'দাদি'র বাড়ির খাওয়া ভোলেননি টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলীর খেতে বসেছেন শচীন টেন্ডুলকার। ফ্রেমে বাঁধানো স্মৃতি। ছবি: টেন্ডুলকারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
সৌরভ গাঙ্গুলীর খেতে বসেছেন শচীন টেন্ডুলকার। ফ্রেমে বাঁধানো স্মৃতি। ছবি: টেন্ডুলকারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
>এত বছর পর 'দাদি'র বাসার খাওয়ার কথা মনে পড়েছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের

শিরোনাম দেখে যা ভাবছেন, তা নয়। নিজের বা অন্য কারও দাদির বানানো খাবারে মুগ্ধ হননি শচীন টেন্ডুলকার। এই 'দাদি' সৌরভ গাঙ্গুলি।

সতীর্থ থেকে শুরু করে ভক্ত-সমর্থক, অগ্রজ-অনুজ সবাই বর্তমান বিসিসিআই সভাপতিকে 'দাদা' বলে ডাকেন। শচীনই সেখানে চোখে পড়ার মতো ব্যতিক্রম। প্রিয় সতীর্থকে তিনি ডাকতেন 'দাদি'!

'দাদি'র সঙ্গে বাইশ গজে শচীনের যত স্মৃতি, তিনি নিজেও বোধহয় সবগুলো গুণে শেষ করতে পারবেন না। শুধু মাঠের ভেতরেই নয়, যুগের পর যুগ দুজনের বন্ধুত্ব অমলিন থেকেছে মাঠের বাইরেও। সেই বন্ধুত্বেরই কথা মনে করিয়ে দিয়েছেন শচীন, গতকাল ইনস্টাগ্রামে।

দুজনই তখন সদ্য তারকাখ্যাতি পেয়েছেন। ব্যস্ততার মাঝে এক ফাঁকে বন্ধু শচীনকে কলকাতায় নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ। সৌরভের বাড়ির খাওয়া যে শচীন এখনও ভুলতে পারেননি, সেটা বোঝা গেছে পোস্টে, 'দাদির বাড়িতে অসাধারণ এক সন্ধ্যা কাটিয়েছিলাম সেদিন। দুর্দান্ত আতিথেয়তা ও খাবার-দাবারে মুগ্ধ হয়েছিলাম। আশা করি, তোমার মা ভালো আছেন। আমার শ্রদ্ধা তাঁর প্রতি।'

মাঠে দুজনের জুটির কোনো তুলনা ছিল না। সেই অনূর্ধ্ব-১৫ দল থেকে ছিলেন হরিহর আত্মা। শচীন ছিলেন মুম্বাইয়ের, সৌরভ কলকাতার। ভৌগলিক এই দূরত্ব তাঁদের বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ওয়ানডেতে দুজনের পার্টনারশিপ আছে ১৭৬ ম্যাচে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং জুটি মানা হয় শচীন-সৌরভ জুটিকে। নব্বইয়ের দশকে ভারতকে টেনে তোলার পেছনে এ দুজনের অবদানই সর্বাধিক।

দুজন মিলে তুলেছেন ৮২২৭ রান, ৪৭.৫৫ গড়ে। আট হাজার দূরে থাক, ওয়ানডেতে অন্য কোনো জুটি নূন্যতম ছয় হাজার রানও তুলতে পারেনি। গাঙ্গুলি জানিয়েছেন, তখনকার ওয়ানডের নিয়ম এখনকার মতো হলে দুজন মিলে আরও ন্যূনতম চার হাজার রান তুলতে পারতেন।