দাঁড়াতেই পারেনি ভিক্টোরিয়া
এ রকম ম্যাচে জয়ের নায়ক খুঁজে বের করা মুশকিল। ভিক্টোরিয়ার স্কোরবোর্ডে মাত্র ১৩৯ রান, কিন্তু সেটি আবাহনীর কোনো বোলারের একক কৃতিত্বে নয়। প্রতিপক্ষের উইকেটগুলো সমান ভাগ করে নিয়েছেন তিন বোলার মিলে। আবার ১৪০ রানে ৪ উইকেটের পতন বোঝায়, আবাহনীর ইনিংসটাও ‘ওয়ানম্যান শো’ ছিল না। আবাহনীর ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা তাহলে কে?
আসলে ‘দশে মিলে করি কাজে’র মধ্যেও একজন নেতা থাকে। ভিক্টোরিয়াকে হারানো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কাল আবাহনীর সেই নেতা সাকিব আল হাসান। স্কোরকার্ড দেখে অবশ্য তা বোঝা কঠিন। বল হাতে তিন উইকেট, কিন্তু সে তো পেসার তাসকিন আহমেদ আর সাকলাইন সজীবও নিয়েছেন। ফিল্ডিংয়ে নেওয়া মাহবুবুল আলমের ক্যাচও অসামান্য কিছু ছিল না। আর ব্যাট হাতে তো করলেন মাত্র ৯ রান! সাকিব তাহলে কেন ম্যান অব দ্য ম্যাচ?
কারণ, ১৩৯ রানে গুটিয়ে যাওয়া ভিক্টোরিয়ার ইনিংসের গোড়াটা তিনিই কেটে দিয়েছিলেন। ওপেনার ফজলে মাহমুদকে বোল্ড করে শুরুটা তাসকিন করলেও দলের ৬৭ রানের মধ্যে ভিক্টোরিয়ার যে আরও ৩ উইকেট পড়ল, তিনটিই সাকিবের। তাসকিনের বলে ঘাড়ে চোট পাওয়ার আগ পর্যন্ত সোহরাওয়ার্দী শুভ কিছুটা চেষ্টা করলেও ভিক্টোরিয়ার পক্ষে এরপর আর দেড় শ ছোঁয়াও সম্ভব হয়নি। ব্যথা পেয়ে সোহরাওয়ার্দী মাঠ ছেড়েছেন দলকে ১০৫ রানে রেখে। এরপর মাত্র ৩৪ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে ভিক্টোরিয়া।
এত ছোট লক্ষ্য তাড়া করে যতটা সহজ জয় পাওয়া উচিত ছিল আবাহনীর, ততটা সহজ জয় কিন্তু তারা পায়নি। অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের ৫১ রানের জুটি শুরুটাকে ভালোই দেখিয়েছে। কিন্তু তামিমের বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙার পর দলের রান ৬৮ থাকতেই ড্রেসিংরুমে ফিরেছেন সাকিব আর লিটন। লক্ষ্য ছোট ছিল বলেই সেটি বিপদের কারণ হয়নি। দুই দফা বৃষ্টির কারণে ঘণ্টা খানেক খেলা বন্ধ থাকার পরও পঞ্চম উইকেটে দিনেশ কার্তিক ও মোসাদ্দেক হোসেন মিলে ২৯.২ ওভারেই শেষ করে দেন খেলা।
কালকের জয়ের পর ১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৮। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জকে আগামীকাল হারাতে পারলে শিরোপার দিকে আরও এগিয়ে যাবে আবাহনী। হারলেও সুযোগ থাকবে। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে অর্ধেক শেষ হওয়া ম্যাচের নিষ্পত্তি যে এখনো বাকি!
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ৩৬.২ ওভারে ১৩৯ (মুমিনুল ২৩, সোহরাওয়ার্দী ২১ আহত অবসর; সাকলাইন ৩/১৩, সাকিব ৩/২৮, তাসকিন ৩/৩০)। আবাহনী: ২৯.২ ওভারে ১৪০/৪ (তামিম ৩৩, কার্তিক ৩২*; ডি সিলভা ২/৩১, এনামুল ২/৩২)। ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।