দাবি জানিয়েছিলেন তাঁরা চারজনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনের একেবারে শেষ প্রান্তে এসে বোমাটা ফাটালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। চোখের সংক্রমণের কারণে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। তাঁর জায়গায় ফিরেছেন মুমিনুল হক।

তার আগে কাল কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে বিসিবি কার্যালয়ে দীর্ঘ সভা হয়েছে সভাপতির। তারও আগে গত পরশু বিকেলে ঘটেছে আরও গুরুত্বপূর্ণ ঘটনা, সম্ভবত সেটাই মুমিনুলকে দলে ফেরানোর পেছনে রেখেছে মূল ভূমিকা।

আগে থেকে ঠিক করা সূচি অনুযায়ী পরশু বিকেলে বিসিবি সভাপতির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন বাংলাদেশ দলের চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সভাপতির সঙ্গে তাঁদের সাক্ষাতের বিষয় অন্য হলেও আলোচনায় উঠে আসে ওই দিন দুপুরেই ঘোষিত অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দল থেকে মুমিনুলের বাদ পড়ার প্রসঙ্গও। নাজমুল হাসান নিজে থেকেই এ ব্যাপারে চার সিনিয়র ক্রিকেটারের মতামত জানতে চান। তিনি প্রশ্ন করেন, তাঁরা দল নিয়ে সন্তুষ্ট কি না। খেলোয়াড়দের সঙ্গে আলোচনার বিষয়টি কাল সভাপতি নিজেও বলেছেন সংবাদ সম্মেলনে।

সুযোগ পেয়ে ক্রিকেটাররাও মনের আগল খুলে কথা বলেছেন দেশের ক্রিকেটের অভিভাবকের সঙ্গে। বোর্ড সভাপতিকে তাঁরা বলেন, মুমিনুল টেস্টের প্রথম একাদশে থাকবেন কি না সেটি পরের কথা। কিন্তু তাঁর মতো একজন খেলোয়াড় ১৪ জনের দলের বাইরে থাকেন কী করে! টানা ১১ টেস্টে ফিফটি করা মুমিনুল খারাপ খেলেছেন মাত্র দুটি টেস্টে। দল থেকে বাদ পড়ার আগে তাঁর আরও সুযোগ প্রাপ্য। তা ছাড়া দল ঘোষণার সংবাদ সম্মেলনে কোচ নিজেও স্বীকার করেছেন, একজন ব্যাটসম্যান হিসেবে যা যা করা দরকার, মুমিনুল তা করছেন। এরপর তাঁর ১৪ জনের দলে থাকা নিয়ে আর কোনো প্রশ্নই থাকতে পারে না। দল নির্বাচনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের একক আধিপত্য এবং নির্বাচক কমিটির ‘পুতুল’-এর ভূমিকা নিয়েও চার খেলোয়াড় সভাপতির কাছে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

মুমিনুলের ব্যাপারে মাশরাফি, মুশফিক, সাকিব ও তামিমের যুক্তির সঙ্গে একমত পোষণ করেন বোর্ড সভাপতিও। পরশু মিনহাজুল আবেদীনের ঘোষিত দলটি যদিও তাঁরই অনুমোদন করা, তবু নাজমুল হাসান নাকি বলেছেন, মুমিনুল বাদ পড়ায় চারদিকে এত কড়া প্রতিক্রিয়া হবে, সেটা নাকি তিনি বুঝতে পারেননি। গত শ্রীলঙ্কা সফরের সময় যেমন বুঝতে পারেননি মাহমুদউল্লাহকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়াটা। মুমিনুলকে দলে না নেওয়ার সিদ্ধান্ত যে খেলোয়াড়েরাও মেনে নিতে পারবেন না, সভাপতি ভাবতে পারেননি এটাও। কোচের দেওয়া ‘গেম প্ল্যানে’ আস্থা রাখতে গিয়েই তিনি ওই দলটা অনুমোদন করেছিলেন।

চার সিনিয়র খেলোয়াড়ের মতামত জানার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান কোচ ও নির্বাচকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আশ্বস্ত করেন তাঁদের। সেটারই ধারাবাহিকতায় কাল বিসিবি কার্যালয়ে দুপুর থেকে বিকেল গড়ানো দীর্ঘ সভা ও মুমিনুলের দলে ফিরে আসা।