দাপুটে ভারতের রূপ দেখল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলাররাই ম্যাচটা ভারতের হাতে এনে দিয়েছেন। ছবি: এএফপি
বোলাররাই ম্যাচটা ভারতের হাতে এনে দিয়েছেন। ছবি: এএফপি

ইন্দোরে ম্যাচটা শেষ হয়ে গেছে আসলে ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিট আগেই। টসে জিতে ভারত ফিল্ডিং নেওয়া মানেই যে ম্যাচে বিজয়ী নিশ্চিত হয়ে যাওয়া এখন। আজও তার উল্টো কিছু দেখা যায়নি। ১৫ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।

ভারতের মাটিতে ভারতকে টি-টোয়েন্টিতে হারানোর একমাত্র উপায় আগে ফিল্ডিং করা। টসে হেরে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কার জয়ের একমাত্র আশা ছিল দুই শ পার করা স্কোর গড়া। কিন্তু পাওয়ার প্লের মধ্যে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা কখনোই রানের গতি বাড়াতে পারেনি। টপ অর্ডারে সবাই ভিত্তি গড়েও ইনিংস বড় করতে পারেননি। বরং ইনিংস যত এগিয়েছে শ্রীলঙ্কার রান তোলার হার তত কমেছে। সর্বোচ্চ ৩৪ রান তুলেছেন কুশল পেরেরা। তিনটি ছক্কা মারলেও ২৮ বলের ইনিংসে ভারতীয় বোলিংকে কখনোই চিন্তায় ফেলতে পারেননি পেরেরা। ধুকে ধুকে ৯ উইকেটে ১৪২ রান তুলেছে লঙ্কানরা।

লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের প্রথম উইকেট জুটিই ম্যাচ নিয়ে আগ্রহ শেষ করে দিয়েছে। ৯ ওভারে ৭১ রান তোলার পর ফিরেছেন রাহুল। ৩২ বলে ৬ চারে ৪৫ রান করেছেন রাহুল। তাঁর সঙ্গী ধাওয়ান বেশ ধীর গতিতে এগিয়েছেন। ২৯ বলে ৩২ রান করা ধাওয়ান বিদায় নিয়েছেন দলকে ৮৬ রানে রেখে। শ্রেয়াস আয়ার (৩৪) ও কোহলি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেননি। ৩৫ বলে ৫১ রান এনে দিয়েছে এ জুটি। আয়ার ফেরার পর ম্যাচ শেষ করে এসেছেন ১৭ বলে ৩০ রান করা অধিনায়ক বিরাট কোহলি।

আগামী ১০ জানুয়ারি সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।