
দক্ষিণাঞ্চল: ৩৮.৫ ওভারে ১২২ (সৈকত ৫১, ইমরুল ১০, মিঠুন ১৫, মোসাদ্দেক ৮, তুষার ১৪, নুরুল ১২, জিয়া ০, সোহাগ ৮, মাশরাফি ০*, রাজ্জাক ০, রুবেল ০; হাসান ১/১৬, কামরুল ০/২৪, আসিফ ০/১৭, আরাফাত ৪/১১, নাবিল ২/২১, অলক ১/২৩, মুমিনুল ১/৯)। পূর্বাঞ্চল: ২৬ ওভারে ১২৩/৪ (লিটন ৪৫, সাদমান ১১, মুমিনুল ১৪, তাসামুল ২২*, অলক ১০, আসিফ ৮*, মাশরাফি ১/৪৭, সোহাগ ০/২১, মোসাদ্দেক ০/৯, রুবেল ২/২৮, রাজ্জাক ০/১৭)।
ফল: পূর্বাঞ্চল ৬ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ: আরাফাত সানি (পূর্বাঞ্চল)।
ওয়ালটন মধ্যাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল, ফতুল্লা
মধ্যাঞ্চল: ৫০ ওভারে ২০৯/৬ (মজিদ ২৫, রনি ২২, শামসুর ৭৬*, মাহমুদউল্লাহ ৪, শুভাগত ১১, ধীমান ১, নাদিফ ১৯, মোশাররফ ৪১*; ফরহাদ রেজা ০/৩১, মাহমুদুল ০/৩০, সানজামুল ১/৫৬, নাসির ২/৩৫, তাইজুল ৩/২৯, সাব্বির ০/৫, নাঈম ০/১৫)। উত্তরাঞ্চল: ৪৯.৩ ওভারে ২১১/৮ (মাহমুদুল ৮, জুনায়েদ ১৬, নাঈম ২৯, মুশফিক ১৬, নাসির ৭৬, সাব্বির ৪, আরিফুল ১৯, ফরহাদ রেজা ২০*, মুক্তার ০, সানজামুল ৮*; শহীদ ৩/৩৯, মাহমুদউল্লাহ ০/৩২, তাসকিন ২/৪৪, মোশাররফ ৩/৩৬, ইলিয়াস ০/৩৭, শুভাগত ০/১৯)।
ফল: উত্তরাঞ্চল ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন (উত্তরাঞ্চল)।