একে তো মাঠে দল হারছে তার ওপর পেটে পড়েছে মদিরা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় শ্রীলঙ্কার ‘ভদ্র’ দর্শকেরা তাই গ্যালারিতে একটু ‘ঢিল-বিনিময়’ করেছিল। ঘটনা এটুকুই হলে কথা ছিল। কিন্তু সীমানা দড়ির কাছে ঢিল পড়লে ৩০ মিনিট বন্ধ থাকে খেলা। গ্যালারির একাংশ খালি করে আবার তা শুরু হলে মাঠের সংঘর্ষ বাইরে গড়ায়। ডজন খানেক গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন পথচারীও আহত হন তাতে। এরই জের হিসেবে কাল সেই প্রেমাদাসা স্টেডিয়ামেই চতুর্থ ওয়ানডেতে কড়া সব ব্যবস্থা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। মদের পাশাপাশি গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে বাঁশি, কাচের বোতল, ধারালো বস্তু, লাইটার ও দেশলাই। ভবিষ্যতে এমন কিছু এড়াতে এক বিবৃতিতে সতর্কও করে দেওয়া হয়েছে সবাইকে, ‘দর্শকদের যেকোনো বিশৃঙ্খল আচরণ কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং প্রয়োজনে বহিষ্কার করা হবে মাঠ থেকে।’ এবার বোধ হয় সুবোধ বালক হয়েই খেলা দেখতে হবে দর্শকদের। এএফপি।