দাপুটে জয়ে শীর্ষে রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোরবোর্ডে বরিশাল বুলসের দুর্দশার ছবি। নিচে উল্লসিত চট্টগ্রামের দর্শক। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l প্রথম আলো
স্কোরবোর্ডে বরিশাল বুলসের দুর্দশার ছবি। নিচে উল্লসিত চট্টগ্রামের দর্শক। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l প্রথম আলো

বিপিএলের দলগুলো রংপুর রাইডার্সের সঙ্গে একটু সলাপরামর্শ করে নিলেই পারে। খুলনা টাইটানসকে বারবার বাগে পেয়েও হারাতে পারেনি কেউ। কেবল রংপুর কী অনায়াসেই না হারিয়ে চলেছে! ৭ উইকেটের জয়ও আসলে বোঝাতে পারছে না, কাল দুই দলের মধ্যে পার্থক্য কত ছিল।
পুরো ২০ ওভার খেলে টাইটানসরা করেছে মাত্র ১২৫ রান। এই রান তাড়া করতে রংপুরকে খেলতে হলো ১৯ ওভার পর্যন্ত। মনে হতে পারে, কী কঠিন উইকেটেই না খেলা হয়েছে। রংপুরের অলরাউন্ডার জিয়াউর রহমানও বললেন, ‘উইকেট একটু কঠিন ছিল। বল ধরছিল।’ কিন্তু খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ সেটা মানতেই চাইলেন না, ‘না, আমার মনে হয় না। উইকেট খুব ভালো ছিল।’ বিভ্রান্তিকর ব্যাপার-স্যাপার!
আসলে দুটি দলই মূলত বোলিংকে মূল অস্ত্র করে এগোচ্ছে প্রতিযোগিতায়। বোলারদের ম্যাচে বোলাররাই দাপট দেখাল। রংপুরের বোলাররাই সেই দাপটে এগিয়ে থাকলেন। তাতেই ৫ জয়ে সবার শীর্ষে এখন রংপুর। সমান জয়েও রানরেটে অনেক পিছিয়ে থাকায় দুইয়ে খুলনা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের সামনে ৪৪ রানে অলআউট হয়েছিল খুলনা। রংপুরের আঁটসাঁট বোলিংয়ের সামনে কাল আবারও গুটিয়ে থাকল খুলনার ব্যাটিং। আরাফাত সানী ৪ ওভারে ১৬ রান দিয়ে আউট করেছেন দুই ওপেনারকে। রুবেল হোসেন ৪ ওভারে ১৯ রান দিয়ে ফিরিয়েছেন দুই সেট ব্যাটসম্যানকে। উইকেট পাননি; কিন্তু সোহাগ গাজী ২ ওভারে দিয়েছেন মাত্র ৬ রান।
সে তুলনায় খরুচে ছিলেন শহীদ আফ্রিদি। ২ উইকেট নিয়েছেন ৩০ রানে। তবে ফর্মে থাকা মাহমুদউল্লাহ ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন আফ্রিদির বলেই।
ত্রাতা মাহমুদউল্লাহকে না পেয়েই আবার ভগ্নস্বাস্থ্য খুলনার ব্যাটিংয়ে। ৫৫ বলে ৫৬ রানের জুটিতে স্কোরকার্ডকে একটু ভদ্রস্থ রূপ দিয়েছেন রিকি ওয়েসেলস ও তাইবুর রহমান। ওয়েসেলসের ২৭ রান ৩৩ বলে, তাইবুর ৩২ করলেন ৩৭ বলে। ১০০ পেরোতে খুলনাকে তাই অপেক্ষা করতে হলো ১৮তম ওভার পর্যন্ত। শেষ দিকে আরিফুল হক ১৩ বলে ২২ রান না করলে ১২৫-ও তো হয় না।
খুলনা কি একটু বেশিই সতর্ক ছিল? মাহমুদউল্লাহর কণ্ঠে সেই আক্ষেপটা পরিষ্কার, ‘আমাদের আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল। এটা ১৬০-র উইকেট।’
তাড়া করতে নেমে আবারও ব্যর্থ সৌম্য সরকার। কিন্তু সৌম্য দ্রুত ফিরলেও জয় নিয়ে চিন্তায় পড়তে হয়নি রংপুরকে। মোহাম্মদ শেহজাদ (৩৮ বলে ৩৭) ও মোহাম্মদ মিঠুনের (৪১ বলে ৪৯, ১ চার ও ৩ ছক্কা) ব্যাটিং দুশ্চিন্তা করতেই দেয়নি দলটিকে। শেহজাদ আউট হয়ে যাওয়ার পর দ্রুত ২৬ রান তুলে নিজের ম্যাচসেরা হওয়াটা নিশ্চিত করেছেন আফ্রিদি।
তবে ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। ৪ রানেই বেন হাওয়েলের বলে বোল্ড হয়েছিলেন। কিন্তু আম্পায়ারের নো বলের ইশারা বাঁচিয়ে দিল। এক বল পরে আবারও ক্যাচ, সেটাও হাতছাড়া করলেন হাওয়েল। কিন্তু ম্যাচের পরিস্থিতি তখন যা, তাতে ভাগ্য রংপুরকে এই উপকারটুকু না করলেও কিছু হতো না। শেষ পর্যন্ত আফ্রিদি ফিরলেনও, কিন্তু ততক্ষণে রংপুরের জয় কেবল আনুষ্ঠানিকতা। টি-টোয়েন্টির আসল মজা এর অনিশ্চয়তায়। সেটির দেখা মিলল কই!
তবে রংপুরের কাছে এমন দুই পরাজয়েও অসন্তুষ্ট নন মাহমুদউল্লাহ, ‘আমরা এখন পর্যন্ত ভালো খেলেছি।’ সেটা মিথ্যা নয়, শুধু রংপুরের সঙ্গেই পেরে উঠছে না তাঁর দল। খুলনার দুর্বলতা কি তবে শুধু রংপুরই ধরে ফেলেছে? স্মিত হাসিতে মাহমুদউল্লাহর উত্তর, ‘হয়তো!’

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস: ২০ ওভারে ১২৫/৭ (ফ্লেচার ৮, মজিদ ১০, ওয়েসেলস ২৭, মাহমুদউল্লাহ ১১, তাইবুর ৩২, আরিফুল ২২, হাওয়েল ৩, অলক ৩*; আরাফাত ২/১৬, আনোয়ার ০/১৯, ডসন ০/২৭, আফ্রিদি ২/৩০, সোহাগ ০/৬, রুবেল ২/১৯)।
রংপুর রাইডার্স: ১৯ ওভারে ১২৯/৩ (শেহজাদ ৩৭, সৌম্য ৩, মিঠুন ৪৯*, আফ্রিদি ২৬, ডসন ৫*; মোশাররফ ০/২৩, জুনাইদ ১/২৩, হাওয়েল ১/৩১, শফিউল ০/২৩, অলক ০/১৪, মাহমুদউল্লাহ ১/১৪)।
ফল: রংপুর রাইডার্স ৭ উইকেট জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।

চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৮৫/৫ (তামিম ১৯, স্মিথ ৬৯, এনামুল ১১, মালিক ৬৩, নবী ৪, জহুরুল ৭*; তাইজুল ০/৩৮, হায়দার ০/৩৭, কামরুল ২/২৯, এমরিত ১/৪১, পেরেরা ২/৩৭)।
বরিশাল বুলস: ১৮.৪ ওভারে ১০৭ (ম্যালান ৫, নাদিফ ৪, শাহরিয়ার ১, মুশফিক ১৯, মেন্ডিস ১, এমরিত ৬, থিসারা ০, এনামুল ৪২*, তাইজুল ১২, হায়দার ৯, কামরুল ৪; শুভাশিস ২/১৬, নবী ৩/১৬, সাকলাইন ০/১৬, তাসকিন ২/২০, মালিক ১/১৫, ইমরান ১/২৪)
ফল: চিটাগং ভাইকিংস ৭৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শোয়েব মালিক।