দাপট ছড়িয়ে ফিরল সেই আঙুল মোড়ানো উদ্যাপন
তাহলে ওই অন ড্রাইভটাই!
৯ বল খেলে ফেললেও তখনো রানের খাতা খোলা হয়নি বেন স্টোকসের। দশম ডেলিভারিতে জেডন সিলসের ইনসুইঙ্গারকে সীমানা পার করলেন চোখধাঁধানো অন ড্রাইভে। ফিল্ডারদের কেউ নড়ার সুযোগও পাননি।
তখনই বোঝা গিয়েছিল, ফর্মে ফিরতে শুরু করেছেন স্টোকস। কিন্তু সেটা যে এতটা দাপটের সঙ্গে, এতটা উজ্জ্বলতা নিয়ে, সেটা বোঝা গেল ইনিংসটা এগিয়ে চলার সঙ্গে—৬ ছক্কা ও ১১ চারে ১২৮ বলে ১২০—হ্যাঁ, টেস্ট শতক! ২০২০ সালের ডিসেম্বরে বাবাকে হারানোর পর স্টোকসের প্রথম শতক। আলাদা কিছু হওয়াই স্বাভাবিক।
বাবার প্রতি স্টোকসের ভালোবাসার কথা সবারই জানা। বাবাকে হারানোর পর মানসিক অবসাদে ভুগেছেন ইংলিশ অলরাউন্ডার। চার মাস ছুটি নেন ক্রিকেট থেকে। অ্যাশেজে ফিরেও ভালো করতে পারেননি।
কিন্তু কাল ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় দিনে ১১৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক তুলে নেওয়ার পর স্টোকসকে দেখা গেল সেই চিরায়ত ভঙ্গিতে। বাঁ হাত তুলে মধ্যমাটি মুড়ে শতক উদ্যাপন করেন স্টোকস।
তাঁর বাবা জেড স্টোকস রাগবি ক্যারিয়ারে মাঝের আঙুলটি হারান। বাবাকে স্মরণ করেই স্টোকসের এই উদ্যাপন। ক্রিকেট মাঠে যেকোনো অর্জনে এটাই স্টোকসের ‘ট্রেডমার্ক’ উদ্যাপন, শুধু বাবার জন্য।
স্টোকসের নিজের কাছেও এই শতকটা বিশেষ কিছু, ‘আলাদা এবং বিশেষ এক অনুভূতি হচ্ছে। গত ১৮ মাসে যা কিছু হয়েছে, সেসব বিচারে বলতে পারি যত শতক পেয়েছি, তার মধ্যে এটা অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। ভারতে গত বছর ৯৯ রানে আউট হয়েছি, মনে হচ্ছিল হৃদয়ে কেউ ছুরিকাঘাত করেছে। স্বার্থপরের মতো কথা বলতে ভালো লাগে না, তবে আকাশে তাকিয়ে উদ্যাপন (বাবার জন্য) করতে ভালোই লেগেছে।’
২০১৭ সালের আগস্ট থেকে এ সময়ের মধ্যে টেস্টে তৃতীয়বারের মতো ন্যূনতম ৫০০ রান করল ইংল্যান্ড। জো রুটের (১৫৩) শতকের পর স্টোকসের শতকে ভর করে কাল ৯ উইকেটে ৫০৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
ওপেনার জন ক্যাম্পবেলকে হারিয়ে ১ উইকেটে ৭১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাম্পবেলকে তুলে নেন ইংল্যান্ডের হয়ে অভিষিক্ত পেসার ম্যাথু ফিশার। ইয়র্কশায়ার দলের এই পেসার ১৪ বছর বয়সে তাঁর বাবা ফিলকে হারান। বাবা এখনো তাঁর প্রেরণার জায়গা।
ফিশারকে নিয়ে স্টোকস বলেছেন, ‘সবারই এমন কিছু না কিছু থাকে, আন্তর্জাতিক ক্রিকেটে সেসব স্মৃতি ফিরিয়েও আনা যায়। অভিষেকের টুপিটা পাওয়ার পর ফিশারের চোখেমুখে উত্তেজনা দেখতে খুব ভালো লাগছিল। এটা তার নিজের জন্য, পরিবার ও বন্ধুবান্ধবের জন্যও বিশেষ উপলক্ষ হয়ে থাকবে।’
ফিশারের টেস্ট অভিষেক নিয়ে তাঁর ভাই মার্কের টুইট, ‘আকাশের তারায় লেখা ছিল বাবার প্রিয় জায়গা বার্বাডোজেই এটা (ফিশারের টেস্ট অভিষেক) ঘটবে। খুব গর্ব লাগছে ভাই, তোমাকে ভালোবাসি।’
২০২০ সালের জুলাইয়ে ম্যানচেস্টারে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৭৬ রানের ইনিংস খেলেন স্টোকস। তারপর তিন সংস্করণ মিলিয়েও কোনো শতক পাননি। ১২ টেস্ট ও ২২ ইনিংসে শতকের দেখা পাননি।
এই শতক দিয়ে নিজের সেরা ফর্মে ফিরলেন কি না—সে প্রশ্নে স্টোকস সরাসরি কিছু বলেননি, ‘আমি জানি না। ব্যাট করে কিছু রান করতে পেরে ভালোই লাগছে। হতাশ লাগেনি আর এসব নিয়ে আমি খুব একটা ভাবিও না। আমি শুধু ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে চাই।’