দাবার কৌশল তিনি ব্যবহার করেন বোলিংয়ে!

যুজবেন্দ্র চাহাল খুব সম্ভবত এই মুহূর্তে ভারতে সবচেয়ে আলোচিত নাম। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল চাহাল যা করলেন, তাতে তাঁর নাম না জেনে আর উপায় আছে! ভারতের পক্ষে টি-টোয়েন্টিতে সেরা বোলিংটা করলেন, টি-টোয়েন্টির ইতিহাসেই যেটা তৃতীয় সেরা বোলিং। সবচেয়ে বড় কথা, ১০ বলের মধ্যে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচটার মোড় ঘুরিয়ে দিলেন মুহূর্তে। ২ উইকেটে ১১৯ থেকে আর আর ৮ রান যোগ করতেই অলআউট ইংল্যান্ড!
হরিয়ানার জিন্দে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই লেগ ব্রেক বোলার সম্পর্কে একটি তথ্য কাউকে চমকে দিতে যথেষ্ট। ক্রিকেটার হয়ে ওঠার আগে তিনি দাবাটা খুব ভালো খেলতেন। অনূর্ধ্ব-১২ পর্যায়ে তিনি ছিলেন ভারতের জাতীয় দাবা চ্যাম্পিয়ন!
ভারতের হয়ে এশীয় যুব দাবা প্রতিযোগিতায় খেলেছেন। গ্রিসে খেলেছেন বিশ্ব যুব দাবায়। আর্থিক কারণে দাবা খেলাটা না ছাড়লে কে জানে, তিনি হয়তো বিশ্বনাথন আনন্দের উত্তরসূরিই হতেন।
ক্রিকেটার হয়েও দাবাকে খুব একটা দূরে সরিয়ে রাখেননি চাহাল। তিনি নিজেই বলেছেন, দাবার অভিজ্ঞতা তাঁর অনেক কাজেই লাগে, ‘দাবার অভিজ্ঞতা থেকে আমি প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করার উপায় খুঁজি। আমি ব্যাটসম্যানদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চাই।’
গতকাল ছক্কা খেয়েই বোলিং শুরু করেছিলেন চাহাল। কিন্তু ম্যাচটা শেষ করলেন ৬/২৫-এ। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চড়াও হওয়ার সময় নিজেকে শান্ত রাখার কৌশলটিও তাঁর দাবা থেকে পাওয়া, ‘ব্যাটসম্যানরা যখন চড়াও হয়ে ওঠে, আমি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। আমার দাবা প্রশিক্ষণ আমাকে শিখিয়েছে কীভাবে শান্ত থেকে নিজের দায়িত্ব পালন করতে হয়।’
২০১১ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে নাম লিখিয়েছিলেন চাহাল। আইপিএলে তেমন একটা সুযোগ না পেলেও অধুনালুপ্ত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে তাঁর লেগব্রেক গুগলি বোলিং প্রথম সবার নজরে আসে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চাহাল। এরপর আরও দুই মৌসুম মুম্বাইয়ে খেলার পর চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
ভারতীয় দলে একেবারেই নতুন নন তিনি। ২০১৬ সালেই জিম্বাবুয়ে সফরে খেলেছেন তিনি। দ্বিতীয় সারির দল নিয়ে ভারত সে সিরিজ দাপটের সঙ্গেই জিতেছিল। তবে সেই সিরিজ নিয়ে তেমন আগ্রহ ছিল না কারও। চাহালকে যে ভারতের ক্রিকেটপ্রেমীরাও চিনত, তাও জোর দিয়ে বলা যাবে না। কিন্তু সেই স্বল্পপরিচিত চাহাল এক ম্যাচ দিয়েই এখন আলোচনায়। সামাজিক মাধ্যমের ‘ট্রেন্ড’। দাবার একটা চাল যেমন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়! সূত্র: জিনিউজ।